দলীয় নেতা-কর্মীদের চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অন্তর্দলীয় কোন্দল থেকে বিরত থাকতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, পত্রপত্রিকায় যা লেখা হয়, তা সব মিথ্যে নয়।
তিনি হক কথাই বলেছেন। পত্রপত্রিকায় যেসব খবর প্রকাশিত হচ্ছে, তা মিথ্যে তো নয়ই, বরং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোঁজ নিলে দেখতে পাবেন, ক্ষমতাসীন দলের একশ্রেণির নেতা-কর্মী বিভিন্ন স্থানে যেসব অপকর্ম করে বেড়াচ্ছেন, সেগুলোর খুব কমই গণমাধ্যমে আসে। অপরাধমূলক কর্মকাণ্ডে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা জড়িত থাকলে অনেক ক্ষেত্রে থানা-পুলিশ মামলাই নিতে চায় না। সৈয়দ আশরাফুল ইসলাম আক্ষেপ করেছেন তাঁকে না জানিয়ে তাঁর ছবি দিয়ে পোস্টার ছাপানোর জন্য। এসব পোস্টার ছাপার পেছনে যেমন স্থানীয় নেতা-কর্মীদের উৎকট প্রচারকামিতা রয়েছে, তেমনি আছে চাঁদাবাজিও। পোস্টারে বড় নেতাদের ছবি থাকলে চাঁদার অঙ্কটা বড় হয় বৈকি। এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদেরও শোক দিবস উপলক্ষে চাঁদাবাজি না করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু দলের স্বার্থান্বেষী ও সুবিধাবাদী নেতা-কর্মীরা এসব আহ্বান ও সতর্কীকরণ নোটিশ আমলে নিয়েছেন বলে মনে হয় না। নিলে সৈয়দ আশরাফুল ইসলামকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মারামারির ঘটনা নিয়ে আক্ষেপ করতে হতো না। কেবল ওই প্রতিষ্ঠানটিই নয়, দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিরোধী ছাত্রসংগঠনকে ঘরছাড়া করে এখন ছাত্রলীগের নেতা-কর্মীরা আত্মঘাতী সংঘর্ষে লিপ্ত রয়েছেন। আর মন্ত্রী-সাংসদ কিংবা সাংসদ-উপজেলা পরিষদের চেয়ারম্যানের দ্বন্দ্বের পরিণতি যে কতটা ভয়ংকর হতে পারে, ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যানকে গুলি করে ও আগুনে পুড়িয়ে মারার ঘটনাই তার প্রকৃষ্ট উদাহরণ।
এসব হত্যা, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত দলীয় নেতা-কর্মীদের কাছে নেতাদের অনুরোধ-আহ্বান কোনো কাজে আসবে না, যদি না সরকার তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয় এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করে।