বাংলাদেশে দরিদ্র পরিবারের শিশুদের মৃত্যুঝুঁকি ধনী পরিবারের শিশুদের চেয়ে দ্বিগুণ। ধনী পরিবারের মধ্যে শিশুমৃত্যুর হার প্রতি হাজারে ৩৮। আর দরিদ্র পরিবারে সেই হার ৭৮। ভয়াবহ এই তথ্য পাওয়া গেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিবেদনে। ‘বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান ২০১৫’ শিরোনামের এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, মায়ের শিক্ষা শিশুর মৃত্যুহার নির্ধারণে ভূমিকা রাখে। শিক্ষিত মায়েদের ক্ষেত্রে শিশুর বয়স পাঁচ বছর হওয়ার আগেই মারা যাওয়ার হার ৪৫। অশিক্ষিত মায়েদের ক্ষেত্রে এই হার ৮৮।
আমাদের দেশে সাধারণত দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের পড়ালেখা কম হয়। বিশেষ করে মেয়েদের পড়ালেখা একটা পর্যায়ে গিয়ে বন্ধ হয়ে যায় এবং অল্প বয়সে তাদের বিয়ে হয়। পড়ালেখা না করার কারণে তাদের মধ্যে সচেতনতাও কম। শিশুর যত্ন, পুষ্টি, সংক্রামক ব্যাধি, টিকা দেওয়া ইত্যাদি সম্পর্কে স্বাভাবিকভাবে তারা জানে খুবই কম। ফলে এসব মায়েদের ঘরে জন্ম নেওয়া শিশুরা মৃত্যুঝুঁকিতে থাকছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, শিক্ষিত মায়েদের ৯৭ শতাংশ তাঁদের শিশুর টিকা নিশ্চিত করেন। নিরক্ষর মায়েদের ক্ষেত্রে এই হার ৮৫ শতাংশ। শিক্ষিত মায়েদের ৩৪ শতাংশ শিশু খর্বকায়। নিরক্ষর মায়েদের শিশুদের মধ্যে এই হার বেশি, ৫১ শতাংশ।
অর্থাৎ দেখা যাচ্ছে, শিশুর সুস্থভাবে বেড়ে ওঠা, ভালো থাকা ও বেঁচে থাকার ক্ষেত্রে মায়ের শিক্ষা একটি বড় ভূমিকা পালন করে। কাজেই মায়েদের শিক্ষিত হতে হবে। কিন্তু এক দিনে তো আর দেশের সব মাকে শিক্ষিত করা সম্ভব নয়। সেটা বাস্তবসম্মতও নয়। দরিদ্র শিশুদের মৃত্যুঝুঁকি দূর করতে সরকারকে এখনই সুদূরপ্রসারী পরিকল্পনা নিতে হবে। দেশের প্রতিটি মেয়ে যাতে শিক্ষার সুযোগ পায়, তা নিশ্চিত করতে হবে। বাল্যবিবাহ বন্ধ করতে হবে। ধনী-দরিদ্র সবার জন্য একই মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।