দখলবাজিতে প্রধানমন্ত্রীর নাম ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি মনোয়ার ইসলাম ওরফে মুকুল বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একখণ্ড জমি কিনেছেন। উপজেলা পরিষদের গেটসংলগ্ন শূন্য দশমিক ০১২১ একর জমি তিনি কিনেছেন উপজেলার বড়ঘোপ গ্রামের জনৈক আবদুল কাদেরের কাছ থেকে। কুতুবদিয়ার সাব-রেজিস্ট্রার এস এ রেজাউল করিমের ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনার নামে জমিটি কেনা হয়েছে আওয়ামী লীগের কার্যালয় স্থাপনের কথা বলে।শেখ হাসিনার নামে মাত্র এক শতাংশ জমি কিনেছেন একটি উপজেলার শ্রমিক লীগের সভাপতি—এটি তেমন খবর নয়। খবর হচ্ছে, ওই জমির পাশে প্রায় ৭০ লাখ টাকা দামের একটি মার্কেট জবরদখল করেছেন তিনি। দখলিস্বত্ব পাকাপোক্ত করার মানসে সেখানে টাঙিয়েছেন ‘কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়’ সাইনবোর্ড। কৌশলটি বেশ মোক্ষমই বটে: প্রধানমন্ত্রীর নামে যৎসামান্য পরিত্যক্ত জমি কিনে তার পাশের মূল্যবান জায়গায় দখল কায়েম করা। মনোয়ার ইসলাম এক শতাংশ জমির পাশে যে মার্কেটটি জবরদখল করেছেন, সেটি আট শতাংশ জমির ওপর, পাঁচটি দোকানও আছে সেখানে।মার্কেটের মালিক মনজুর আলম কুতুবদিয়া ছেড়ে এখন কক্সবাজারে। থানায় অভিযোগ করার সাহস পাননি; মার্কেট উদ্ধারের আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কাছে চিঠি লিখে। কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছৈয়দ আহমদ কুতুবী বলেছেন, সেখানে আওয়ামী লীগের কার্যালয় নির্মাণের জন্য শেখ হাসিনার নামে জমি কেনার সিদ্ধান্ত সংগঠন নেয়নি, মনোয়ার হোসেন একক সিদ্ধান্তে ওই কাজ করেছেন।স্থানীয় পুলিশ বলছে, তাদের কাছে কেউ অভিযোগ করেনি বলে তারা কোনো আইনগত পদক্ষেপ নেয়নি। অন্যায়ের শিকার মনজুর আলম মামলা করার সাহস পাচ্ছেন না; কিন্তু অন্যায়ের প্রতিকার তিনি চান এবং অবশ্যই তাঁর তা পাওয়ার অধিকার রয়েছে। তাঁর মার্কেট উদ্ধারের জন্য স্থানীয় পুলিশের প্রতি নির্দেশ যাওয়া উচিত প্রধানমন্ত্রীর কাছ থেকে। আর আওয়ামী লীগ ও তার সভানেত্রীর ভাবমূর্তি রক্ষার স্বার্থে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে মনোয়ার ইসলামের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া জরুরি।