দারিদ্র্য হ্রাসে মন্থর গতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের শীর্ষ পর্যায় থেকে দারিদ্র্য হ্রাসে যে সাফল্যের চিত্র তুলে ধরা হয়, তার সঙ্গে বাস্তবের মিল তেমন নেই। দারিদ্র্য হ্রাসে বাংলাদেশের অগ্রগতি হচ্ছে—এ কথা ঠিক; কিন্তু সেই অগ্রগতির গতি খুবই মন্থর। দেশে দারিদ্র্যের হার কমলেও দরিদ্র মানুষের সংখ্যা কমেনি। খানার আকার, পরিবারপ্রধানের শিক্ষাগত যোগ্যতা ও সম্পত্তির তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দারিদ্র্যসীমা নিরূপণ করা হয়। গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষার তথ্য অনুযায়ী, ১৯৯১-৯২ থেকে ২০১০ সাল পর্যন্ত দারিদ্র্য হ্রাসের বার্ষিক হার ছিল ২ দশমিক ৪৬ শতাংশ। এই ধারা চলতে থাকলে ২০১৩ ও ২০২১ সালে দারিদ্র্যের হার মোট জনসংখ্যার যথাক্রমে ২৯ দশমিক ২০ ও ২২ দশমিক ৯ শতাংশে দাঁড়াবে। যদিও সরকারের নির্বাচনী ইশতেহারে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল যথাক্রমে ২৫ ও ১৫ শতাংশ। পরিসংখ্যানমতে, ১৯৯১-৯২ সালে যেখানে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা ছিল পাঁচ কোটি ১৬ লাখ, সেখানে ২০০৫ সালে তা বেড়ে পৌঁছেছে পাঁচ কোটি ৪৮ লাখে। বর্তমানে এই সংখ্যা আরও বেশি। গবেষণায় দেখা গেছে, যেসব পরিবারের প্রধান শিক্ষিত ও লোকসংখ্যা কম, সেসব পরিবার সহজেই দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে আসতে পারে। কিন্তু যেসব পরিবারের লোকসংখ্যা বেশি এবং পরিবারের প্রধান শিক্ষিত নন, সেসব পরিবারের দারিদ্র্য অবস্থা থেকে বেরিয়ে আসা কঠিন। অর্থাৎ দারিদ্র্যের সঙ্গে অশিক্ষা ও জনসংখ্যা বৃদ্ধির সম্পর্কটি ওতপ্রোতভাবে জড়িত। সে ক্ষেত্রে কেবল খাদ্যনিরাপত্তা বেষ্টনী তৈরি কিংবা ক্ষুদ্রঋণ দিয়ে দারিদ্র্যমুক্তি হবে না। সম্পদ বৃদ্ধির পাশাপাশি ধনী-গরিবের বৈষম্য কমিয়ে আনাও জরুরি।একদিকে সরকার দারিদ্র্যমুক্তির কথা বলছে, অন্যদিকে জনসংখ্যাকে সমস্যা হিসেবে দেখছে না। এটি সরকারের স্ববিরোধী নীতি। দেশকে দারিদ্র্যমুক্ত করতে হলে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও শিক্ষা বিস্তারের ওপরই জোর দিতে হবে। স্বাধীনতার ৪০ বছর পরও দেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশ নিরক্ষর থাকা লজ্জাজনক ঘটনা। দারিদ্র্য হ্রাসের গতি বাড়াতে হলে সমন্বিত ও টেকসই পরিকল্পনা গ্রহণ এবং তার যথাযথ বাস্তবায়নের বিকল্প নেই।