দিনের শেষে পৃথিবী যায় ঘুমের দেশে। সে দেশের ঘোমটা পরা ছায়া রবীন্দ্রনাথের প্রাণ ভুলিয়েছিল। ভোলায় আমাদেরও। দিনের আলো নিভে গেলে পৃথিবী একটি আবছায়া, মায়াবী দেশে পরিণত হয়। জীবনানন্দও লিখেছিলেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা নামে। তিনি শিশিরের শব্দ শুনতে পেতেন। তিনি রৌদ্রের গন্ধও পেতেন। লিখেছেন, দিনের শেষে ডানায় রোদ্রের গন্ধ মুছে ফেলে চিল। তারপর একসময় জোনাকিরা মাঠে নামে গল্প করতে। রাত আসে আমাদের জীবনে। রাতে আমরা জীবনের একটি ভিন্ন সীমানায় প্রবেশ করি। যে নিয়ম দিনকে শাসন করে, সে নিয়ম পাল্টে যায় রাতে। রাতের নিয়ম, উদ্দেশ্য দিন থেকে ভিন্ন। রাতের আছে নিজস্ব আবহ। রাত তাই একাধারে আকর্ষণীয় ও বিপজ্জনক। রাত গোপনীয়তার সময়, সুপ্ত প্রত্যাশা, নিবিড় অনুভবের সময়। দিনের সব লেনদেন ফুরালে থাকে অন্ধকার। সবার নয়, কিন্তু কারও কারও জন্য তখন হয়তো থাকে মুখোমুখি বসার বনলতা সেনও। রাত কারও কারও কাছে আধ্যাত্মিকতার সময়। তখন অবতার, ফেরেশতাদের সঙ্গে মোকাবিলা হয় তাদের। আবার দিনে যা গ্রহণযোগ্য নয়, সূর্য ডুবলে তা গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে। রাত তাই কারও কাছে মুক্তিরও সময়। রাত অ্যাডভেঞ্চার, নাটকীয় অভিজ্ঞতার সময়। পাশাপাশি রাত মানুষের ভেতরের নিকৃষ্টকেও জাগিয়ে তুলতে পারে। রাত তাই হয়ে ওঠে অপরাধীদের অভয়াশ্রম। চোর, ধর্ষক, ভূত, পিশাচ—সব আসে রাতে। এও সত্য, রাত নামলেই ঘুমের দেশে যাওয়া হয় না সবার। রাতের প্রহরীর দিন বস্তুত শুরু হয় রাতেই, রাত অপরাধপ্রবণ বলে রাতে সক্রিয় হয়ে উঠতে হয় অপরাধ দমন বাহিনীকেও। প্রযুক্তির এই যুগে কোথাও কোথাও এখন দিন-রাত্রির হিসাবও গেছে পাল্টে। ভারতের বেঙ্গালুরুতে এখন আর রাত হয় না। সেখানকার কল সেন্টারগুলোতে সারা রাত জেগে তরুণ-তরুণীরা গ্রাহকসেবা দেয় পৃথিবীর আরেক প্রান্তের মানুষদের, যেখানে তখন দিন। এ ছাড়া আছে কত নিশি পাওয়া মানুষ। রাত তাদের জাগিয়ে রাখে বিচিত্র কারণে, কল্পনাবিলাসিতায়, সৃজনশীলতায় কিংবা পাগলামিতে। আমাদের সবার জীবনেই রাত নামে ভিন্ন ভিন্নভাবে।অচিরেই আমরা কাটাব এ বছরের শেষ রাত। বছরের এই শেষ রাতও নিশ্চয়ই ভিন্ন ভিন্নভাবে নামবে আমাদের জীবনে। বলছিলাম রাত এমনিতেই বদলে দেয় মানুষকে, বছরের শেষ রাতে লক্ষ করি কারও কারও জন্য সে বদল হয়ে ওঠে প্রকট। এ রাত তাদের ভেতর জন্ম দেয় তুমুল উত্তেজনার। বিশেষত তরুণদের দেখি নিয়ম ভাঙার খেলায় মেতে উঠতে। এ উত্তেজনা কতটা ফেলে আসা বছরের ভার আর অনাগত বছরের উদ্দীপনার বিহ্বলতা আর কতটা বিশ্বায়নের চাপে বছরের শেষ রাত পালনের আনুষ্ঠানিকতা সেটি ভাবার ব্যাপার। বলা বাহুল্য, এই উত্তেজিত তরুণ গোষ্ঠীর বাইরে একটি বিশাল জনগোষ্ঠীর জীবনে এ রাত হয়তো কোনো স্পন্দনই আনবে না। বছরের শেষ রাত আরও অগণিত রাতেরই পুনরাবৃত্তি মনে হবে তাদের কাছে। এ রাতের ভিন্ন তাৎপর্য নিয়ে ভাবার কোনো অবকাশ হবে না তাদের।অবশ্য এ রাত যে ভাবাবে অনেককে, তাও সত্য। এ বছরের শেষ রাত একটি দশকেরও শেষ রাত বটে। কথা ছিল একবিংশ শতাব্দীতে পৃথিবী হয়ে উঠবে আরও সুস্থির, সমুজ্জ্বল। তার নমুনা দেখা যাচ্ছে না। পৃথিবী যেন বিপজ্জনক হয়ে উঠছে আরও। মন্দা, সন্ত্রাস, পারস্পরিক অবিশ্বাস গ্রাস করছে পৃথিবীর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমকে। যত ছোট প্রান্তেই বসে থাকি না কেন, সে চাপ আমরা অনুভব করছি নিরন্তর। সলিল চৌধুরী একটি গানে লিখেছিলেন, ‘রক্কো, পৃথিবীর গাড়িটা থামাও, আমি নেমে যাব।’ সেটা করা গেলে মন্দ হতো না। কিন্তু বছরের শেষ রাতে যিনি ভাবতে বসবেন, তিনি জানেন, সেটি আর সম্ভব নয়। চাইলেই থামানো যাবে না এ গাড়ি। ফলে পৃথিবীবাসী হিসেবে পৃথিবীর পরিণতির দায় বর্তাবে আমাদের ওপরও। বছরের শেষ রাতে হয়তো আশার বাণী শোনাবেন রাজনীতিবিদেরা, পুরোহিতেরা। সেটা তাঁদের দায়িত্বও বটে। আমরা অধিকাংশ মানুষ এ দুটোর কোনোটাই নই। আশা-নিরাশার মাঝখানের ঘাটে দাঁড়িয়ে আমরা দিনের শেষের ঘোমটা পরা ছায়া দেখব। হয়তো চোরাগোপ্তা আশার আলো দেখব কোথাও। জেগে থাকব, ঘুমানোর সাধ ভালোবেসে। আশাভঙ্গের বেদনা নিয়ে দাঁড়িয়ে থাকব আশাসিন্ধু তীরে। দেশকে নিয়ে, পৃথিবীকে নিয়ে, মানুষে মানুষে সম্পর্ক নিয়ে অবুঝ স্বপ্ন দেখব বরাবরের মতো, তবু ভয়তাড়িত থাকব কে জানে কোন অগোচর তাণ্ডবে বুঝি ধুলায় ধূলি হবে সেই সব স্বপ্ন। তাই প্রতিবার যখন বছরের শেষ রাত ঘনিয়ে আসে, আমার তখন সেই কাঁঠাল পাতা আর মাটির ঢেলার গল্পটি মনে পড়ে। যে শিরোনামে একটি গল্প লিখেছিলাম বহুদিন আগে। কী করে কে জানে, এক কাঁঠাল পাতা আর মাটির ঢেলার মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। কাঁঠাল পাতা মাটির ঢেলাকে বলল, যখন বৃষ্টি নামবে আমি তখন তোমাকে ঢেকে রাখব। আর মাটির ঢেলা কাঁঠাল পাতাকে বলল, যখন ঝড় উঠবে তখন আমি তোমাকে আটকে রাখব। দিন যায়। বৃষ্টি এলে কাঁঠাল পাতা ঢেকে রাখে মাটির ঢেলাকে আর ঝড় এলে মাটির ঢেলা আটকে রাখে কাঁঠাল পাতাকে। তারপর একদিন কী যে হলো, একই সঙ্গে শুরু হলো ঝড় আর বৃষ্টি। ঝড়ে কাঁঠাল পাতা উড়ে গেল নিরুদ্দেশে আর বৃষ্টিতে মাটির ঢেলা মিশে গেল মাটিতে। শাহাদুজ্জামান: কথাসাহিত্যিক। [email protected]