দল করলে নিয়োগ, আর নিয়োগ পেলে প্রতিদান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বজনপ্রীতি আর দলীয়করণ এখন এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে এ নিয়ে এখন আর কোনো রাখঢাকও নেই। কাউকে অনুসন্ধান করে এসব বের করতে হচ্ছে না। স্বার্থের দ্বন্দ্বে সরকারি দলের লোকজন নিজেরাই থলের বিড়াল বের করে দিচ্ছে। রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি খায়রুজ্জামান লিটন খোলাখুলি বলেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজের যোগ্যতায় উপাচার্য হননি, আওয়ামী লীগ করেন বলেই হয়েছেন। এই বক্তব্য দিয়ে তিনি হয়তো উপাচার্যকে একহাত নিতে চেয়েছেন, কিন্তু এর মধ্য দিয়ে যে সত্য প্রকাশিত হয়েছে, তা তাঁর দলের জন্য লজ্জাজনকই।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতির দ্বন্দ্বের কারণ পরিষ্কার। খায়রুজ্জামানের দাবি, নিয়োগ পাওয়ার আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পদ পেলে তিনি তাঁর তালিকা ধরে বিশ্ববিদ্যালয়ে লোকজনকে নিয়োগ দেবেন। তিনি তালিকা দিয়েছেন ঠিকই, কিন্তু উপাচার্য নিয়োগ দেননি। আমরা জানলাম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার জন্য একজনকে কী ধরনের প্রতিশ্রুতি দিতে হয় বা কী শর্তের বিনিময়ে তিনি পদ পান। তবে আমরা এও জানলাম যে দল বা একজন নেতা কীভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দলীয়করণ করতে ও নিজের নিয়ন্ত্রণে রাখতে চান।
দেশের নানা ক্ষেত্রে দলীয়করণ আর স্বজনপ্রীতির যে অভিযোগ রয়েছে, তার একটি চিত্র পাওয়া গেল রাজশাহী মহানগর আওয়ামী লীগ নেতার খোলাখুলি কথায়। দল করলে পদ, নিয়োগ—এসব আছে, আর দল করে নিয়োগ পাওয়া মানে দলকে প্রতিদান দেওয়া। খায়রুজ্জামানের আক্ষেপ, তিনি ভিসিকে মাত্র ১৪৪ জনের তালিকা দিয়েছিলেন এবং তা রাখা হয়নি। অথচ বিএনপি আমলে ৫৪৪ জনকে এভাবে নিয়োগ দেওয়া হয়েছিল। এটা দুর্ভাগ্যজনক যে অপকর্ম ও দুর্নীতির জন্য অতীত সরকারের সমালোচনা হবে ঠিকই, কিন্তু পরে যারা ক্ষমতায় আসবে, তারাও একই পথ ধরবে।
এভাবেই কি চলবে!