করোনার মধ্যেও দেশের সড়ক পরিবহনব্যবস্থার শোচনীয় অবস্থাটি অপরিবর্তিত রয়ে গেছে। সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো হয়তো এখন উন্নয়ন বা কোনো সংস্কারের কথা বললেই তারা করোনা সংকটের দোহাই দেবে।
আসলে সড়ক প্রশাসন ভেঙে পড়ে আছে। তারা চাইলেই হয়তো কোথাও ন্যূনতম শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারে না। যদি সেটাই হতো, চালকদের প্রশিক্ষণ বা চলন্ত যানে চালক ও যাত্রীদের সিটবেল্ট বাঁধার মতো মামুলি কাজ শুরু করতেও উদাসীন থাকত না।
করোনা এবং বর্ধিত ভাড়ার কারণে মানুষ আপাতত ঘর থেকে বের হতে সংযতই থাকছে। লকডাউন ছিল একটা লম্বা সময়। কিন্তু এ অবস্থার মধ্যেও মার্চ থেকে জুলাই পর্যন্ত পাঁচ মাসে সড়কে ১ হাজার ২০৫টি দুর্ঘটনা ঘটেছে। আগের দুই মাসে দুর্ঘটনা ছিল ৭০০–এর বেশি। মোট সাত মাসে ২ হাজার ৪৮২ জন নিহতের মধ্যে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ১ হাজারের কম। করোনাকালেও মাসে সড়কে লাশ পড়ছে গড়ে তিন শর বেশি। এই সাত মাসে সড়ক দুর্ঘটনায় আহতের সংখ্যাও কম নয়, প্রায় ৪ হাজার। হতাহতদের মধ্যে উল্লেখযোগ্য মানুষ যে তঁাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন, তাতে সন্দেহের অবকাশ কম।
দেশে মৃত্যুজনিত ক্ষতিপূরণ নিয়ে একটা পরিহাস চলছে। করোনায় সাড়ে পাঁচ মাসে মৃতের সংখ্যা ৩ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যাঁরা সেরে উঠেছেন, ব্যতিক্রম বাদে তঁারা কর্মহীন হবেন না। কিন্তু সড়কের চিত্র ভয়াবহ। দেশের অর্থনীতি বা পরিবারে সড়ক দুর্ঘটনার অভিঘাত অনেক তীব্র। করোনায় মৃত ও আক্রান্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ক্ষতিপূরণের রাষ্ট্রীয় নীতি কার্যকর। অথচ প্রজাতন্ত্রের মালিক যাঁরা গরিব জনগণ, তাঁরা সড়ক-নৈরাজ্যের বলি হচ্ছেন। তঁাদের জন্য কোনো ক্ষতিপূরণ নেই। করোনার আগে সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান আমাদের বলেছিলেন, ক্ষতিপূরণের বিধির খসড়া প্রায় চূড়ান্ত। এ বিধি না থাকার কারণে তঁারা ক্ষতিপূরণ দিতে অপারগ থাকছেন।
আমরা জেনেছি, এ বিষয়ে কোনো অগ্রগতি নেই। সড়ক পরিবহন খাতে শুধু প্রতিশ্রুতি আছে, কাজের কাজ কিছুই নেই। তবে মালিকদের স্বার্থ রক্ষা করে বর্তমান ক্ষতিপূরণের আইনটি যেভাবে তৈরি হয়েছে, তাতে ক্ষতিপূরণের নিয়ম কতটুকু সুফল দেবে, সেই প্রশ্ন রয়েছে। এরপরও এ বিষয়ে সরকারি নির্লিপ্ততার বিরুদ্ধে জরুরি ভিত্তিতে একটি বিচার বিভাগীয় প্রতিকার চাওয়া সময়ের দাবি।
দুই বছর আগে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কে বিশ্রামাগার নির্মাণ, দূরপাল্লার পথে দুজন করে চালক রাখার যে নির্দেশনা দিয়েছিলেন, সেটাও বাস্তবায়নের কাজ শুরু করতে পারেনি প্রশাসন। পরিবহনের সংখ্যা ৪৪ লাখ আর চালকের মোট সংখ্যা ৩২ লাখ আর স্বীকৃত মতেই ১৪ লাখ ভুয়া চালক আছেন। এখন চালকদের লাইসেন্স নবায়ন পর্যন্ত বন্ধ আছে। অন্যদিকে নতুন যানবাহনের নিবন্ধন দেওয়া কিন্তু বন্ধ নেই। তার মানে প্রশাসন অবৈধ কার্যক্রমকে উৎসাহিত করছে।
সার্বিক বিচারে আমরা মনে করি, সড়ক ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের একটা জবাবদিহি দরকার। কারণ, তাঁদের প্রত্যেকের জানা কার কী করতে হবে। সুতরাং কে কী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, তা হাতড়ে বেড়াতে হবে না।
সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা সম্পূর্ণ জেনেশুনে কাজের কাজ কিছুই না করে প্রকারান্তরে এ খাতে নৈরাজ্য, দুর্নীতি এবং তার পরিণতিতে সড়ককে একটি পাকাপাকি মৃত্যুফাঁদ তৈরি করে রাখতে ভূমিকা রাখছেন। গণপরিবহনে তাই একটা পদ্ধতিগত হত্যাকাণ্ড চলছে। ২০১৮ সালে প্রধানমন্ত্রীর পাঁচ নির্দেশনা (একই সময়ে মন্ত্রিসভা কমিটির দেওয়া ৩৩ দফা নির্দেশনাও অকার্যকর) কী করে দুই বছরেও উপেক্ষিত থাকল, এর জবাবদিহিটা আশু নিশ্চিত করা কাম্য। অচলাবস্থার অবসান চাইলে যথা শাস্তি দেওয়ার একটা দৃষ্টান্ত দরকার।