দারিদ্র্য হ্রাস, অপুষ্টি বৃদ্ধি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে যখন দারিদ্র্য ও চরম দারিদ্র্যের হার কমছে, নবজাতক শিশু ও প্রসূতি মায়ের মৃত্যুহারও যখন উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে আনা সম্ভব হয়েছে, তখন শিশুদের অপুষ্টি বেড়ে যাওয়ার ঘটনা নিশ্চয়ই উল্টোমুখী ও অস্বাভাবিক প্রবণতা নির্দেশ করে।
খাদ্য মন্ত্রণালয়ের এক পর্যবেক্ষণ প্রতিবেদন বলছে, গত দুই বছরে তীব্র অপুষ্টির শিকার শিশুর হার ২ শতাংশ বেড়ে ১৬ থেকে ১৮ শতাংশে উঠেছে। পাঁচ বছরের কম বয়সী প্রতি পাঁচটি শিশুর মধ্যে দুজনের উচ্চতা বয়সের তুলনায় কম। এ দেশে শিশু ও মায়ের পুষ্টি পরিস্থিতি কখনোই ভালো ছিল না। কিন্তু অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসের সঙ্গে সঙ্গে পুষ্টি পরিস্থিতির অগ্রগতি হওয়ার পরিবর্তে গত দুই বছরে শিশুদের ক্ষেত্রে কেন অবনতি হয়েছে, তা একটা বড় প্রশ্ন। খাদ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনটিতে যেসব কারণ উল্লেখ করা হয়েছে, যেমন: মায়ের অপুষ্টি, শিশুকে বুকের দুধ না খাওয়ানো, পারিবারিক আয়ের স্বল্পতা, খাদ্যনিরাপত্তাহীনতা ইত্যাদি—এসব সমস্যা আগেও ছিল। গত দুই বছর হঠাৎ করে এসব বাড়ার কোনো কারণ নেই।
সুতরাং শিশুদের অপুষ্টি বেড়ে যাওয়ার কারণগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা প্রয়োজন। এ জন্য দেশজুড়ে ব্যাপকভিত্তিক গবেষণা সমীক্ষা চালাতে হবে। শিশুদের বুকের দুধ খাওয়ানোর প্রবণতা আরও হ্রাস পেয়েছে কি না, শিশুর খাদ্যতালিকার গুণগত মান কমেছে কি না ইত্যাদি বিষয় ভালোভাবে খতিয়ে দেখা প্রয়োজন।
তবে সবকিছুর আগে প্রয়োজন একটি জাতীয় পুষ্টিনীতি গ্রহণ করা। ১০-১২ জনের একটি কারিগরি কমিটি পুষ্টিনীতির একটি খসড়া চূড়ান্ত করেছে বলে জানা গেছে। এভাবে অল্প কিছু মানুষের এটা করা উচিত নয়; পুষ্টি বিষয়ে বিশেষজ্ঞ জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিবর্গসহ ব্যাপকভিত্তিক আলোচনা-পরামর্শের ভিত্তিতে জাতীয় পুষ্টিনীতির খসড়া প্রণয়ন করা উচিত। কারিগরি কমিটি ইতিমধ্যে যে খসড়াটি তৈরি করেছে, তা সংবাদমাধ্যম ও ইন্টারনেটে প্রকাশ করেও আগ্রহীদের মতামত চাওয়া যেতে পারে।