দখলবাজিতে ঐক্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতিতে বিপরীতমুখী অবস্থানে থাকলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির নেতাদের মধ্যে এক অভূতপূর্ব ঐক্য দেখা গেল বরিশালের গৌরনদী উপজেলায়। সেখানকার খাঞ্জাপুর ইউনিয়নে একযোগে একটি খাল দখলে নেমেছেন তাঁরা। ইতিমধ্যে গড়ে তুলেছেন অবৈধ স্থাপনা। খালটির ওপর নির্ভর করে থাকেন ১৫টি গ্রামের কৃষক। করোনা পরিস্থিতির মধ্যে রাজনীতির অচলাবস্থায় প্রাকৃতিক একটি খাল ধ্বংসে নেমে এভাবেই নিজেদের সচল রেখেছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক।

বরিশাল মানে আমাদের চোখের সামনে ভেসে ওঠে জীবনানন্দ দাশের কবিতা। নদীর দেশ, ধানের দেশ। খাল, বিল, নদী, ফুল, পাখির অনন্য এক নৈসর্গিক ক্যানভাস। তাকে ঘিরেই মানুষের বহুমাত্রিক জীবনযাত্রা। যদিও কালের পরিক্রমায় এতে এসেছে মলিনতা, লেগেছে আধুনিক জীবনের ছোঁয়াও। এরপরও এখনো বরিশালের প্রত্যন্ত এলাকার ব্যবসায়ী ও কৃষকেরা ফসল ও পণ্য পরিবহনের জন্য নদী ও খালপথের ওপর অনেকটা নির্ভরশীল।

প্রথম আলোর প্রতিবেদনে জানা যায়, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ব্যবসায়ী ও কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষেরহাট নামে খালটি। কয়েকটি বাজারের ব্যবসায়ীরা এ খাল দিয়ে মালপত্র পরিবহন করেন। দুই উপজেলার ১৫টি গ্রামের কৃষকেরাও ফসল পরিবহনে খালটি ব্যবহার করেন। বোরো চাষেও ব্যবহৃত হয় এ খালের পানি। অথচ খালের বাকাই বন্দর অংশে প্রায় দুই কিলোমিটার এলাকা দখল করে শতাধিক পাকা, আধা পাকা ভবন এবং দোকান নির্মাণ করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মী এবং প্রভাবশালী লোকজন। দুই বড় দলের নেতা-কর্মীরা খাল দখলে একজোট হওয়ায় প্রতিবাদ জানিয়েও সুবিধা করতে পারছেন না সাধারণ এলাকাবাসী।

দখলদারদের মধ্যে রয়েছেন খাঞ্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন হাওলাদার, ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ড কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি কুদ্দুস মাতুব্বর, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আইয়ুব আলী হাওলাদার, আতা বালী, বাবুল ব্যাপারী, আবুল মাতুব্বর, বাবুল শেখ, বিবেক গাইন ও সাবেক ছাত্রলীগ নেতা রাজীব মাতুব্বর, খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সহসম্পাদক রিপন সরদার, বিএনপির প্রচার সম্পাদক জিয়া ফকির, সদস্য নুরুজ্জামান সরদার ও বাদল মিয়া। পৈতৃক জমি বা পারিবারিক সম্পত্তি বা লিজ নেওয়া জমির নামে খাল দখলে নেমেছেন তাঁরা সবাই।

উপজেলা ও ইউনিয়ন ভূমি কার্যালয়ের একাধিক কর্মকর্তা বলেছেন, পূর্ব বাকাই মৌজার এ খালের রেকর্ডের মালিক সরকার। ওই জমিতে কোনো ব্যক্তির মালিকানাস্বত্ব নেই। খাল বা খালের পাশে যেসব স্থাপনা রয়েছে, সবই অবৈধ। গৌরনদীর ইউএনও বিপিন চন্দ্র বিশ্বাস বলেছেন, ‘দখলদারেরা যে–ই হোক না কেন, কাউকে জনস্বার্থবিরোধী কাজ করতে দেওয়া হবে না।’ তিনি এখন কী ব্যবস্থা নেন, সেটাই দেখার বিষয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খালটি দখলমুক্ত হোক, সেটাই আমাদের প্রত্যাশা।