বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের কাছে আমরা কী আশা করি? তিনি হবেন উচ্চতর নৈতিক ও মানবিক মূল্যবোধের অধিকারী। কোনো ধরনের অন্যায় তাঁকে স্পর্শ করবে না। কিন্তু একজন শিক্ষক যখন যৌন নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধ সংঘটিত করেন, তখন আর তিনি শিক্ষক থাকেন না। এই প্রেক্ষাপটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের শিক্ষক এ কে এম আনিসুজ্জামানকে চাকরি থেকে অপসারণের ঘটনা ন্যায়বিচারের প্রকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ পাওয়ার পর দীর্ঘ সময় ধরে তদন্ত করে যখন এর পক্ষে অকাট্য তথ্য–প্রমাণ পেয়েছে, তখনই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই অভিযোগে শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের বিস্তর অভিযোগ উঠলেও কারও বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নজির দেখা যায় না। সেদিক থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধন্যবাদ পেতে পারে। তবে অপরাধীর শাস্তিই একমাত্র সমাধান নয়, ক্যাম্পাসে যাতে এ ধরনের ঘটনা না ঘটতে পারে, সে জন্য প্রক্টরিয়াল ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির পরিপ্রেক্ষিতে মাননীয় উচ্চ আদালত প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আচরণবিধি তৈরির নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু খুব কম ক্ষেত্রেই এ ধরনের আচরণবিধি কার্যকর রয়েছে। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এই আচরণবিধি তৈরি এবং তা প্রতিপালন নিশ্চিত করা জরুরি।
কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কিন্তু ওই শিক্ষক যা করেছেন, সেটি ফৌজদারি অপরাধও। অতএব, তাঁর বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।