দিনে ২০০ যক্ষ্মা রোগীর মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ বৈশ্বিক যক্ষ্মা প্রতিবেদন ২০১৬ এবং ৪০ জন দেশি-বিদেশি বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত যৌথ পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে যক্ষ্মা রোগের সার্বিক পরিস্থিতি সম্পর্কে যে তথ্য প্রকাশ করেছে, তা সত্যিই উদ্বেগজনক। বৈশ্বিক যক্ষ্মা প্রতিবেদন অনুযায়ী, দেশে প্রতিদিন প্রায় এক হাজার মানুষ যক্ষ্মায় আক্রান্ত হচ্ছে। আর দিনে ২০০ মানুষের মৃত্যু হচ্ছে। আর যৌথ পর্যবেক্ষণ মিশনের মতে, যক্ষ্মা এখনো বাংলাদেশের জন্য বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা হিসেবে রয়ে গেছে। ৪০ শতাংশ যক্ষ্মা রোগী এবং ৮০ শতাংশ ওষুধ প্রতিরোধী যক্ষ্মা রোগী এখনো শনাক্ত হচ্ছে না। যৌথ পর্যবেক্ষণ মিশন জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি মূল্যায়ন করে এই কর্মসূচির বেশ কিছু ত্রুটি ও দুর্বলতাও খুঁজে পেয়েছে।
যক্ষ্মা একটি মারাত্মক ছোঁয়াচে রোগ। এই রোগের বেশ কিছু লক্ষণ রয়েছে। তবে অনেক সময় শারীরিক রোগপ্রতিরোধ ক্ষমতা বেশি থাকলে যক্ষ্মার লক্ষণ সহজে প্রকাশ হয় না। বিপদটা এখানেই, লক্ষণ প্রকাশ না পেলে কেউ চিকিৎসকের কাছে যান না। আবার অনেকে যক্ষ্মা রোগের লক্ষণ সম্পর্কেও খুব একটা ওয়াকিবহাল নন।
যক্ষ্মা রোগীদের জন্য এমনিতে সরকার বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছে। দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল, বক্ষব্যাধি ক্লিনিক বা হাসপাতাল, নগর স্বাস্থ্যকেন্দ্র, এনজিও ক্লিনিক ও মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে বিনা মূল্যে কফ পরীক্ষা, রোগ নির্ণয়সহ যক্ষ্মার চিকিৎসা এবং ওষুধ দেওয়া হয়। এগুলো নিঃসন্দেহে সরকারের প্রশংসনীয় উদ্যোগ। তারপরও দেশে যে হারে মানুষ যক্ষ্মায় আক্রান্ত হচ্ছে ও মারা যাচ্ছে, তাতে বোঝা যায়, এ ক্ষেত্রে আরও কিছু করণীয় রয়েছে।
যক্ষ্মা রোগী শনাক্ত না হওয়াটা সবচেয়ে উদ্বেগের বিষয়। এ জন্য সচেতনতার দিকে নজর দেওয়া জরুরি। যক্ষ্মা রোগের বিপদ এবং এর লক্ষণ সম্পর্কে ব্যাপক প্রচারণা চালাতে হবে, যাতে দেশের সব মানুষ জানতে পারে। দেশের প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে যক্ষ্মা শনাক্তকরণের আধুনিক যন্ত্রপাতি স্থাপন করতে হবে। একই সঙ্গে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির ত্রুটি ও দুর্বলতা শনাক্ত করে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই।