রোহিঙ্গা অনুপ্রবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তে কঠোর প্রহরাসহ নানামুখী প্রয়াস সত্ত্বেও বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করা যাচ্ছে না। টেকনাফ উপজেলার হোয়াইকাং কাটখালীর পানবাজারের ঘটনাটি অধিক উদ্বেগজনক এ কারণে যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বাধা দিলে স্থানীয় দালালেরা তঁাদের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে বিজিবির একজন হাবিলদার গুলিবিদ্ধ হন।
পত্রিকার খবর থেকে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে শতাধিক রোহিঙ্গা বাংলাদেশে চলে আসে টেকনাফের হোয়াইকাং কাটাখালী গ্রামে একটি ওয়াজ মাহফিলে যোগ দিতে, যাদের মধ্যে নারী ও শিশুরাও ছিল। ওয়াজ মাহফিলে যোগদান দোষের নয়। কিন্তু ভিন দেশের নাগরিকদের বাংলাদেশে আসতে যে বৈধ কাগজপত্র তথা ভিসার প্রয়োজন হয়, তা তাদের ছিল না। দ্বিতীয়ত, নারী ও শিশুদের মাহফিলের উদ্দেশ্যে নয়, এখানে স্থায়ীভাবে বসবাসের জন্যই আনা হয়েছিল।
রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তাকারী দালাল চক্রটি এতটাই শক্তিশালী যে তারা বিজিবি কর্মকর্তাকে গুলিবিদ্ধ করেছে। এই দুঃসাহস তারা কোথায় পেল? তাহলে কি এই দালালদের সঙ্গে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের যোগসাজশ আছে? পুলিশের দাবি, পালংখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও বিএনপির নেতা গফুরউদ্দিনের লোকজন হামলা চালায়। যদিও তিনি হামলার ঘটনা সম্পর্কে কিছু জানেন না বলে দাবি করেছেন। কিন্তু তাঁর ইউনিয়নে কারা এসব অপকর্মের সঙ্গে জড়িত, জনপ্রতিনিধি হিসেবে তা তাঁর অজানা থাকার কথা নয়।
অনুপ্রবেশ বন্ধ করা ও সীমান্তের নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত একজন বিজিবি কর্মকর্তার দালালদের হাতে গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে হালকাভাবে দেখার অবকাশ নেই। এর সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার পাশাপাশি তাদের আন্তর্জাতিক জালও ছিন্ন করে দেওয়া জরুরি। এবার বিজিবির সদস্যরা আগত ১০৮ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছেন। এ জন্য তঁারা ধন্যবাদ পেতে পারেন। কিন্তু ফেরত পাঠানোর চেয়ে কীভাবে তাদের প্রবেশ চিরতরে বন্ধ করা যায়, সেদিকেই এখন সংশ্লিষ্টদের মনোযোগ বাড়াতে হবে।