দায় অস্বীকারের সেই পুরোনো অভ্যাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃহস্পতিবার ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে এক ছাত্রলীগ কর্মী নিহত এবং প্রক্টরসহ ২৫ জনের আহত হওয়ার ঘটনার পর যথারীতি ছাত্রলীগ নেতৃত্ব এর দায় অস্বীকার করেছে। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান গতকাল ঢাকায় সংবাদ সম্মেলন করে বলেছেন, শাহজালালের ঘটনায় তাঁদের সংগঠনের কেউ জড়িত নন। তাঁর দাবি, গণমাধ্যমগুলো ছাত্রলীগের ভাবমূর্তি বিনষ্ট করতেই তাঁদের নাম জড়িয়ে খবর প্রচার করছে।

স্বভাবতই প্রশ্ন আসে বিভিন্ন পত্রিকায় শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্ত্রধারী ও প্রতিপক্ষকে আক্রমণরত ছাত্রলীগ কর্মীদের যেসব ছবি ছাপা হয়েছে, সেসবও কি অসত্য? শাহজালাল–কাণ্ডের মূল হোতা উত্তম কুমারকে নাকি ছাত্রলীগ নেতৃত্ব আগেই সংগঠন থেকে বহিষ্কার করেছিল। কখন? গত বছরের ৮ মে বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক শামসুজ্জামান চৌধুরীর ওপর হামলার পর। তাহলে বহিষ্কারের আগ পর্যন্ত উত্তম কুমার ছাত্রলীগেরই কর্মী ছিলেন! ছাত্রলীগের কর্মীরা যখন পুরান ঢাকায় বিশ্বজিৎ সাহাকে হত্যা করে, তখনো সংগঠন থেকে তাদের বহিষ্কৃত বলে দাবি করা হয়েছিল। সেই বহিষ্কৃত ও হত্যার দায়ে দণ্ডিত কর্মীদের এখন ছাত্রলীগের সমাবেশেও উপস্থিত থাকতে দেখা যায়। 
ছাত্রলীগ সভাপতি সংগঠনের তৃণমূল পর্যন্ত চেইন অব কমান্ড আছে বলে যে দাবি করেছেন, সেটি সম্ভবত ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় নয়; প্রতিপক্ষের ওপর সংঘবদ্ধ আক্রমণে সিদ্ধহস্ত হতে। শাহজালালের ঘটনা সেটাই প্রমাণ করে।
প্রথম আলোয় প্রকাশিত খবর থেকে জানা যায়, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে নিজেদেরই ৩৯ জন নিহত এবং সহস্রাধিক আহত হয়েছেন। সংগঠনের বাইরের লোকও হতাহত হয়েছেন অনেকে। গত সাড়ে পাঁচ বছরে যেসব বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছে, তার বেশির ভাগই ঘটেছে ছাত্রলীগের কোন্দলের কারণে। এর শেষ কোথায়?
এ ধরনের ঘটনায় কর্তৃপক্ষ প্রতিবারই অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে সমস্যার সমাধান খোঁজে। এটি সঠিক পথ নয়। কেন কতিপয় ছাত্র নামধারী সন্ত্রাসীর জন্য সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত হবে? কেন কর্তৃপক্ষ তাঁদের নিরাপত্তা দিতে পারবে না? শাহজালালের খুনখারাবির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।