দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াসার পানির পাম্প হোক আর শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্য অপসারণের নালাই হোক, সেগুলো ঢাকনা দিয়ে রাখাই নিয়ম। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিরা এই নিয়ম মানেন না বলে প্রায়ই দুর্ঘটনা ঘটে এবং তার শিকার হয় শিশুরা, বিশেষ করে দরিদ্র পরিবারের শিশুরা। সচ্ছল পরিবারের শিশুরা ঘরের বাইরে বের হলে তাদের সঙ্গে কোনো না কোনো স্বজন বা পরিচর্যাকারী থাকেন। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে সেটি সম্ভব হয় না। এসব নালা বা পানির পাইপ ঢাকনা না দিয়ে রাখা গুরুতর অপরাধ। শ্যামপুরের নালার বিষয়ে ওয়াসা বলেছে, এটি তাদের নয়, বেসরকারি প্রতিষ্ঠানের। আর স্থানীয় থানা-পুলিশ ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছে।

 আমাদের প্রশ্ন, এই মর্মান্তিক ঘটনা ঘটার আগে কেন ব্যবস্থা নেওয়া হলো না? শিশু ইসমাইলের মা-বাবার আহাজারি ওই প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের কানে পৌঁছাতে না পারে, কিন্তু তাঁরা কোনোভাবেই দায় এড়াতে পারেন না। মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, তারপরও বলব, ওই প্রতিষ্ঠানটির উচিত অবিলম্বে নালার ওপর ঢাকনা স্থাপনের পাশাপাশি শিশুটির বাবা-মাকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া।

এই ঘটনাটি ঢাকা সিটি করপোরেশন এলাকার বাইরের। কিন্তু ঢাকা সিটি করপোরেশন এলাকায়ওএ রকম ঢাকনামুক্ত বহু নালা, ম্যানহোল নামের মৃত্যুফাঁদ রয়েছে। কিন্তু জিহাদের মর্মান্তিক মৃত্যুর পরও সিটি করপোরেশন কর্তৃপক্ষ প্রতিকারের ব্যবস্থা নেয়নি। এর জবাব কী?

কোনো শাস্তি বা ক্ষতিপূরণই শিশু ইসমাইলের বাবা-মায়ের কষ্ট লাঘব করতে পারবে না। তবু দায়ী ব্যক্তিদের শাস্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় এ ধরনের দুর্ঘটনা কমাতে সহায়ক হবে বলে মনে করি।