বাংলাদেশের নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে মসজিদ, মন্দিরসহ আগেরকালের রাজা-জমিদারদের নানা স্থাপনা। ইতিহাস-ঐতিহ্যের অংশ হিসেবে এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেসব স্থাপনার অনেক কিছুই প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষণ করার উদ্যোগ নিয়েছে। আবার অনেক নিদর্শন এখনো তাদের নজরের বাইরেই থেকে গেছে। ফলে সেগুলোর অনেক কিছুই বিনষ্ট হয়ে গেছে, দখলও হয়ে গেছে। তেমনই একটি নিদর্শন ঝিনাইদহের নলডাঙ্গার রাজবাড়ি। ষোলো পুরুষের জমিদারির মূল বাড়িটি ধ্বংস করে সেখানে গড়ে তোলা হয়েছে ইটের ভাটা। এখন কিছু মন্দির, পুকুর, ঘাটসহ অন্যান্য স্থাপনা টিকে আছে। সেগুলো রক্ষার দাবিতে গত বুধবার রাস্তায় নেমে সমাবেশ ও মানববন্ধন করেছেন কয়েক শ এলাকাবাসী।
স্থানীয় ইতিহাস থেকে জানা যায়, ষোলো শতকের শেষ দিকে মোগল সুবাদার মানসিংহ বঙ্গ বিজয়ের পর নলডাঙ্গা রাজপরিবারের গোড়াপত্তন ঘটে। পরবর্তী সময়ে বাংলার নবাব কর্তৃক উপাধিপ্রাপ্ত হয়ে ওই জমিদারের বংশধরেরা ‘নলডাঙ্গার রাজা’ হিসেবে অভিহিত হন। সেই সময়ে মামুনশাহী পরগনার বড় অংশসহ বিশাল এলাকা নলডাঙ্গার রাজার অধীনে ছিল। নলডাঙ্গার সর্বশেষ রাজা প্রমথ ভূষণ দেবরায় ১৯৬১ সালের দিকে সপরিবার দেশ ত্যাগ করেন। আন্দোলনকারীরা জানান, জমিদারদের ফেলে যাওয়া বিপুল সম্পত্তি শত্রুসম্পত্তি (ভিপি) হিসেবে ঘোষণা করেছিল সরকার। তবে বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এসব সম্পত্তির সঠিক কোনো হিসাব পাওয়া যাচ্ছে না।
রাজবাড়ির সম্পত্তি কালীগঞ্জের কয়েকটি প্রভাবশালী পরিবার পর্যায়ক্রমে দখল করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। তাদের মধ্যে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম রফি উদ্দিন আহম্মদের দখলে রয়েছে মূল বাড়ির অংশ। বিশাল বাড়িটির শতাধিক কক্ষ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে একটি ইটভাটা প্রতিষ্ঠা করা হয়েছে। আবদুর রহমান নামের এক ব্যক্তি জায়গাটি লিজ নিয়ে আর কে ব্রিকস নামের একটি ইটভাটা প্রতিষ্ঠান করে তুলেছেন।
কালীগঞ্জের সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু বলেন, তাঁরা রাজবাড়ির জায়গা ও অবশিষ্ট নিদর্শন রক্ষার জন্য আন্দোলনে নেমেছেন। এটা সরকারি তথা এলাকার মানুষের সম্পদ। দখলদারদের কবল থেকে মুক্ত করা হোক। সেখানে কোনো পর্যটনকেন্দ্র গড়ে তোলা যেতে পারে। এ ছাড়া আশপাশে কোনো সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নেই, এ জায়গাতেই সেটি হতে পারে। একটি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠার দাবিও করে আসছেন স্থানীয় লোকজন।
স্থানীয় সহকারী ভূমি কর্মকর্তা বলেন, জমিদারবাড়ির জমি সব ব্যক্তিমালিকানায় চলে গেছে। ফেরতের জন্য চেষ্টা করা হচ্ছে। দখলদারেরা কাগজপত্র আছে বলে দাবি করেন। তবে তাঁরা এসব দেখাতে পারেন না। আমরা স্থানীয় প্রশাসনকে এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নিতে আহ্বান করছি।