সংবিধানের ৪৯ অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমার অধিকারের কথা লেখা থাকলেও বাস্তবে তা প্রয়োগ করেন সরকারপ্রধান। খুনের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ ওরফে জোসেফের সাজা মওকুফের আবেদন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আইন মন্ত্রণালয়ের মতামত ও প্রধানমন্ত্রীর অনুমোদনের পরে তা রাষ্ট্রপতির কাছে যাবে। শুধু একটি মন্ত্রণালয়ের মতামত দ্বারা চালিত হলে এ বিষয়ে ভুল হওয়ার আশঙ্কা থেকেই যায়।
২০১৪ সালে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে তথ্য দিয়েছিলেন যে ২০০৯ থেকে ২০১৩ সালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ২৬ জনকে মার্জনা করা হয়েছে, অথচ এর আগের ২৬ বছরে ক্ষমা পেয়েছেন মাত্র চারজন। দণ্ড মওকুফের এই হিড়িকের মধ্যে আমরা অস্বস্তির সঙ্গে লক্ষ করছি যে এ বিষয়ে সরকারের তরফে কোনো দিকনির্দেশনা সৃষ্টির চিন্তাভাবনা পর্যন্ত নেই।
লক্ষ্মীপুরের বিতর্কিত আওয়ামী লীগ নেতা আবু তাহেরপুত্র বিপ্লবের মৃত্যুদণ্ড রহিত করার পর পর্যায়ক্রমে তাঁর কারাবাসের মেয়াদ কমানোর অবিশ্বাস্য উদ্যোগের খবর আমরা জেনেছি। অথচ এক ব্যক্তিকে দুবার ‘ক্ষমা’ করা যায় না। খুনের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া ফরিদপুরের যুবলীগ নেতা আসলাম ফকিরের ফাঁসি কার্যকরের আগ মুহূর্তে দণ্ড কমানোর বিস্ময়কর ঘটনাও আমরা দেখেছি। এসব ক্ষেত্রে যে সরকারের রাজনৈতিক বিবেচনা কাজ করেছে, তা স্পষ্ট।
সংবিধান রাষ্ট্রপতিকে ক্ষমা করার যে অধিকার দিয়েছে, সে বিষয়ে হাইকোর্ট ২০১২ সালে এক মাইলফলক রায়ে এই ক্ষমতা অনুশীলনে যে গাইডলাইন দিয়েছিলেন, তা বর্তমান বাস্তবতায় খুবই জরুরি বলে মনে হয়।
ওই গাইডলাইনের মূলনীতিগুলো ভারতের সুপ্রিম কোর্টের দেওয়া একাধিক নন্দিত রায়ের ভিত্তিতে প্রণীত হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, ২০১৩ সালের ডিসেম্বরে আপিল বিভাগে তার কার্যকরতা স্থগিত হওয়ার পর আর মামলাটির শুনানি হয়নি। রাষ্ট্রপক্ষের উচিত এ ব্যাপারে দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া। দলীয় বা সংকীর্ণ বিবেচনায় ক্ষমা বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসনের পরিপন্থী।