দিনাজপুরে শিশু ধর্ষণচেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের বাইরে ফৌজদারি বিরোধের মীমাংসার যেকোনো সৎ প্রচেষ্টাকে আমরা নীতিগতভাবে স্বাগত জানাই। প্রচলিত ফৌজদারি আইনে কতগুলো অপরাধকে আপসযোগ্য করা আছে। কিন্তু তাতে হত্যা ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের ঠাঁই নেই। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নে শিশু ধর্ষণের চেষ্টার বিচারের বিষয়টি এলাকার প্রভাবশালী সমাজপতিদের খেয়ালখুশির বিষয়ে পরিণত হয়েছে। কারণ, অভিযুক্ত যুবক মাত্র কিছুদিন আগেই একই এলাকার স্বামী পরিত্যক্ত এক নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ আছে। অথচ সালিসকারীরা বিষয়টি বিবেচনায় না নিয়ে শিশু ধর্ষণচেষ্টার দায়ে ‘চড়থাপ্পড়’ এবং ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।
সব থেকে অবাক ব্যাপার হলো, পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ ব্যাপারে তদন্তের উদ্যোগ নেননি। তিনি দৃশ্যত দায়সারা মন্তব্য করেছেন যে তিনি কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে দরকারি ব্যবস্থা নেবেন। আর রূঢ় বাস্তবতা এটাই যে ভুক্তভোগী শিশুটির বাবা একজন স্থানীয় পান দোকানদার। তাঁর পক্ষে মামলা দায়ের করার অর্থ হবে নিজের ও পরিবারের ঝুঁকি বাড়ানো, তদুপরি তিনি মামলা করতে গেলে সেটা নিতে পুলিশের কোনো গড়িমসি কাম্য নয়।
রাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার অন্যতম কর্তব্য হলো দুর্বলকে রক্ষা করা, বিপদে তাঁর পাশে দাঁড়ানো। কিন্তু পুলিশ নীরব। তাদের যেন কোনো কিছুই করার নেই। তাই স্থানীয় বিএনপির এক নেতা ‘চড়থাপ্পড়’ দিয়ে আইন নিজের হাতে তুলে নেন, যদিও তিনি স্বীকার করেন যে বিষয়টি মীমাংসাযোগ্য নয়। অন্যদিকে অভিযোগ রয়েছে যে সালিসকারীরা কোনো নৈতিক কারণে এগিয়ে আসেননি। সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য ওই সন্দেহজনক সালিসি বৈঠকটি বয়কট করেছেন। সালিসের অন্যতম শর্ত হলো, উভয় পক্ষকেই বিরোধ মীমাংসায় একমত হতে হবে। কিন্তু ভুক্তভোগী শিশুটির বাবা বলেছেন, ওই সালিসের রায় তিনি মানেন না।
সুতরাং এমন আশঙ্কা অস্বাভাবিক নয় যে, পার্বতীপুরের ওই গ্রামে সালিসের নামে একটা প্রহসন হয়ে থাকতে পারে। শিশুটির বাবা এজাহার করতে না চাইলে পুলিশকেই বাদী হয়ে মামলা করতে হবে।