নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার কিছু কিছু জায়গায় স্থানীয় আওয়ামী লীগ নেতারা যেন তাঁদের ‘নিজস্ব’ সরকার কায়েম করেছেন। গ্যাস লুটপাটের জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ‘গ্যাস কমিটি’ এতই শক্তিশালী যে তাদের বিরুদ্ধে সরকার ও স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারছে না। বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হিসাব অনুযায়ী, মূলত এই কারণে এ দুটি জেলাতেই বছরে তিতাস গ্যাসের ক্ষতি হচ্ছে প্রায় ১০০ কোটি টাকা।
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের কিছু এলাকায় ২০১৪ সালের প্রথম তিন মাস মাঠপর্যায়ে গবেষণা করে আইএমইডি দেখেছে, এ সময়ে যে পরিমাণ গ্যাস সরবরাহ করা হয়েছে, সে তুলনায় প্রায় ৮ দশমিক ৭৭ শতাংশ গ্যাসের দাম তিতাস পায়নি। আইএমইডির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এর মধ্যে ৬ শতাংশ গ্যাসের দাম পাওয়া যাচ্ছে না অবৈধ সংযোগের কারণে।
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের অবৈধ গ্যাস-সংযোগ নিয়ে প্রথম আলোর এক প্রতিবেদন বলছে, এই দুটি জেলায় প্রায় ৪৬ হাজার বাড়িতে অবৈধ সংযোগ রয়েছে। প্রকাশ্যে লাইন টেনে এসব অবৈধ সংযোগ দেওয়া হয়েছে এবং গ্যাস চুরি হচ্ছে। এ জন্য গ্রাহকেরা স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সিন্ডিকেটকে দিয়েছেন সংযোগপ্রতি প্রায় ৪৫ হাজার টাকা। তাঁরা গ্রাহকদের এই ধারণা দিয়েছেন যে সরকার ‘সংযোগও বিচ্ছিন্ন করবে না, বিলও দিতে হবে না’।
এত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা সহজ কাজ নয়। অভিযান শুরু করেও শেষ পর্যন্ত সরে এসেছে তিতাস কর্তৃপক্ষ। কথা হচ্ছে, সরকার ও তার প্রশাসন কার্যকর থাকলে এবং আইন তার নিজের মতো চললে এই পরিস্থিতি হতো না। আইএমইডির প্রতিবেদনে এই অবৈধ সংযোগ বৈধ কারার সুপারিশ করা হয়েছে। এটা হয়তো বাস্তবতা, কিন্তু এতে যে নজিরটি স্থাপিত হবে, তা আইনের শাসনের সঙ্গে সংগতিপূর্ণ নয়। ফলে যে আওয়ামী লীগ নেতারা টাকা নিয়ে এই অবৈধ কাজ করেছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।