দগ্ধ চা-দোকানির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ সম্পর্কে ভীতিকর সংবাদ আসা বন্ধ হচ্ছে না। এবার রাজধানীর মিরপুরে চাঁদা না পেয়ে এক চা-দোকানিকে লাথি মেরে কেরোসিনের গরম চুলায় ফেলে পুড়িয়ে হত্যার অভিযোগ এসেছে। ওই দোকানি আগেই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার কাছে নালিশ করেছিলেন। কিন্তু কোনো নালিশি তঁাকে রক্ষা করতে পারেনি। এক পুলিশ কর্মকর্তার রোষের কারণেই শেষ পর্যন্ত তঁাকে জীবন দিতে হলো।
তাই, হতভাগ্য চা-দোকানি বাবুল মাতবরের পরিবারের ফরিয়াদ সরকারকে শুনতে হবে। ঘটনাটি জনসমক্ষে ঘটেছে, তদন্ত সাপেক্ষে এর বিচার করা কোনো কঠিন কাজ নয়। গত এক মাসের মধ্যেই বেশ কিছু অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক কর্মকর্তাকে মারধর, সচিবের ছেলেকে ইয়াবা ধরিয়ে জিম্মি করা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্তা করা। ধারণা করা হয় যে প্রকাশিত ঘটনাগুলো বরফপাহাড়ের ভাসমান চূড়ামাত্র, তলায় আরও অনেক কিছুই আছে।
পুলিশ বাহিনীর হাজার হাজার সদস্য। দিনরাত তাঁদের কষ্টকরভাবে দায়িত্ব পালন করতে হয়। এমন একটি সংস্থার কিছু লোক অন্যায়-অনিয়মে জড়িয়ে পড়লে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিকল্প নেই। কিন্তু বারবার অন্যায়গুলো ঘটতে থাকলে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে সাফাই গাইতে থাকলে পরিস্থিতির অবনতির আশঙ্কা আছে। তদুপরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শৃঙ্খলা না মানলে সাধারণ মানুষই তাঁদের প্রতি কীভাবে আস্থা রাখবেন।
পুলিশ বাহিনীর নৈতিক মনোবল ও আইনের প্রতি শ্রদ্ধায় যে চিড় ধরছে, তা সাধারণভাবে মানবাধিকার পরিস্থিতির দিকে চোখ রাখলেই বোঝা যায়। নির্যাতন করে তথ্য কিংবা অর্থ আদায়, পথে–ঘাটে হেনস্তা করা এবং অপরাধ দমনে ব্যর্থতা
এসবেরই পরিচয়। মিরপুরের ঘটনায় ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এতে প্রমাণিত হয়, সংশ্লিষ্ট থানা ও পুলিশ কর্মকর্তারা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বাড়াবাড়ি করেছেন।
আমরা আশা করব, পুলিশ দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় অপরাধীদের আইনের হাতে সোপর্দ করে পুলিশ বাহিনীর মনোবল এবং জনগণের আস্থা অর্জনে সচেষ্ট থাকবে।