সংসদ নির্বাচন ঘনিয়ে এলেই যেসব বাণিজ্য রমরমা হয়, তার মধ্যে মনোনয়ন-বাণিজ্যই প্রধান। দলের লোক নন, রাজনীতি করেননি, ভোটার মহলেও তেমন পরিচিত নন, এমন ব্যক্তিরা স্রেফ টাকার বিনিময়ে দলীয় মনোনয়ন পেয়ে যান। তাঁদের মধ্য থেকে অনেকে নির্বাচিত হয়ে সংসদেও যান। এভাবে ক্রমাগতভাবে রাজনীতি, রাজনৈতিক দল এবং জাতীয় সংসদ রাজনীতিবহির্ভূত বিত্তশালীদের কাছে জিম্মি হয়ে যাচ্ছে। এ অবস্থা ঠেকাতেই গত তত্ত্বাবধায়ক সরকারের সময় ১৯৭২ সালের জনপ্রতিনিধি আইনের ১২(ঞ) ধারা যুক্ত করে সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে অন্তত তিন বছর ওই দলের সদস্য থাকার বাধ্যবাধকতা রাখা হয়। আইনটি এখনো কার্যকর হয়নি। অথচ ইতিমধ্যে তা বাতিলের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির নেতা হুসেইন মুহম্মদ এরশাদ। ক্ষমতাসীন আওয়ামী লীগও মৌখিকভাবে একই সুপারিশ করেছে। ধারাটি বিলুপ্ত হলে রাজনীতিতে কালোটাকা ও বিত্তের দৌরাত্ম্য আরও অবাধ হবে। এরশাদ যা চাইছেন, তা হলো রাজনীতি বিক্রির সুযোগ। যিনি টাকার বিনিময়ে একটি দলের প্রতীক কিনছেন, তিনি আসলে সেই দলের রাজনীতি, ভাবমূর্তি, সংগঠন ও ইতিহাসকেই আসলে কিনছেন। এখানে দল ও তাঁর রাজনীতি উভয়ই বিক্রীত ও বিকৃত হচ্ছে। এ পদ্ধতিতে জাতীয় সংসদে প্রবেশ করে এই বিত্তবান নবাগত চূড়ান্তভাবে ক্রয় করছেন আইন প্রণয়নের ক্ষমতা। টাকার বিনিময়ে এভাবে ক্ষমতা কেনার সুযোগ রাখা মানে রাষ্ট্র, সরকার, জনগণ এবং সর্বোপরি গণতন্ত্রকে অর্থ ও বিত্তের কাছে উদোম করে দেওয়া। হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক ঐতিহ্যে ক্ষমতার টোপ দিয়ে দল ও অনুসারী সৃষ্টির বিস্তর নজির আছে। এরশাদের শাসনের নয় বছরে হরহামেশাই বিভিন্ন দলের নেতা-কর্মীদের ক্রয়-বিক্রয় হতে দেখা যেত। বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করায় এ ধরনের ক্রয়-বিক্রয়ের ভূমিকা ব্যাপক। রাজনীতিবহির্ভূত ব্যক্তিদের ‘রাজনীতি ক্রয়ের’ সুযোগ অবাধ করার চেষ্টার মাধ্যমে তিনি কি রাজনীতির আরও দুর্বৃত্তায়নই করছেন না? রাজনৈতিক দলের ছাতা ব্যবহার করে আরও ক্ষমতাবান হতে উৎসাহী ঋণখেলাপি, কালোটাকার মালিক, সামরিক-বেসামরিক আমলা এবং অপরাধীদের অভাব নেই। প্রায় সব দলের ওপরই তাঁদের প্রভাব রয়েছে। আজ যদি তাঁরা সেই প্রভাব ব্যবহার করে জনপ্রতিনিধি আইনের ১২(ঞ) ধারা বাতিলে নেমে পড়েন, তবে তাকে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রই বলতে হবে। জাতীয় সংসদের নির্বাচিত জনপ্রতিনিধি এবং দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্যসম্পন্ন রাজনীতিকদের উচিত হবে না এ ধরনের ষড়যন্ত্রে শামিল হওয়া। এটা হবে রাজনীতির জন্য শোচনীয় আত্মঘাত। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের নামে বড় দলের নকল প্রার্থীদের প্রাদুর্ভাব কমানোর বিষয়টিও জরুরি। আইনের সংস্কার অকাম্য নয়, কিন্তু কোনোভাবেই তা যাতে রাজনীতিতে অগণতান্ত্রিক চর্চাকে উৎসাহিত না করে।