দারিদ্র্য বিমোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়তনের তুলনায় অতি জনবহুল এই দেশে সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও গত প্রায় এক দশকে দারিদ্র্যের হার উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস পেয়েছে। সরকারনির্বিশেষে দারিদ্র্য হ্রাসের এই ধারাবাহিক প্রক্রিয়া অব্যাহত থাকার তাৎপর্য এই যে, এ দেশের সাধারণ মানুষ পরিশ্রমী; তার উদ্যম দুর্দমনীয়।
২০০০ সালে বাংলাদেশের ৪৮ দশমিক ৯ শতাংশ, অর্থাৎ মোট জনগোষ্ঠীর প্রায় অর্ধেকই ছিল দরিদ্র। এখন তা হ্রাস পেয়ে হয়েছে ২৫ দশমিক ৬ শতাংশ। দারিদ্র্য হ্রাসের এই গতি অব্যাহত থাকলে আগামী দেড় দশকের মধ্যেই বাংলাদেশের পুরোপুরি দারিদ্র্যমুক্ত হওয়ার কথা। তেমন আশাবাদ সত্ত্বেও এই বাস্তবতাও লক্ষ করা প্রয়োজন যে ১৩-১৪ বছর ধরে দারিদ্র্য হ্রাসের হার একই রকম ছিল না। ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত হ্রাসের হার ছিল পরের পাঁচ বছরের তুলনায় বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পর্যবেক্ষণ হলো, দারিদ্র্য হ্রাসের প্রবণতা ক্রমেই দুর্বল হচ্ছে।
এটা লক্ষণীয় যে সব সরকারই দারিদ্র্য বিমোচনকে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে থাকে। সরকারি নীতি-পরিকল্পনাগুলো সাধারণভাবে দারিদ্র্য হ্রাসে ভূমিকা পালন করে। তবে ব্যক্তিপর্যায়ের উদ্যোগ ও উদ্যমের ভূমিকাই বেশি কার্যকর বলে বিশেষজ্ঞরা মনে করেন। রাজনৈতিক অস্থিরতা, গণতন্ত্র ও সুশাসনের অভাব, অনিয়ম, দুর্নীতি, সন্ত্রাস ইত্যাদি ক্ষেত্রে উন্নতি ঘটলে দারিদ্র্য হ্রাসের হার ও গতি যে বৃদ্ধি পেত, এটা নিঃসংশয়ে বলা যায়।
দারিদ্র্য হ্রাসের সূচক দেখে আত্মতৃপ্তিতে ভোগার কিছু নেই। লক্ষ করা দরকার যে দারিদ্র্য অনেক হ্রাস পাওয়ার পরও এ দেশের দেড় কোটির বেশি মানুষ (১২ দশমিক ৪ শতাংশ) এখনো চরম দারিদ্র্যের মধ্যে দিনাতিপাত করছে। এদের দারিদ্র্য চক্র থেকে বের করে আনা এখনো অনেক বড় চ্যালেঞ্জ। চরম দারিদ্র্যও ক্রমেই হ্রাস পাচ্ছে বটে, তবে তা আরও বেশি হারে এবং দ্রুতগতিতে হ্রাস করতে হলে ব্যাপক সরকারি উদ্যোগ প্রয়োজন।