দারিদ্র্যপ্রবণ এলাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট বক্তৃতায় ১০০টি দারিদ্র্যপ্রবণ এলাকার সব প্রবীণ ব্যক্তি, প্রতিবন্ধী, দুস্থ ও বিধবা নারীকে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনার কথা বলেছেন। এ জন্য বাজেটে অতিরিক্ত বরাদ্দও রেখেছেন। দেশে মোট উপজেলার সংখ্যা ৪৯২। সে ক্ষেত্রে অর্থমন্ত্রী এক-পঞ্চমাংশ উপজেলাকে দারিদ্র্যপ্রবণ হিসেবে ঘোষণা করে বাড়তি সহায়তার আশ্বাস দিয়েছেন। এটি ভালো উদ্যোগ।

কিন্তু সেই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে ওই দারিদ্র্যপ্রবণ ও অর্থনৈতিকভাবে দুর্বল এলাকায় তো কেবল প্রবীণ, দুস্থ ও বিধবা নারীরা বাস করেন না। সেখানকার জনশক্তির প্রধান অংশ হলো তরুণ ও কর্মক্ষম ব্যক্তি, তাঁদের কথাও ভাবতে হবে। করোনা সংকটের আগে তাঁদের বেশির ভাগেরই কাজের সংস্থান ছিল নিজ নিজ এলাকায় কিংবা এলাকার বাইরে। কিন্তু এখন তাঁরা কর্মহীন হয়ে পড়েছেন। প্রথম আলোতে ‘সরেজমিন কুড়িগ্রাম’ শিরোনামে যে তিন পর্বের প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাতে কেবল ওই এলাকার গরিব মানুষের দুরবস্থাই প্রকটভাবে ধরা পড়েনি, অনেকে আক্ষরিক অর্থেই অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন। করোনার প্রাদুর্ভাবের আগে যখন সারা দেশে দারিদ্র্যের হার ছিল ২০ থেকে ২২ শতাংশ, তখনো কুড়িগ্রামে দারিদ্র্যের হার ছিল ৭১ শতাংশ। এখন সেই সংখ্যা আরও বেড়েছে। যাঁরা এলাকার বাইরে গিয়ে কাজ করতেন, করোনার কারণে তাঁরা আটকা পড়েছেন। যাঁরা এলাকায় ছোটখাটো কাজ করে জীবিকা নির্বাহ করতেন, তাঁদের সেই পথও প্রায় বন্ধ। কাজ হারানো মানুষকে সরকার যে এককালীন ২ হাজার ৫০০ টাকা সহায়তা দিয়েছে, সেটি স্থায়ী সমাধান নয়। এই টাকায় তাঁরা কত দিন চলবেন?

প্রথম আলোর কাছে ভুক্তভোগী নারী-পুরুষ যে অভিজ্ঞতা বর্ণনা করেছেন, তা–ও সুখকর নয়। এই মহাদুর্যোগের সময়ও গরিব মানুষের তালিকা তৈরি নিয়ে নয়ছয় করা, স্থানীয় জনপ্রতিনিধিদের পাল্টাপাল্টি অবস্থান কিংবা স্বজনপ্রীতির ঘটনা হামেশাই ঘটছে।

প্রথম আলোর প্রতিবেদনে দেশের সবচেয়ে দারিদ্র্যপ্রবণ জেলা কুড়িগ্রামের চিত্র তুলে ধরা হয়েছে। উত্তরাঞ্চলের অন্যান্য দারিদ্র্যপ্রবণ জেলা, পার্বত্য চট্টগ্রামের তিন জেলা ও দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে অধিক সংখ্যক মানুষ কাজ হারিয়েছেন। ব্র্যাকের এক জরিপে বলা হয়, করোনাকালে দেশের ৯৫ শতাংশ মানুষের আয় কমেছে। অপর এক জরিপে দেখা গেছে, উপকূলের ৬৫ শতাংশ মানুষ মহাজনি ঋণের ওপর নির্ভরশীল। মহাজনি ঋণের ওপর নির্ভরশীল হওয়া মানে প্রজন্মান্তরে সেই ঋণের বোঝা বহন করা। উপকূলীয় অঞ্চলের মানুষ যে কী ভয়াবহ অবস্থায় আছে, সাম্প্রতিক আম্পানে আরও একবার তা প্রমাণিত হলো।

এ অবস্থায় আমরা মনে করি, কেবল আর্থিক অনুদান দিয়ে দারিদ্র্যপ্রবণ এলাকার সমস্যার সমাধান করা যাবে না। এ জন্য সংশ্লিষ্ট এলাকায় অর্থনৈতিক কার্যক্রম পুরোদমে চালু করতে হবে। করোনার আগে যিনি যে পেশায় ছিলেন, সম্ভব হলে তাঁকে সেই পেশায় ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। কুড়িগ্রামের ডিসি জেলার অনাবাদি জমি আবাদের আওতায় এনে কিছু লোকের কর্মসংস্থানের কথা বলেছেন। সে ক্ষেত্রে জরুরি ভিত্তিতে সরকারি খাসজমি গরিব মানুষের মধ্যে লিজ দেওয়া যেতে পারে। এ ছাড়া এসব এলাকায় শ্রমঘন ছোট ও মাঝারি শিল্প গড়ে তোলা প্রয়োজন, যাতে অধিক মানুষের কর্মসংস্থান হতে পারে।

অর্থনীতিবিদেরা উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠার তাগিদ দিয়ে আসছিলেন অনেক আগে থেকেই। কিন্তু সরকারের নীতিনির্ধারকেরা উত্তরাঞ্চল মঙ্গামুক্ত হওয়ার আহ্লাদে এতটাই মশগুল ছিলেন যে সেসব ভাবারই সময় হয়নি। টেকসই উন্নয়নের দিকে নজর দেননি। এবার করোনা সংকট তাঁদের বোধোদয় ঘটাবে কি?