সংবিধান অনুযায়ী যেকোনো ব্যক্তির মত প্রকাশ, সংগঠন বা দল করার অধিকার আছে। কিন্তু সেই দল গঠনের পেছনে যদি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সক্রিয়তা দেখায়, তা যেমন উদ্বেগজনক, তেমনি নিন্দনীয়। বিস্ময়ের ব্যাপার যে এই অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত ঘটনা খোদ আওয়ামী লীগ সরকারের আমলেই ঘটেছে, যে দলের শীর্ষনেতারা সেনানিবাসে জন্ম বলে বিরোধী দলকে হরহামেশা কটাক্ষ করে থাকেন।বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) নামে হঠাৎ একটি রাজনৈতিক দল গজিয়ে ওঠা এবং নির্বাচন কমিশনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষের আদলে গমের শীষ প্রতীক বরাদ্দের আবেদন নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এই দলটির গঠন-প্রক্রিয়ার সঙ্গে যাঁদের নাম আছে, তাঁরা কোনো না-কোনো সময়ে বিএনপি ও জাতীয়তাবাদী ফ্রন্টের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের সেই যুক্ততা থেকে বিযুক্ত হওয়ার রহস্য কী, কেন তাঁরা জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টকে পুনরুজ্জীবিত করতে চাইছেন, ক্ষমতাসীনদের সঙ্গে তাঁদের সম্পর্ক কী, সেই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। বিএনপির সাবেক নেতা এস এম আবুল কালাম আজাদ এই দলের প্রধান সমন্বয়ক এবং খালেদা জিয়া সরকারের প্রতিমন্ত্রী ও উপদেষ্টা জাহানারা বেগম যুগ্ম চেয়ারম্যান। গত বছর এই দলে বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী নাজমুল হুদার আগমন ও প্রস্থানও রহস্যজনক। তাঁর দাবি, সরকারের একটি বিশেষ সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তার আগ্রহে তিনি দলটিতে যোগ দিয়েছিলেন। তাঁর এই দাবি আমাদের রাজনৈতিক সংস্কৃতির গভীর অসুখের কথাই মনে করিয়ে দেয়। বিএনএফের নিবন্ধন ও প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য নির্বাচন কমিশন ন্যক্কারজনক চাতুরীর আশ্রয় নিয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ২১টি জেলা ও ১০০টি উপজেলায় দলের অফিস থাকার বাধ্যবাধকতা রয়েছে। বিএনএফের দাবি, ২৬টি জেলা ও ১৩৬টি উপজেলায় তাঁদের কার্যালয় আছে। চট্টগ্রামে তাদের ৩৬টি কার্যালয় থাকার দাবি করা হলেও সরেজমিন এগুলোর অস্তিত্ব পাওয়া যায়নি। স্থানীয় নির্বাচন কমিশন অফিস থেকে প্রথমে সেই অনুযায়ী প্রতিবেদনও দেওয়া হয়। কিন্তু তিন দিনের মাথায় ভিন্ন প্রতিবেদন দেওয়ার কী কারণ থাকতে পারে? ক্ষমতাসীন দলের নেতা-নেত্রীদের অভিযোগ, সামরিক শাসক জিয়াউর রহমান ও হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতায় থেকে বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে, বিভিন্ন দল থেকে লোক ভাগিয়ে এনে যথাক্রমে বিএনপি ও জাতীয় পার্টি গঠন করেছিলেন। তাঁদের সেই অভিযোগ অসত্য নয়। কিন্তু একই কাজ যখন তাঁদের শাসনামলেও চলতে থাকে, তখন ‘স্বৈরাচারের গর্ভে জন্ম নেওয়া’ দলগুলোর সঙ্গে বনেদি গণতান্ত্রিক দলটির ন্যূনতম ফারাকটিও ঘুচে যায়। সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গঠিত কতিপয় কিংস পার্টির পরিণতিও নিশ্চয়ই ক্ষমতাসীনদের অজানা নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো পাকিস্তানি ধারায় পরিচালিত হচ্ছে বলে আক্ষেপ করেছিলেন। এখন দেখা যাচ্ছে, তাঁর দ্বিতীয় সরকারের মেয়াদের শেষে এসেও সেই পাকিস্তানি ধারাই চলছে। না হলে গোয়েন্দা সংস্থাগুলো দল ভাঙাগড়ার খেলায় এভাবে লিপ্ত হতে পারত না। রাজনীতির এই অসুস্থ ও নীতিবিবর্জিত কর্মকাণ্ড অবশ্যই বন্ধ করা উচিত।