দায় কার? জবাবদিহি কোথায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পাঠ্যবইগুলোতে ভুল নিয়ে যে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া চলছে, তার যথাযথ প্রতিকারের কার্যকর উদ্যোগ এখনো লক্ষ করা যাচ্ছে না। এনসিটিবির চেয়ারম্যানকে প্রধান করে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি কালক্ষেপণ করছে এবং বলছে যে তাদের ‘আরেকটু সময় লাগবে’।
প্রথমত, ভুলগুলো কী প্রক্রিয়ায় হয়েছে, এর জন্য কারা দায়ী, যাঁরা দায়ী তাঁরা কেন দায়ী, অর্থাৎ তাঁদের দক্ষতা-যোগ্যতার অভাব আছে কি না, দায়িত্ব পালনে তাঁদের অযত্ন ও অবহেলা ছিল কি না—এই বিষয়গুলো বিশদভাবে জানার আগেই এনসিটিবির দুই কর্মকর্তাকে ওএসডি করা এবং একজন অঙ্কনশিল্পীকে সাময়িকভাবে বরখাস্ত করার পেছনে সমাজের ক্ষোভ প্রশমিত করার চেষ্টা থাকতে পারে। কিন্তু এ ধরনের প্রলেপ-মাখানো পদক্ষেপ কখনো ফলপ্রসূ হয় না।
দ্বিতীয়ত, পাঠ্যবইগুলোতে ভুলত্রুটি ধরা পড়ল এবারই প্রথম নয়। প্রতিবছরই এ রকম ঘটছে, কিন্তু সে জন্য কাউকে জবাবদিহি করতে দেখা যাচ্ছে না, ভুলের দায়ে কারও কোনো শাস্তি হচ্ছে না। এবারে তিনজনের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটাও লোক দেখানো ব্যাপার মাত্র। আসলে পাঠ্যবইয়ের ভুলত্রুটির ব্যাপারে যেন দায়মুক্তির সংস্কৃতি গড়ে উঠেছে।
কিন্তু পাঠ্যবইয়ের ভুলত্রুটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের কাছে যদি একটা গা-সহা ব্যাপারে পরিণত হয়ে থাকে, তবে তা জাতির জন্য এক গুরুতর বিপদ ডেকে আনবে। তাই এবারই এই ভুলের সংস্কৃতির অবসান ঘটানোর লক্ষ্যে স্থায়ী পদক্ষেপ নিতে হবে। পাঠ্যবই প্রণয়ন, সম্পাদনা ও মুদ্রণের কাজের দায়িত্ব দিতে হবে সর্বাধিক যোগ্যতাসম্পন্ন ও দায়িত্বশীল ব্যক্তিদের। কয়েকটি ধাপে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে শতভাগ নির্ভুল পাঠ্যবই ছাপানোর লক্ষ্য নিতে হবে। ভুলত্রুটি হতেই পারে—এই মনোভাব পাঠ্যবইয়ের ক্ষেত্রে সম্পূর্ণভাবে পরিত্যাজ্য।
এভাবের ভুলত্রুটির পেছনে কোনো পদ্ধতিগত সমস্যা ছিল কি না, সংশ্লিষ্ট ব্যক্তিদের পেশাদারি দক্ষতা-যোগ্যতা-দায়িত্বশীলতার অভাব ছিল কি না—এসব বিষয় সঠিকভাবে জানার জন্য এনসিটিবির সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট নন এমন ব্যক্তিদের সমন্বয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হোক।
ভুলত্রুটি ছাড়া যে বিষয়টি গুরুতর বিতর্ক ও প্রতিবাদের জন্ম দিয়েছে, তার পেছনে আছে প্রায়োগিক রাজনৈতিক স্বার্থভাবনা। এবং সেই কারণে তা অতিমাত্রায় বিপজ্জনক। পাঠ্যবইয়ের ১৩ জন সংকলক ও সম্পাদক এক যৌথ বিবৃতিতে বলেছেন, পাঠ্যবইগুলো থেকে লেখা বাদ দেওয়া সম্পর্কে তাঁদের কিছুই অবহিত করা হয়নি। এটা এককথায় অকল্পনীয়।