নানা দেশে দীর্ঘদিন পড়ার নামে অবস্থান শেষে নিজেকে যখন মূল্যহীন মনে হচ্ছিল, তখন অস্ট্রেলিয়ায় পিএইচডি থিসিস জমা দিয়ে দেশে ফিরে এসেছি এবং বেকার। ১৯৮৭ সালের গোড়ার দিকে আমার সঙ্গে পিএইচডি করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের আবদুস সালাম দ্রুত চট্টগ্রাম যেতে অনুরোধ করলেন। তিনি বেশি বয়সে ডিগ্রি করতে গেলেও নিয়মিতভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে অবস্থান এবং শ্রেষ্ঠ থিসিসের পুরস্কার পেয়ে প্রমাণ করেছিলেন যে তাঁর প্রাণশক্তি আমাদের থেকে মোটেই কম ছিল না। যা হোক, আবদুস সালামের কথায় দারাপুত্র পরিবারসহ চট্টগ্রাম থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর ভ্রমণটি এতই কষ্টকর লেগেছিল যে প্রথম পরিচয়ে যে কিছুটা সৌজন্যবোধ দেখানো প্রয়োজন, সেই ভদ্রতাবোধও লোপ পেয়েছিল। তিনি আমাকে অত্যন্ত আগ্রহের সঙ্গে গণিত বিভাগের প্রধানের অফিসকক্ষে নিয়ে গেলেন। অধ্যাপক জামাল নজরুল ইসলাম স্যারের সঙ্গে আমার পরিচয় হলো। একটি সভায় ব্যস্ত থাকা সত্ত্বেও আমার থিসিসের বিষয়টি জেনে নিজেই আগ্রহ করে আমাকে তাঁর নিজের কক্ষে নিয়ে গেলেন। ইতিমধ্যে আমার জানা হয়ে গেছে যে আমি একজন নামকরা জ্যোতিঃপদার্থ বিজ্ঞানীর সাক্ষাৎ পেলাম, যদিও আমার বিষয়টির সঙ্গে ওই শাস্ত্রের বিন্দুমাত্র যোগাযোগ নেই। এর মধ্যে কক্ষে গিয়ে আমার থিসিস বিষয়ে যে জ্ঞানগর্ভ কয়েকটি বাক্য উচ্চারণ করলেন, তাতে আমিও অবাক হয়ে গেলাম। যেকোনো বিষয়ের শৃঙ্গে পৌঁছালে যে তা দর্শন হয়ে যায়, এই আপ্তবাক্যটির সত্যতা আমি তখন উপলব্ধি করতে পারলাম। আমার পড়ালেখার মধ্যে যেটুকু গণিত রয়েছে তা মোটেই ট্রাডিশনাল গণিত নয়, তাই পদার্থবিজ্ঞানী কিংবা গণিতবেত্তাদের বিচরণক্ষেত্রের সঙ্গে তার মিল নেই। তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানে যে গণিতের প্রয়োজন, তার জন্মও কিন্তু বেশি দিন আগে হয়নি। তাই এমনকি গণিতবেত্তারা তা বিশুদ্ধ কিংবা ফলিত যা-ই হোন না কেন, এই গণিতের সঙ্গে তাদের মেলামেশা কম। এমন একটি আধুনিক শাখায় স্যারের স্বতঃস্ফূর্ত, স্বচ্ছন্দ এবং প্রাঞ্জল আলাপ আমাকে যারপরনাই মোহিত করেছিল। আমার জীবনে কোনো নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার সুযোগ হয়নি, আর আমার সামনে বসা মানুষটি খোদ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনাকে পেছনে ফেলে বাংলাদেশের এক প্রান্তে অবস্থিত, হোক না তা নামকরা সমুদ্রবন্দর, বসবাস করছেন এবং প্রতিদিন কর্মস্থলে যাচ্ছেন ট্রেনযোগে, যাতে একবার চড়েই আমাকে সিদ্ধান্ত নিতে হলো কোনোভাবেই এখানে নয়।তারপর স্যার যত্নের সঙ্গে সেখানে একটি গবেষণা ইনস্টিটিউট করেছেন, নানা আর্থিক প্রতিকূলতার মধ্যেও সেখানে ওয়ার্কশপ ও কনফারেন্স করেছেন, কখনো গণিত, পদার্থবিদ্যা, কখনো বা অর্থনীতি কখনো বা কম্পিউটিংয়ের ওপর। তাতে বক্তা হিসেবেও নিয়ে এসেছেন জাঁদরেল বিজ্ঞানীদের। একবার আমার খুব শখ হলো বাংলাদেশ বিজ্ঞান একাডেমির বিদেশি ফেলো হিসেবে আমাদের স্বনামধন্য ছাত্র এবং এখন মোনাশ বিশ্ববিদ্যালয়ের জিপসল্যান্ড ক্যাম্পাসের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান ড. মঞ্জুর মুর্শেদের পিএইচডি সুপারভাইজর নামকরা বিজ্ঞানী অধ্যাপক রিচার্ড ব্রেন্টকে নমিনেশন দেওয়ার। যেহেতু একাডেমিতে কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপকের সংখ্যা একটি বাইনারি অঙ্কে প্রকাশ করা যেত, তাই আমাদের বিজ্ঞানী সমাজের অনুকূল মতামত পেতে আমি স্যারকে ব্রেন্টের কর্মবৃত্তান্ত দেখাতেই তিনি নমিনেশনের পক্ষে অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করলেন। একবার কোনো একটি কনফারেন্সে আমার এক ছাত্রের উপস্থাপিত গবেষণা প্রবন্ধের ওপর স্যার জ্ঞানগর্ভ যে বক্তৃতা দিলেন, তাতে আমি যারপরনাই মোহিত হলাম। নানা কারণে আমি স্যারকে একাধিকবার চিঠি দিয়েছি, যার যথাযোগ্য উত্তর দিয়ে স্যার আমাকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেছেন। কয়েক বছর আগে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় যখন দেশে উচ্চতর গবেষণাকে উৎসাহিত করার জন্য অর্থানুকূল্যের সিদ্ধান্ত নিল, তখন আমরা অধ্যাপক জামাল নজরুল ইসলাম স্যারকে সেই কমিটির চেয়ারম্যান হওয়ার জন্য অনুরোধ করলাম, যা তিনি রেখেছিলেন। সুদূর চট্টগ্রাম থেকে এসে সেই কমিটির সভা করতে স্যারের নিশ্চয়ই অসুবিধা হতো, তাও তিনি এই কাজ বেশ আগ্রহ নিয়ে করতেন। তিনি গভীরভাবে বিশ্বাস করতেন আমাদের দেশের প্রভূত উন্নতি হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রকল্প প্রস্তাবের বিপরীতে অর্থবরাদ্দে তিনি ছিলেন অত্যন্ত উদার, মনে তাঁর কোনো ক্ষুদ্রতার লেশ ছিল না, ব্যবহারে ছিলেন আন্তরিক ও অমায়িক। মনে-প্রাণে বিশ্বাস করতেন, বিদেশি সাহায্যে দেশের কোনো উপকার হবে না। তিনি বলতেন, ‘অর্থের মাত্রাতিরিক্ত দৈন্য খারাপ, মাত্রাতিরিক্ত অর্থ আরও খারাপ।’ বক্তৃতায় জামাল নজরুল ইসলাম সাহিত্য এবং নানা ভাষায় ব্যবহূত চিরন্তন বাণী ব্যবহার করতেন অত্যন্ত স্বচ্ছন্দে। তাঁর গণিত এবং পদার্থবিজ্ঞানের গবেষণায় কখনো সমাজ, মানুষ বিচ্ছিন্ন হয়নি, অত্যন্ত সমাজসচেতন ছিলেন ঋষিতুল্য এই মানুষটি। মুক্তিযুদ্ধের দিনগুলোতে গবেষণা ও জ্ঞানার্জনের পাশাপাশি মাতৃভূমির প্রতি তাঁর যে দায়িত্ব ও কর্তব্য, তা সুচারুভাবে পালন করেছিলেন। সেই দুঃসময়ে তিনি ব্রিটিশ সরকার, সে দেশের বিজ্ঞানী ও বুদ্ধিজীবীদের বাংলাদেশের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করেছিলেন। আমাদের ছোট ছোট অর্জনেও এই বিজ্ঞানী উৎসাহ জোগাতেন অকুণ্ঠ চিত্তে। কেমব্রিজের মতো জগদ্বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদ ছেড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদে তিনি যোগ দিতে পেরেছিলেন গভীর দেশপ্রেমের কারণে। বিদেশে থাকলে তিনি অনেক বেশি সুখে-স্বাচ্ছন্দ্যে থাকতে পারতেন। তাঁর অনেক বন্ধু ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জ্ঞানতাপস। তাঁরা দেশে-বিদেশে যথাযথ সম্মান ও খ্যাতি পেয়েছেন। কিন্তু আমরা কি তাঁকে তাঁর প্রাপ্য সম্মানটুকু দিতে পেরেছি? এই নিরহংকার, প্রচারবিমুখ মানুষটির লেখা এবং আট-নয়টি ভাষায় অনূদিত দি আলটিমেট ফেট অব দি ইউনিভার্স বইটি বিশ্বের জ্ঞানভান্ডারে বাংলাদেশি বিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ অবদান হিসেবে থাকবে। স্যার নিশ্চয়ই আপন মাহাত্ম্য ও ঔদার্যে আমাদের সব অপারগতা ক্ষমা করবেন।। মোহাম্মদ কায়কোবাদ: অধ্যাপক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ফেলো, বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস।