দায় না নেওয়া বেহাল উন্নয়ন আর কত দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

দেশকে এগিয়ে নিতে সব খাতেই বহুমুখী প্রকল্প হাতে নিয়েছে সরকার। কিন্তু কতটুকু চাহিদা এবং প্রয়োজন অনুসারে সেসব প্রকল্প অনুমোদন ও বাস্তবায়িত হচ্ছে? সবার নজর তো থাকে বড় বড় প্রকল্পের অগ্রগতির দিকেই। এর মধ্যে জামালপুর ও সাতক্ষীরার দুটি প্রকল্প বাস্তবায়নের পর জানা গেল, সেগুলো কোনো কাজেই আসবে না। মানুষের উপকারের জন্য কোটি কোটি টাকার প্রকল্প উল্টো এখন দুর্ভোগের কারণ।

জামালপুরের বাহাদুরাবাদে ১৩৬ কোটি টাকায় ফেরিঘাটসহ নানা অবকাঠামো নির্মাণের পর জানা গেল, ফেরি চালানো সম্ভব নয়। প্রকল্পটি কাজে এলে ময়মনসিংহ ও জামালপুর জেলার এবং রাজশাহী ও রংপুর বিভাগের মানুষকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বঙ্গবন্ধু সেতু হয়ে চলাচল করতে হতো না। বিশাল প্রবেশদ্বার, বাস টার্মিনাল, টোল বুথ, নিরাপত্তা ব্যারাক, ফায়ার সার্ভিস স্টেশন, নাবিকদের ব্যারাক, বৈদ্যুতিক ও জেনারেটর সাবস্টেশন, বিশ্রামাগার, মসজিদ, রেস্তোরাঁ, শৌচাগার, রাস্তা, ফুলের বাগানসহ কত কিছুই করা হয়েছে। কিন্তু পুরো প্রকল্পটিই ব্যর্থ।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পূর্ণাঙ্গ সম্ভাব্যতা সমীক্ষা ছাড়াই এ প্রকল্প হয়েছে। কয়েকবার চেষ্টা করেও ফেরি চালানো যায়নি। রুটটি ফেরি চলাচলের উপযোগী নয়। তাঁর দায়িত্বকালীন এ প্রকল্প নেওয়া হয়নি বলে দায় নিতে রাজি নন তিনি। ২০১৩ সালে তখনকার নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভায় রুটটি চালুর সিদ্ধান্ত হয়। তিনিসহ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধিরা সেখানে পরিদর্শনেও গিয়েছিলেন। কোনো ধরনের সমীক্ষা ছাড়াই প্রকল্প নিয়ে সরকারি অর্থের অপচয়ের এ দায় কার, এখন এমন প্রশ্নের মুখোমুখিই হতে চান না শাজাহান খান।

প্রকল্পের অধীনে ২৬ কিলোমিটার নৌপথও খনন করা হয়। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, নদীর পাড়ে রাখায় খননের সেই বালু-মাটি আবার নদীতেই চলে গেছে। তাঁরা মনে করেন, কমিশন–বাণিজ্যের কারণে কোনো পরিকল্পনা ছাড়াই এ প্রকল্প করা হয়েছে। একই ধরনের অভিযোগ পাওয়া গেল সাতক্ষীরা সদরের হাজিখালীতে পানিনিষ্কাশনের জন্য প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি জলকপাট নিয়েও। সেখানে এক ফোঁটা পানিও নিষ্কাশিত হয় না। এর কারণে উল্টো জলাবদ্ধতায় ভুগছেন ২৫ হাজার গ্রামবাসী। মূলত যেখানে জলকপাট প্রয়োজন ছিল, তার বদলে করা হয়েছে অন্য জায়গায়। দুঃখজনক হচ্ছে, এসব অহেতুক, অপ্রয়োজনীয় ও পরিকল্পনাহীন উন্নয়নের দায় কেউ নিচ্ছে না। হয় না কোনো তদন্ত কমিটিও। এর জন্য কি কারও কোনো শাস্তি হবে না? উন্নয়নের নামে এভাবে সরকারি অর্থ অপচয় কবে বন্ধ হবে।