দখলমুক্ত করতে পদক্ষেপ নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমআলোর খবরে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের পেছনের অংশ থেকে শুরু করে টানা দক্ষিণ দিকের পুরোটা অংশে এবং বিপরীত দিকে গড়ে উঠেছে শতাধিক মোটর গ্যারেজ। আধা পাকা স্থাপনাও রয়েছে। সামনের খোলা রাস্তায় গাড়ির যন্ত্রপাতি বিছিয়ে স্বাধীনভাবে ব্যবসা চলছে। এ জন্য প্রায়ই দেখা যায়, গ্যারেজে মেরামতের জন্য আনা গাড়ি জায়গা না পেয়ে রাস্তার ওপরই বিশৃঙ্খলভাবে রাখা হচ্ছে। গাড়ি পার্কিংয়ের কোনো নিয়ম না থাকলেও ৮০ ফুট রাস্তার এক পাশে মতিঝিল-দিলকুশা অফিসপাড়ার সরকারি স্টাফ বাস পার্ক করা হয়।

প্রথমআলোর খবর থেকে আরও জানা যায়, ওই এলাকায় ১৫ একরের মতো জায়গা ছিল। এর মধ্যে সিটি করপোরেশনের কমিউনিটি সেন্টার করার জন্য কিছু জমি আগেই বরাদ্দ দেওয়া হয়। একটি বেসরকারি কনস্ট্রাকশন কোম্পানির মালামাল রাখার জন্য কিছু জমি ইজারা দেওয়া হয়। বাকি প্রায় ১০ একর জায়গা জবরদখল হয়ে গেছে। এভাবে সরকারি জমি দখল হচ্ছে, অথচ দেখার যেন কেউ নেই।

রাজধানীর সড়ক-ফুটপাত নগরবাসীর চলাচলের জন্য। এসব জায়গা দখল করে গাড়ি পার্কিং বা অন্য কোনো স্থাপনা গড়ে তোলার কোনো সুযোগ নেই। এভাবে সরকারি জায়গা দখল করে যাঁরা ব্যবসা করছেন, তাঁদের উচ্ছেদ করে এসব জায়গা দখলমুক্ত করতে হবে। এ ব্যাপারে ঢাকা ট্রাফিক বিভাগ, রাজউকসহ সংশ্লিষ্ট সবাইকে খুব দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সড়ক ও ফুটপাতকে কোনো বিশেষ মহলের ব্যক্তিগত বা ব্যবসায়িক কাজে ব্যবহৃত হতে দেওয়া যাবে না।