দখলবাজি রোধের সামর্থ্য কি প্রশাসনের নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়নের ছোঁয়া লেগেছে গোটা কক্সবাজারে। ছোট-বড় অনেকগুলো প্রকল্পে রীতিমতো পাল্টে যাচ্ছে দেশের সমুদ্রতীরবর্তী এ জেলা। সেসব প্রকল্পে কম জর্জরিতও নয় অঞ্চলটি। যার সবচেয়ে বড় প্রভাব পড়েছে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর। উন্নয়নের জোয়ারে নানা অনিয়ম ও দখলবাজির মহোৎসব চলছে যেন। যার সাম্প্রতিক নমুনা কক্সবাজার সদর মডেল থানার অদূরেই বাঁকখালী নদীর তীরে কস্তুরাঘাট এলাকায় নিধনের শিকার হচ্ছে প্যারাবন। বালু ফেলে জলাভূমি ভরাটের পর প্লট বানিয়ে বিক্রিও শুরু হয়ে গেছে। বলতে গেলে প্রশাসনের একেবারে চোখের সামনেই পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড ঘটছে।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হচ্ছে। সেটি শেষ হওয়ার আগেই শুরু হয়েছে নদীতীরের প্যারাবন দখল। সংযোগ সড়কের পাশে প্রায় ৩০০ একর এলাকার প্যারাবন উজাড় করে তৈরি হয়েছে শতাধিক ঘরবাড়িসহ নানা স্থাপনা। গাছপালা উজাড় হওয়ার কারণে দুই শতাধিক প্রজাতির পাখির আবাসস্থল ও জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। জলাভূমি ভরাটের কারণে সংকুচিত হয়ে পড়েছে নদীর গতিপথ। স্থানীয় পরিবেশকর্মীদের ভাষ্য, গত দুই মাসে সংযোগ সড়কের পাশে ৪০ হাজার কেওড়া ও বাইনগাছ কেটে এসব স্থাপনা তৈরি করা হয়েছে। স্থাপনাগুলো পাহারা দেওয়ার জন্য রাখা হয়েছে লোকও। এসব বন্ধে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর তৎপর না থাকার সুযোগে উজাড় করা প্যারাবনের জমিতে প্লট বানিয়ে দখলদারেরা হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা।

এক দশক আগে জাপানি একটি সংস্থার সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর এ প্যারাবন (ম্যানগ্রোভ) গড়ে তুলেছিল। এসব কেওড়া ও বাইনগাছ ঝড়-জলোচ্ছ্বাস থেকে উপকূলকে রক্ষা করত জানিয়ে পরিবেশকর্মীরা বলেন, প্যারাবনের গাছ কেটে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে। গাছের গোড়া যেন দেখা না যায়, সে জন্য পাহাড় কাটার মাটি এবং ড্রেজার মেশিনে নদী থেকে বালু উত্তোলন করে ফেলা হচ্ছে প্যারাবনের বিরানভূমিতে।

বাঁকখালীর নুনিয়াছটা থেকে মাঝেরঘাট পর্যন্ত কক্সবাজার পৌরসভার প্রায় সাত কিলোমিটারজুড়ে চলছে দখল-বাণিজ্য। পরিবেশ অধিদপ্তর বলছে, দখলদারদের বিরুদ্ধে মামলা করে, অভিযান চালিয়েও প্যারাবন দখল বন্ধ করা যাচ্ছে না। নিয়মিত অভিযান চালানোর মতো পর্যাপ্ত লোকবলেও অভাব আছে। অন্যদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ বলেন, কতিপয় দখলদার প্যারাবনের বিপরীতে কাগজ প্রদর্শন এবং উচ্চ আদালতের নিষেধাজ্ঞা নিয়ে আসায় অভিযান পরিচালনায় সমস্যা হচ্ছে। তবে কি দখলদারদের কাছে নতিস্বীকার করছে স্থানীয় প্রশাসন? একটি প্যারাবন রক্ষার সামর্থ্যও তাদের নেই!