চার সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সুন্দর আহ্বান জানিয়েছেন: দলমতের ঊর্ধ্বে উঠে জনগণের সেবা করতে হবে। প্রকৃতপক্ষে জনপ্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থার একদম গোড়ার কথাই এটি। রাজনৈতিক দলগুলোর নীতি-আদর্শ ভিন্ন ভিন্ন হলেও জনসাধারণের যুক্তিসংগত প্রত্যাশা এই যে, তাঁদের নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব পালনের সময় দলমতের ঊর্ধ্বে থাকবেন, কাজ করবেন সবার হয়ে সবার কল্যাণের স্বার্থে।রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট—এই চার সিটি করপোরেশনের যে নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে, তা যদিও রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক মনোনয়নের ভিত্তিতে হয়নি, তবু প্রার্থীদের প্রতি রাজনৈতিক দলগুলোর সমর্থন ছিল প্রকাশ্য বিষয়। নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তৃতায় দলমতের ঊর্ধ্বে উঠে জনসেবা করার আহ্বানটি প্রাসঙ্গিক এই কারণে যে, চার মেয়রের কেউই ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থক নন; বরং বিরোধী দল বিএনপির সমর্থক হিসেবে পরিচিত। বিষয়টি এমন, যেন এসব নির্বাচনে বিরোধী দলের বিজয় আর ক্ষমতাসীন দলের শোচনীয় পরাজয় ঘটেছে। এ পরিস্থিতিতে নবনির্বাচিত এই জনপ্রতিনিধিদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানটি ইতিবাচক: তাঁদের দলীয় রাজনৈতিক সম্পৃক্ততা এখানে মুখ্য বিষয় নয়, জনসেবাই যেন হয় তাঁদের চূড়ান্ত লক্ষ্য।সাধারণভাবে কেন্দ্রের সরকারের সঙ্গে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের কোনো রাজনৈতিক বিরোধ থাকে না। তবু বিরোধী দলের সমর্থক জনপ্রতিনিধিদের মুখে কখনো কখনো শোনা যায় তাঁদের প্রতি সরকারের ‘বিমাতাসুলভ’ আচরণের অনুযোগ। কিন্তু তাঁদের দলমতের ঊর্ধ্বে উঠে জনসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানানো হলে নিশ্চিত করা দরকার যে তাঁরা সরকারের পরিপূর্ণ সহযোগিতা পাবেন, ‘বিমাতাসুলভ’ আচরণের শিকার হবেন না। সেটা শুধু কেন্দ্র থেকে নয়, স্থানীয় পর্যায়েও। নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থীরাও বাড়িয়ে দেবেন সহযোগিতার হাত। সবাই মিলেমিশে কাজ করবেন সামষ্টিক স্বার্থে, নগরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে।নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ভুলে যেতে হবে যে তাঁরা কোনো বিশেষ দল বা গোষ্ঠীর প্রতিনিধি। সংখ্যাগরিষ্ঠ ভোটারের দ্বারা নির্বাচিত হয়ে তাঁরা দায়িত্ব পেয়েছেন সমগ্র নগরবাসীর কল্যাণে কাজ করার। তা ছাড়া নগরবাসীর দেওয়া কর-শুল্ক ও রাষ্ট্রীয় কোষাগার থেকে বরাদ্দ অর্থ ব্যয়ের ক্ষেত্রেও সর্বজনীন সেবা ও কল্যাণ নিশ্চিত করা তাঁদের দায়িত্ব। এ ক্ষেত্রে দলীয় বা গোষ্ঠীগত স্বার্থ প্রাধান্য দেওয়ার সুযোগ নেই। সমগ্র নগরের সুষম উন্নয়ন, সব নগরবাসীর জন্য উন্নত সেবা-পরিষেবা নিশ্চিত করার মধ্য দিয়ে সিটি করপোরেশনগুলো হতে পারে জাতীয় শাসনব্যবস্থার একেকটি মডেল। কেননা, দলমতের ঊর্ধ্বে উঠে জনগণের সেবা করাই তো গণতন্ত্রের মর্মকথা। জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হয়, সেটা যে দল বা জোটের ব্যানারেই হোক না কেন, দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর সেই সরকার তো কোনো দলের বা জোটের থাকে না, হয় সমগ্র জনগণের সরকার। শাসনকাজ পরিচালনার ক্ষেত্রে তাকে দলমতের ঊর্ধ্বে উঠতে হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশে যে আহ্বান জানিয়েছেন, জাতীয় পরিসরে কেন তেমনটি উচ্চারিত হয় না?