দরকার সমন্বিত পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা নগরের যানজট নিরসন নিয়ে আর কত সম্পাদকীয় লিখতে হবে, আমরা তা জানি না। সংকট এমন পর্যায়ে চলে গেছে যে মনে হয়, এর হাত থেকে আমাদের নিস্তার নেই। যানজট নিরসনে অনেকেই বিভিন্ন প্রস্তাব দিয়েছেন। প্রধানমন্ত্রীর দপ্তরে এ নিয়ে সভাও হয়েছে। এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত বছর ডিএনসিসিকে নির্দেশনা দেওয়া হয়, প্রকৌশলী কামরুল হাসানের প্রস্তাবিত পদ্ধতিটি পরীক্ষামূলকভাবে চালু করা হোক। কিন্তু এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও ডিএনসিসি তা করেনি।
যানজট নিরসনের এটাই সবচেয়ে কার্যকর পদ্ধতি, বিষয়টি হয়তো এমন নয়। কিন্তু তা পরীক্ষা করে দেখতে দোষ কী! ডিএনসিসি তা না করে গাজীপুর থেকে হাতিরঝিল পর্যন্ত ৩০ কিলোমিটার রাস্তায় ২২টি ইউলুপ নির্মাণের প্রস্তাব দিয়েছে। এর জন্য প্রচুর টাকা ব্যয় হবে। যদিও প্রকৌশলী কামরুল হাসান বলেছিলেন, তাঁর প্রস্তাবিত পদ্ধতি বাস্তবায়নে নতুন অবকাঠামো নির্মাণের প্রয়োজনীয়তা নেই। ফলে তাতে খুব একটা টাকাও লাগবে না।
ট্রাফিক–ব্যবস্থার এই বিশৃঙ্খলার জন্য ঢাকা নগরে মানুষের চলাচলও কঠিন হয়ে উঠেছে। এই শহরের ট্রাফিক সিগন্যাল কাজ করে না। ট্রাফিক পুলিশের হাতের ইশারায় চলে যানবাহন। রাস্তা থেকে জেব্রা ক্রসিংয়ের দাগ উঠে যাচ্ছে। এমনকি অনেকে এটাও জানে না, জেব্রা ক্রসিং কী জিনিস!
একটি দেশের রাজধানী শহর তো এভাবে চলতে পারে না। এই বিশৃঙ্খলা আমাদের যাপিত জীবন ও অর্থনীতির জন্য ক্ষতিকর। এর জন্য মানুষ যেমন নানা রোগে আক্রান্ত হচ্ছে, তেমনি মোট দেশজ উৎপাদনের ওপরও এর প্রভাব পড়ছে। কারণ, বর্তমানে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩৬ শতাংশ আসছে ঢাকা থেকেই, যার পরিমাণ ৭ হাজার ৮০০ কোটি ডলার। অর্থাৎ দেশের সব কর্মকাণ্ড ঢাকাকেন্দ্রিক করা মোটেও বাস্তবসম্মত নয়। তাই বিকেন্দ্রীকরণের বিকল্প নেই। অন্যদিকে একটি শহর কীভাবে চলবে, তার জন্য সমন্বিত পরিকল্পনা থাকা দরকার। তা না থাকলে যে কী হয়, সেটা তো আমরা চোখের সামনে দেখতেই পাচ্ছি।