বলা হয়, পুলিশ জনগণের বন্ধু। তাদের কাজ হলো জনগণের সুরক্ষা দেওয়া। অথচ সেই পুলিশের ঘুষিতে কিনা একজন মুক্তিযোদ্ধার প্রাণ চলে গেল। কী দুঃখজনক ঘটনা!
মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত খবরে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাজহারুল হক ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেনে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে যাওয়ার কথা ছিল তাঁর। এ সময় বিনা টিকিটে ভ্রমণের অভিযোগে মাজহারুল হককে জামালপুর রেলওয়ে পুলিশ আটক করে। খবর পেয়ে তাঁর (মাজহারুল) বাবা মুক্তিযোদ্ধা আবদুল বারী জিআরপি থানায় যান। সেখানে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে আবদুল বারীকে একজন পুলিশ সদস্য ঘুষি মারলে তিনি মেঝেতে পড়ে গিয়ে মাথার পেছনে গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহের সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
একজন রেলওয়ে পুলিশ সদস্যের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই প্রত্যাশিত না। রেলওয়ে পুলিশ বাংলাদেশ রেলওয়ের সীমানায় আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে কাজ করে। তারা রেলস্টেশনের প্ল্যাটফর্মের শৃঙ্খলা রক্ষা, ট্রেন ভ্রমণরত যাত্রীদের সুরক্ষিত রাখার দায়িত্ব পালন করে। জনগণের গায়ে হাত তোলা তাদের কাজ নয়। কিন্তু তারা ঠিক সে কাজটিই করেছে। এ ঘটনায় জামালপুর রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌর চন্দ্র মজুমদার ও কনস্টেবল তপন বড়ুয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এটা হয়তো তাৎক্ষণিক উদ্যোগ, কিন্তু পুলিশের ঘুষিতে আবদুল বারীর মৃত্যু হয়ে থাকলে সেটা ফৌজদারি অপরাধ। ফলে ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে এখানে পার পাওয়া সুযোগ নেই। আশা করি আইন নিজের মতো চলবে।