দলীয়ভাবে পৌরসভা নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সোমবার সরকারি অধ্যাদেশ জারির ফলে আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে যে সংশয় ছিল, তা অনেকটা কেটে গেছে। এর আগে ১২ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে দলীয়ভাবে সব স্থানীয় সরকার সংস্থার নির্বাচন করার প্রস্তাব অনুমোদন করা হয়। তবে মন্ত্রিসভা পৌরসভায় প্রশাসক নিয়োগের যে বিধান রেখেছিল, অধ্যাদেশে সেটি বাদ দেওয়া হয়েছে। প্রশাসক নিয়োগের বিধান না থাকতেই বিভিন্ন স্থানীয় সরকার সংস্থায় যেসব কাণ্ড ঘটছে, তাতে শঙ্কিত হতে হয়। এরপর প্রশাসক নিয়োগের বিধান থাকলে স্থানীয় সরকার সংস্থার অস্তিত্বই বিপন্ন হয়ে পড়বে। সেই বিবেচনায় সর্বশেষ সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।
স্থানীয় সরকার সংস্থার নির্বাচন দলীয়ভাবে করার পক্ষে-বিপক্ষে যুক্তি আছে। কিন্তু তার চেয়েও জরুরি প্রশ্ন হলো সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সব পক্ষের সমান সুযোগ থাকবে কি না? সরকার যেহেতু কারও সঙ্গে আলোচনা না করে এই সিদ্ধান্ত নিয়েছে, সেহেতু নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি করার দায়িত্ব তাদেরই।
ডিসেম্বরের শেষে ২৪৫ পৌর নির্বাচনআগামী ডিসেম্বরে দুই শতাধিক পৌরসভার মেয়াদ শেষ হচ্ছে। অতএব, এসব সংস্থার নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যে হতে হবে। নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত সব কাজই করে থাকে নির্বাচন কমিশন। কিন্তু সরকারের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ না থাকলে তাদের পক্ষে সেই দায়িত্ব পালন করা কখনো সম্ভব নয়। নির্বাচন কমিশনের সচিব বলেছেন, অধ্যাদেশের আলোকে তঁারা নির্বাচনী বিধিমালা ও প্রার্থীর আচরণবিধি প্রণয়ন করবেন। এ কাজটি যেমন দ্রুত করতে হবে, তেমনি সেই আচরণবিধি যাতে সব পক্ষ মেনে চলে, সেই নিশ্চয়তাও তঁাদের দিতে হবে।
মনে রাখতে হবে, এক অস্থির ও সংঘাতপূর্ণ রাজনৈতিক পরিবেশে পৌরসভা নির্বাচনটি হতে যাচ্ছে। এরপর ইউনিয়ন পরিষদসহ অন্যান্য স্থানীয় সরকার সংস্থারও নির্বাচন হবে। সে ক্ষেত্রে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনই প্রত্যাশিত। নিকট অতীতে একাধিক নির্বাচনে কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। আগামী পৌরসভা নির্বাচনে তার পুনরাবৃত্তি হবে না আশা করি।