দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর ধারাবাহিক প্রতিবেদনে সরকারি মালিকানাধীন তিনটি গণমাধ্যম যথাক্রমে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বিএসএস) অব্যবস্থা, অনিয়ম ও দুর্নীতির যে চিত্র প্রকাশিত হয়েছে, তাকে বিপর্যয়কর বললেও কম বলা হয়। সরকারি প্রতিষ্ঠান যে কত অযোগ্য ও অদক্ষতার পরিচয় দিতে পারে, তার প্রমাণ এই তিনটি সংস্থা। এর মধ্যে প্রথম দুটি নিখাদ আমলাতান্ত্রিক পদ্ধতিতে চললেও তৃতীয়টির আবার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের তকমা আছে; যদিও সেখানে পরিচালনা পরিষদের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের দ্বন্দ্বের কারণে বৈঠকই হয় না। 
বিটিভি ও বাংলাদেশ বেতার একসময় কেবল দেশের অবিকল্প বৈদ্যুতিন গণমাধ্যমই ছিল না, দর্শক-শ্রোতাদের মন জয় করতেও সক্ষম হয়েছিল। আশি ও নব্বইয়ের দশকে বিটিভির নাটক-অনুষ্ঠান দেশের সীমা ছাড়িয়ে পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী মানুষের কাছেও সমাদৃত ছিল। কিন্তু নব্বইয়ের দশকে যখন মেধার বদলে দলীয় ব্যক্তিদের দিয়ে নির্বিচারে অনুষ্ঠান বানানো ও প্রচারের হিড়িক পড়ে, তখনই প্রতিষ্ঠানটি গুরুত্ব হারায়। ক্রমাগত অদক্ষতা ও অযোগ্যতার কারণে একই পরিণতি লাভ করে বাংলাদেশ বেতার। আর মুক্ত গণমাধ্যম ও আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে বাসসের মতো প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন উঠেছে। ব্যক্তি বা গোষ্ঠীবিশেষের হুকুম তামিলকারী প্রচারমাধ্যমের জন্য কেন জনগণের কষ্টার্জিত অর্থ ব্যয় হবে?
উল্লেখ্য, শেখ হাসিনার প্রথম সরকারের আমলে বেতার-টিভির স্বায়ত্তশাসন নিয়ে অনেক ঢাকঢোল পেটানো হলেও ফলাফল শূন্য। বর্তমান সরকার বেসরকারি খাতে বেতার-টিভির অনুমোদন দেওয়ার কৃতিত্ব দাবি করে। কিন্তু তাই বলে সরকারি মালিকানাধীন বেতার-টিভি কিংবা বার্তা সংস্থার জবাবদিহি থাকবে না?
জনগণের অর্থে পরিচালিত এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে যেসব অনিয়ম, দুর্নীতি, অযোগ্যতা ও অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া গেছে, তার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর বেসরকারি গণমাধ্যমের ওপর অযথা খবরদারি না করে সরকার নিজের প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে পরিচালনা করলে রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের অর্থের যথেচ্ছ অপচয় কিছুটা হলেও কমত।