দণ্ডিত নেতা মঞ্চে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ ইউনেসকোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার ঘটনাটি গোটা দেশের জন্য আনন্দদায়ক। এই উপলক্ষে বিভিন্ন স্থানে সমাবেশ ও আনন্দ মিছিল বের হয়েছে, যেখানে সরকারি কর্মচারীদের পাশাপাশি আওয়ামী লীগের নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিয়েছেন। কিন্তু এ ধরনের কোনো সমাবেশের মঞ্চে কীভাবে অস্ত্র মামলার দণ্ডিত আসামি বক্তব্য দেন, সেটা বড় প্রশ্ন বটে। দণ্ডিত আসামির তো কারাগারে থাকার কথা, মঞ্চে নয়।

পত্রিকার খবর অনুযায়ী, গত শনিবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসন আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অস্ত্র মামলার দণ্ডিত আসামি সাইফুল ইসলামও বক্তৃতা দেন। এই মঞ্চে ইউএনও, থানার ওসিসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতেই পলাতক আসামি বক্তৃতা দিয়েছেন।

এ ব্যাপারে ইউএনও কিংবা থানার ওসি যে সাফাই গেয়েছেন, তা-ও গ্রহণযোগ্য নয়।
ইউএনও বলেছেন, তিনি সমাবেশে বক্তৃতা দিয়ে চলে গেছেন, তাই সাইফুল ইসলাম বক্তৃতা দিয়েছেন কি না, তিনি তা জানেন না। আর থানার ওসি তাঁর (দণ্ডিত নেতা) কারাদণ্ড-সম্পর্কিত কাগজপত্র না পাওয়ার অজুহাত দেখিয়েছেন।

সাইফুল এর মাধ্যমে দুটি অপরাধ করেছেন। প্রথমত, জামিন নিয়ে আদালতে হাজির না হওয়া, দ্বিতীয়ত, দণ্ডিত হওয়ার পরও আদালতের আদেশ উপেক্ষা করা। অন্যদিকে থানা-পুলিশ একজন দণ্ডিত-পলাতক ব্যক্তিকে না ধরে দায়িত্বে অবহেলা করেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতারাও স্বীকার করেছেন, সাইফুলের কারণে দলের ও সরকারের বদনাম হয়েছে। কিন্তু দল ও সরকারের বদনাম ঘোচানোর কোনো উদ্যোগ তাঁরা নেননি। কীভাবে দণ্ডিত ব্যক্তি দলের পদ আঁকড়ে আছেন এবং প্রকাশ্য সমাবেশে বক্তৃতাও দিলেন? এই প্রশ্নের উত্তর তাঁদের দিতেই হবে।

আইন নিজস্ব গতিতে চলবে বলে সরকারের নীতিনির্ধারক ও ক্ষমতাসীন দলের নেতারা প্রায়ই দেশবাসীকে নসিহত করেন। এখানে তার ব্যতিক্রম ঘটল কেন? আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর এই অপসংস্কৃতি বন্ধ হোক। থানা-পুলিশের কর্তব্য হবে অবিলম্বে পলাতক-দণ্ডিত সাইফুলকে আটক করে জেলখানায় পাঠানো। একই সঙ্গে, দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তাদেরও জবাবদিহির ব্যবস্থা চাই।