দারিদ্র্য মানচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে দরিদ্র মানুষের সংখ্যা ব্যাপক হারে কমেছে বলে সরকার যে দাবি করে আসছে, তার সঙ্গে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), বিশ্বব্যাংক ও জাতিসংঘ খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) প্রকাশিত দারিদ্র্য-মানচিত্র সংগতিপূর্ণ নয়। এই মানচিত্র ২০১০ সালের পরিস্থিতি তুলে ধরলেও গত তিন বছরে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে, এমনটি ভাবারও কারণ নেই। দারিদ্র্য কমছে, কিন্তু তার গতি এতই মন্থর যে ২০২১ সালে মধ্য আয়ের দেশ হওয়ার স্বপ্ন বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা খুবই কম।
এই মানচিত্রে যে তাৎপর্যপূর্ণ সত্য উদ্ঘাটিত হলো তা হচ্ছে, বাংলাদেশে ধনী-দরিদ্রের বৈষম্য যেমন প্রকট, তেমনি এক অঞ্চলের সঙ্গে অন্য অঞ্চলের উন্নয়নের অসমতাও ঢের বেশি। ভৌগোলিকভাবে এই দেশে এটিকে প্রদীপের নিচে অন্ধকারের সঙ্গেই তুলনা করা যেতে পারে।
এ কথা সত্য, গত কয়েক বছরের সরকারি ও বেসরকারি উদ্যোগ-আয়োজনে উত্তরাঞ্চলের মঙ্গা পরিস্থিতি অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। কিন্তু পিছিয়ে পড়া অন্য এলাকার দারিদ্র্য কমাতে কার্যকর পদক্ষেপ লক্ষ করা যায়নি। প্রাকৃতিক দুর্যোগকবলিত এলাকায় দারিদ্র্যের হার বেশি থাকতে পারে, কিন্তু ঢাকা বিভাগে দারিদ্র্যের হার অন্য বিভাগের চেয়ে বেশি হওয়াটা কেবল অস্বাভাবিক নয়, সরকারের ভুল নীতি ও কৌশলের ফল। সরকার ফি বছর বাজেটে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে যেসব কর্মসূচি নিয়ে থাকে, সেগুলো ঠিকমতো বাস্তবায়িত হলে পরিস্থিতি এতটা নাজুক হওয়ার কথা নয়।
সরকারের উচিত আরও বেশি পর্যবেক্ষণ ও গবেষণার মাধ্যমে দারিদ্র্য ও অনুন্নয়নের সমস্যাটি চিহ্নিত করে এর প্রতিকারে টেকসই পদক্ষেপ নেওয়া। যেসব অঞ্চলে কর্মসংস্থান কম আছে, সেসব অঞ্চলে কর্মসংস্থানমুখী শিল্পসহ অর্থনৈতিক কর্মযজ্ঞ বাড়ানো।