দল নিবন্ধন আইনের কঠোরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো গণতান্ত্রিক ব্যবস্থার প্রাণ হলো রাজনৈতিক দলের স্বাধীনতা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে নির্বাচন কমিশন দেশের রাজনৈতিক দলব্যবস্থার ওপর স্বাভাবিক তদারকি প্রতিষ্ঠার অধিকার অনুশীলনের নামে কার্যত রাজনৈতিক স্বাধীনতার ক্ষেত্রে বাধার সৃষ্টি করছে। আগামী সাধারণ নির্বাচন অংশগ্রহণমূলক হোক, সেটাই প্রত্যাশিত এবং এই অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপ্তি হওয়া উচিত বিস্তৃত। অংশগ্রহণমূলক নির্বাচনের ধারণা শুধু দুটি প্রধান দলের অংশ নেওয়া বা না নেওয়ার মধ্যে সীমিত রাখাটা কোনোভাবেই গণতান্ত্রিক নয়।

যেসব কারণে দল নিবন্ধনব্যবস্থায় সংশোধন আনা দরকার; তার কয়েকটি এভাবে চিহ্নিত করা চলে। প্রথমত, কোনো নতুন দলের নিবন্ধন পেতে দেশের এক-তৃতীয়াংশ জেলায় ‘কার্যকর’ অফিস রাখা, ১৯৭২ থেকে ২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত আটটি নির্বাচনের কোনোটিতে একটি আসনে ন্যূনতম ৫ শতাংশ ভোট পাওয়াকে একটি নতুন দলের নিবন্ধন পাওয়ার পূর্বশর্ত করা, প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট থানার ঠিকানায় থাকা ন্যূনতম ২০০ ভোটারের সই লাগার মতো শর্তগুলো বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের বিকাশের জন্য কতটা কার্যকর, সেটা এখন পর্যালোচনা করার সময় এসেছে।

সংবিধানে যুক্তিসংগত বাধানিষেধ সাপেক্ষে রাজনৈতিক সংগঠন গড়ার অধিকার আছে, কিন্তু প্রাপ্তবয়স্কের নির্বাচনে অংশ নেওয়া এবং ভোটাধিকার প্রয়োগ করা প্রত্যেকের নিরঙ্কুশ অধিকার। কিন্তু দল নিবন্ধন আইন প্রাপ্তবয়স্কের নির্বাচনে অংশ নেওয়ার অধিকারকে অহেতুক সংকুচিত করেছে। নির্বাচনে অংশ নেওয়া যেমন, তেমনি তা বর্জন করা গণতান্ত্রিক অধিকার। এটা খর্ব করা যাবে না। পরপর দুবার জাতীয় নির্বাচনে অংশ না নেওয়ার পরিণাম ঠিক করবে জনগণ। শুধু নিবন্ধন টিকিয়ে রাখার বিষয়টি মাথায় রেখে যদি কোনো দলকে কোনো নির্বাচনে অংশ নিতে হয়, তবে সেই বিধান কোনোভাবেই নির্বাচনী ব্যবস্থায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে না। আর এটাও মনে করার কারণ নেই যে আগামী নির্বাচনে বা ভবিষ্যতে কোনো দল পরপর দুবার বয়কট করবে কি না, সেই সিদ্ধান্ত এই বিধানের ওপর খুব একটা নির্ভর করবে।

নির্বাচন কমিশন অপেক্ষাকৃত ছোট দলের প্রতি যে বিমাতাসুলভ আচরণ করছে, তা নানা ঘটনায় ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। মনে হচ্ছে, নতুন দলকে অঙ্কুরেই বিনাশ করার ঝোঁক আছে বিদ্যমান বিধানাবলিতে। বিধানে আছে, ইসি ‘সময়ে সময়ে’ দল নিবন্ধনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দরখাস্ত আহ্বান করবে। সন্দেহাতীতভাবে এটা একটা কালাকানুন। কারণ, ইসি গত এক দশকে মাত্র তিনবার দরখাস্ত চেয়েছে। দলের নিবন্ধন পাওয়ার আবেদনের বিষয়টি সব সময়ে উন্মুক্ত থাকা উচিত। নির্বাচন কমিশন তাদের ইচ্ছেমতো আবেদন চাইবে বা চাইবে না—এমন ব্যবস্থা স্পষ্টতই ইসিকে স্বেচ্ছাচারী হওয়ার সুযোগ করে দিয়েছে।

দেশে এখন যেকোনো স্তরের নির্বাচন এলেই বিদ্রোহী প্রার্থীর সংখ্যাধিক্য চোখে পড়ছে। এত ‘নির্বাচন বিদ্রোহ’ আগে দেখা যায়নি। এর মূল কারণ প্রধান রাজনৈতিক দলগুলো অভ্যন্তরীণ গণতন্ত্রের অনুশীলন করতে ব্যর্থতার পরিচয় দিয়ে চলছে। তাদের দলে জবাবদিহি ও স্বচ্ছতার অভাব আকাশচুম্বী। এখন এমনটা প্রতীয়মান হওয়া দুঃখজনক যে স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিধানে অবাঞ্ছিত কড়াকড়ি আরোপ করে বড় দুর্বলের ‘দুর্বলতা’ ঢাকা বা তাঁদের বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব বর্তেছে আমাদের ‘স্বাধীন’ ইসির ওপর। স্বতন্ত্র প্রার্থীর জন্য ১ শতাংশ ভোটার সংগ্রহ আপাতদৃষ্টিতে নিরীহ। কিন্তু কয়েক হাজার ভোটার-সমর্থকের একজনের সইও যদি জাতীয় পরিচয়পত্রের সঙ্গে না মেলে তাহলে তাঁর মনোনয়নপত্র বাতিল হতে পারে। সার্বিক বিচারে আমরা তাই বিদ্যমান দল নিবন্ধনের বিধানাবলির অধিকতর যৌক্তিকীকরণ জরুরি বলে মনে করি।