দরিদ্র নারীদের সেলাই মেশিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মহিলাবিষয়ক অধিদপ্তরের মাধ্যমে গ্রামীণ দরিদ্র নারীদের মধ্যে পা-চালিত সেলাই মেশিন বিতরণের যে কর্মসূচি ১৯৯৯ সাল থেকে পরিচালিত হচ্ছে, তা বাস্তবায়নে কিছু সমস্যার কথা অধিদপ্তর সূত্রেই জানা গেল। সমস্যাগুলো আমলাতান্ত্রিক, যেগুলো অতিক্রম করে সেলাই মেশিন হাতে পাওয়া অনেক দরিদ্র নারীর ক্ষেত্রে অসম্ভবও হতে পারে।প্রথমত, সেলাই মেশিন পেতে ইচ্ছুক দরিদ্র নারীকে আবেদন করতে হয় সরাসরি মন্ত্রী বরাবর। তাঁকে দেড় শ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প সংগ্রহ করে তাতে অঙ্গীকারনামা দাখিল করতে হয়, সেই অঙ্গীকারনামায় স্থানীয় সাংসদের সুপারিশ থাকতে হয়। আর বরাদ্দ পেলে সেলাই মেশিনটি সংগ্রহ করতে আসতে হয় ঢাকায়। অনেক দূরের প্রত্যন্ত গ্রাম থেকে কোনো দরিদ্র নারীর পক্ষে ঢাকা আসা ব্যয়সাপেক্ষ এবং কষ্টসাধ্যও বটে।দেখা যাচ্ছে, এই কর্মসূচির জন্য সরকার প্রতিবছর যতগুলো সেলাই মেশিন কেনে, তার সবই বিতরণ হয় না। এভাবে প্রতিবছর বিতরণ না করা সেলাই মেশিন জমে উঠছে। এখনো এক হাজার ২৩৯টি সেলাই মেশিন মহিলাবিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে পড়ে আছে।অধিদপ্তরের কিছু কর্মচারীর সূত্রে এও জানা গেছে, অনেক নারী সেলাই মেশিন বরাদ্দ পেয়ে তা সংগ্রহ করতে ঢাকায় আসতে পারেন না, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার সাংসদের প্রতিনিধিরা সেগুলো নিয়ে যান। কিন্তু বরাদ্দ যেসব নারীর নামে দেওয়া হয়, তাঁরা সেলাই মেশিনগুলো হাতে পান কি না, এ বিষয়ে কোনো মনিটরিং হয় না। এটি মোটেও ভালো কথা নয়, কারণ যাঁদের উদ্দেশ্যে এই কর্মসূচি, তাঁরাই যদি সেলাই মেশিনগুলো হাতে না পান, তাহলে দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থানের এই উদ্যোগ ব্যর্থতায় পর্যবসিত হয়। শুধু তা-ই নয়, সরকারের তাতে আর্থিক ক্ষতিও হয়। আমাদের মনে হয়, বিষয়টির প্রতি নজরদারির ব্যবস্থা থাকা উচিত।গ্রামীণ দরিদ্র নারীদের অর্থনৈতিক কল্যাণের লক্ষ্যে নেওয়া এই কর্মসূচিকে সার্থক করতে হলে আমলাতান্ত্রিক জটিলতাগুলো দূর করা দরকার। প্রথমত, নন-জুডিশিয়াল স্ট্যাম্প সংগ্রহ করা তাঁদের জন্য বেশ অসুবিধাজনক, এর কোনো প্রয়োজন আছে বলে আমাদের মনে হয় না। দ্বিতীয়ত, সেলাই মেশিন সংগ্রহ করার জন্য ঢাকায় আসারও প্রয়োজন নেই। অধিদপ্তর জেলা-উপজেলা পর্যায়ের প্রশাসনের মাধ্যমে সেলাই মেশিনগুলো দরিদ্র নারীদের হাতে পৌঁছে দিতে পারে। আর একটি সেলাই মেশিনের জন্য সরাসরি মন্ত্রীর কাছে আবেদন করা আদৌ প্রয়োজনীয় কি না, তা-ও ভেবে দেখা উচিত। স্থানীয় সাংসদদের সুপারিশের ক্ষেত্রে যেন স্বজনপ্রীতি না হয়, সেটিও নিশ্চিত করা প্রয়োজন।