ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অভিযানের ফলে গত ১৫ জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গুলিস্তান, পল্টন ও মতিঝিল এলাকার ফুটপাতগুলো দিনের বেলা হকারমুক্ত ছিল। ডিএসসিসি নিয়ম করেছিল, হকাররা কর্মদিবসে সন্ধ্যা সাড়ে ছয়টার পর পসরা নিয়ে বসবেন। ছুটির দিনে সারা দিন বসতে পারবেন। হকাররা সাত মাস ধরে ওই নিয়ম মোটামুটি মেনে আসছিলেন। এতে নগরবাসী ওই সব এলাকায় স্বচ্ছন্দে চলাচল করতে পারতেন। যানজটও কিছুটা কমে গিয়েছিল। কিন্তু গত এক সপ্তাহের বেশি সময় ধরে ওই সব এলাকার ফুটপাতগুলোতে দিনের বেলা আবার হকাররা বসতে শুরু করেছেন। ফলে আবারও আগের বিশৃঙ্খল অবস্থা ফিরে এসেছে; হকারের ভিড়ে ফুটপাতে পথচারীদের চলা দায়, সড়কেও তীব্র যানজট।
যে নিয়ম সাত মাস ধরে চলল, এখন তা কেন ভাঙা হচ্ছে? খবরে প্রকাশ, ডিএসসিসি প্রায়ই ওসব এলাকায় অভিযান চালায়, ভ্রাম্যমাণ আদালত কিছু হকারকে আটক করে সাজাও দিয়েছেন। তবু কেন ফুটপাতগুলো হকারমুক্ত রাখা সম্ভব হচ্ছে না? নিয়ম ভাঙার শক্তি হকাররা কোথায় পান? বিভিন্ন পত্রিকার খবর অনুযায়ী, হকারদের পেছনে শক্তিশালী কয়েকটি সিন্ডিকেট রয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা হকারদের ফুটপাতে দোকান বসানোর ব্যবস্থা করেন। বিনিময়ে তাঁরা হকারদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করেন।
এ ব্যাপারে ডিএসসিসি বলছে, দিনের বেলা যাতে ফুটপাতে কোনো হকার বসতে না পারে, সে জন্য সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সাবেক প্রায় ৭০ জন সদস্যকে নিয়োগ দেওয়ার কাজ চলছে। চলতি মাসের শেষ দিকে তাঁরা কাজ শুরু করবেন।
আসলে শুধু হকারদের পেছনের কথিত সিন্ডিকেটগুলোকে দমন করতে হবে। তাদের মদদ বন্ধ করা হলে হকাররা নিয়ম ভেঙে ফুটপাতে দোকান বসানোর সাহস পাবেন না। এই কাজটাই জরুরি ভিত্তিতে করা দরকার।