দখল-দূষণে মৃতপ্রায় প্রাণসায়ের খাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহস্পতিবার প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সাতক্ষীরার প্রাণ হিসেবে পরিচিত প্রাণসায়ের খাল এখন মৃতপ্রায়। জলকপাট নির্মাণ করে খালের দুই মুখ বন্ধ করে দেওয়ায় খালটি বদ্ধ হয়ে পড়েছে। এতে ফেলা হচ্ছে শহরের ময়লা-আবর্জনা ও জীবজন্তুর মরদেহ। পানির মধ্যে এসব পচে দুর্গন্ধ ছড়াচ্ছে সাতক্ষীরা শহরময়। ফলে শহরটি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। জলকপাট বা স্লুইসগেটের কারণে পানির প্রবাহ না থাকায় পলি জমে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়। প্রতিবছর বর্ষাকালে সাতক্ষীরা শহরে সৃষ্টি হয় ভয়াবহ জলাবদ্ধতা। ফলে শহরবাসীর ভোগান্তির শেষ থাকে না। অথচ একসময় সাতক্ষীরার ব্যবসা-বাণিজ্যের অন্যতম যোগাযোগমাধ্যম ছিল প্রাণসায়ের খাল। তখন এ খালে লঞ্চ ও নৌকা চলাচল করত। আজ এর কিছুই হচ্ছে না।

তবে শুধু সাতক্ষীরার প্রাণসায়ের খাল নয়, সারা দেশের এ রকম অনেক খাল, নদী দখল-দূষণের কবলে পড়ে হারিয়ে যাচ্ছে। খাল ও নদীর তীরে স্থাপিত শিল্প-কারখানার বর্জ্যে বিষাক্ত হচ্ছে পানি। অন্যদিকে তীর দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় সংকুচিত হচ্ছে সেগুলো। তবে আশার কথা হচ্ছে, বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও সচেতন নাগরিকদের মানববন্ধনসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচির ফলে অনেক খাল ও নদী দখলমুক্ত হয়েছে।

প্রাণসায়ের খাল উদ্ধারের জন্য সাতক্ষীরার সচেতন নাগরিক কমিটির আন্দোলন সাফল্যের মুখ দেখবে, আমরা এমনটাই প্রত্যাশা করি। খালটিকে দখলমুক্ত করে পানি নিষ্কাশনের দ্বার উন্মুক্ত করার পাশাপাশি খননের দাবি শহরবাসীর দীর্ঘদিনের। কিন্তু কর্তৃপক্ষের নিস্পৃহতায় তাদের সে দাবি আলোর মুখ দেখেনি আজও। সাতক্ষীরা জেলা প্রশাসনের উচিত অবিলম্বে যথাযথ উদ্যোগ নিয়ে এই খাল দখলমুক্ত করে শহরবাসীর ভোগান্তি দূর করা।