দিল্লি থেকে টাঙ্গাইল: কোথাও নিরাপদ নয় নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী নির্যাতন, ধর্ষণ এবং মৃত্যু সভ্যতার কলঙ্কতম ব্যাপার হলেও বাংলাদেশসহ পৃথিবীর বহু দেশে এগুলো নৈমিত্তিক ঘটনার অংশ মাত্র।বৈশ্বিক তথ্যমতে, সারা পৃথিবীতে প্রতি তিনজন নারীর মধ্যে একজন তাঁর জীবনকালে ধর্ষণ বা শারীরিক নির্যাতনের শিকার হয়ে থাকেন। ভারতের নয়াদিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার ২৩ বছরের মেডিকেল ছাত্রী চরম সংকটাপন্ন অবস্থায় ১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যুবরণ করেন। সে ঘটনা এতটাই নির্মম ও নৃশংস যে, ভারত ছাড়িয়ে বাংলাদেশের মানুষের মধ্যেও দারুণ অভিঘাত সৃষ্টি করেছে। কিন্তু ঘটনার রেশ না কাটতেই আমাদের দৃষ্টি নিবদ্ধ হলো টাঙ্গাইলের ঘটনার প্রতি। সেখানেও গণধর্ষণের শিকার হয়ে স্কুলপড়ুয়া একটি মেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। ধর্ষণ ও গণধর্ষণ দুটোই ঘৃণ্য অপরাধ। কিন্তু ধর্ষণের ঘটনায় এক ব্যক্তি জড়িত থাকে আর গণধর্ষণের ঘটনা ঘটানো হয় সংঘবদ্ধভাবে। এটি আমাদের সামাজিক মূল্যবোধ ও নৈতিকতার চরম অবক্ষয়ের কথাই মনে করিয়ে দেয়। এখানে আরও দুশ্চিন্তার কারণ হলো, এই গণধর্ষণের কাজে একটি মেয়ে সহায়তা করেছে বলে পত্রিকায় খবর এসেছে। যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত, তারা এই সমাজেরই লোক; আমাদের কারও ভাই ও সন্তান। পত্রিকায় দেখলাম, ধর্ষিত হওয়ার পর মেয়েটিকে বাবা গ্রহণ করেননি, বাড়ি থেকে বের করে দিয়েছেন। এমনকি মেয়েটি মামার বাড়িতে গিয়েও আশ্রয় পায়নি। অথচ এ ঘটনায় মেয়েটির কোনো অপরাধ নেই, সে বরং অপরাধের শিকার হয়েছে। এসব ক্ষেত্রে ধর্ষণের শিকার নারীরা দ্বিতীয়বার চরম দুর্ভোগে পড়ে, অনেকে আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়। আমাদের সমাজ এতটাই নিষ্ঠুর যে এসব দুর্ভাগা মেয়ের পাশে না দাঁড়িয়ে ধর্ষকদের রক্ষা করতে ব্যস্ত হয়ে পড়ে। ভারতের মেয়েটির ক্ষেত্রে সেখানকার মানুষ বিক্ষুব্ধ হয়েছে, নানা কর্মসূচির মাধ্যমে মেয়েটির প্রতি সংহতি জানিয়েছে, এমনকি তাঁকে সাহসী কন্যা বলেও আখ্যায়িত করেছে। এসব অবশ্যই ভালো দিক। কিন্তু তাঁর নাম-পরিচয় গোপন রাখার মধ্যে পুরুষতান্ত্রিক মনোভাবই প্রতিভাত হয়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।টাঙ্গাইলের ঘটনার জন্য যে দুর্বৃত্তরা দায়ী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেই সঙ্গে মেয়েটিকে এই অভয় দিতে হবে যে, সে কোনো অপরাধ করেনি, বরং অপরাধের শিকার হয়েছে। সমাজে যথাযথ সম্মান ও মর্যাদা নিয়ে বাঁচার অধিকার তার আছে। এ ব্যাপারে নারী সংগঠনসহ সমাজের সচেতন অংশ তার পাশে দাঁড়াবে আশা করি।বিশেষত, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নারী নিরাপত্তার বিষয়টি অত্যন্ত দুর্বল হওয়ায় এবং সেই সঙ্গে কন্যাশিশু ও নারীর প্রতি বৈষম্য এবং নারীর অধস্তনতা সামাজিক সংস্কৃতি ও আইনি প্রক্রিয়ার অংশ হওয়ায় এসব দেশে নারী নির্যাতন ও ধর্ষণের হার তুলনামূলকভাবে বেশি। তার সঙ্গে সুবিচারের ঘাটতি এবং প্রশাসনিক দুর্বলতা যুক্ত হওয়ায় এ বিষয়গুলো সাধারণত মিডিয়ার চাঞ্চল্যকর সংবাদ হিসেবে সাময়িক বুদ্বুদের মতো উঠেই মিলিয়ে যায়। এ নিয়ে দীর্ঘমেয়াদি বা ফলপ্রসূ কোনো সামাজিক, রাজনৈতিক বা প্রশাসনিক উদ্বেগ বা জবাবদিহির সৃষ্টি হয় না।জাতিসংঘের হিউম্যান ডেভেলপমেন্ট প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশেই ধর্ষণের হার সবচেয়ে বেশি।সামাজিক ‘লজ্জা’ এবং ক্ষেত্রবিশেষে অভিযোগ নথিভুক্তিতে পুলিশের অসহযোগিতার কারণে প্রকৃত নির্যাতন ও ধর্ষণের পরিসংখ্যান না পাওয়া সত্ত্বেও সরকারি তথ্য অনুযায়ী ২০০১ থেকে ২০১২ সালের জুন পর্যন্ত বাংলাদেশে সর্বমোট এক লাখ ৭৪ হাজার ৬৯১ জন নারী ধর্ষণসহ বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়। অতি সম্প্রতি জাতীয় মহিলা আইনজীবী সমিতি প্রদত্ত তথ্যে জানা যায়, বিগত এক বছরে দেশে ৩১৭ জন নারী ও শিশু খুন হয়েছে, যাদের মধ্যে অনেকেই ধর্ষিত হয়েছিল। এ ছাড়া রাজনৈতিক নেতাদের হাতে ১০ জনসহ মোট ৩৯৮ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়। ৮৮ জন নারী ও কিশোরী যৌন হয়রানি ও ইভ টিজিংয়ের শিকার হয় এবং নির্যাতনের মাধ্যমে প্ররোচিত হয়ে আত্মহত্যা করেছে ৪৭ জন। এ পরিসংখ্যান আংশিক হওয়া সত্ত্বেও এ ধরনের অমানবিক অপরাধের গতিধারা ঊর্ধ্বমুখী, তাতে সন্দেহ নেই।দিল্লিতে ঘটে যাওয়া হূদয়বিদারক ঘটনাকে কেন্দ্র করে ভারতজুড়ে যে প্রতিবাদ এবং গণ-আন্দোলন ফুঁসে উঠেছে, তা দেখে একদিকে যেমন মানবতাবোধে আস্থা ফিরে আসে, তেমনি প্রতীয়মান হয়, নারী নির্যাতনের বিরুদ্ধে সম্মিলিত কণ্ঠের প্রতিবাদ, রাষ্ট্রের দায়বদ্ধতা এবং দ্রুত প্রশাসনিক পদক্ষেপই একমাত্র পারে এ সমস্যার মোকাবিলা করতে।আমাদের দেশে চাঞ্চল্যকর কিছু ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ হলেও তা মূলত সীমাবদ্ধ থেকেছে নারী সংগঠন বা স্থানীয় গোষ্ঠীর মধ্যে। সমাজের মূলধারা, বিশেষত সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃত্বে এর প্রভাব পরিলক্ষিত হয়নি। সে কারণে বাংলাদেশে শক্তিশালী এবং প্রতিবাদমুখর নারী আন্দোলন গড়ে উঠলেও পুরুষতান্ত্রিক সামাজিক দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক জবাবদিহির মধ্যে কোনো পরিবর্তন আসেনি।একটি ধর্ষণকে কেন্দ্র করে ভারতের ১০০ কোটি জনগণ যদি এক ঐক্যবদ্ধ প্রতিবাদের ঢেউ তুলে সমাজ ও রাজনীতির মূলে আঘাত করতে পারে, আমাদেরও সময় এসেছে কোটি কণ্ঠে নারী নির্যাতনের প্রতিবাদ করা, রাষ্ট্র ও সমাজের মর্মমূলে আঘাত করে বলা—অনেক হয়েছে, আর নয়! সভ্য সমাজের সদস্য এবং লিঙ্গসমতা নিশ্চিতকরণ রাষ্ট্রীয় অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশে নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা জাতীয় পর্যায়ে এই অঙ্গীকার ও আন্দোলনের অংশীদার হতে পারি নারীর প্রতি সহিংসতা বন্ধে বৈশ্বিক আন্দোলন ‘ভি-ডে’তে নারী ও পুরুষনির্বিশেষে ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠান হিসেবে যোগ দিয়ে। বৈশ্বিক পর্যায়ে নারীর প্রতি সহিংসতা বন্ধের আন্দোলন ‘ভি-ডে’ আগামী ১৪ ফেব্রুয়ারি ১৫ বছর পূর্তিতে বিশ্বব্যাপী ১০০ কোটি নারী-পুরুষকে আহ্বান করা হচ্ছে জোরালো কণ্ঠে নারী নির্যাতনের প্রতিবাদ ও প্রতিরোধ করতে এবং অনুরূপ সহিংসতার পরিসমাপ্তিতে সহায়ক ভূমিকা পালন করতে। বাংলাদেশ ইতিমধ্যে One Billion Rising (ORD) নামে এই বৈশ্বিক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে ‘উদ্যমে-উত্তরণে শতকোটি’ স্লোগানে প্রচারণা ও সচেতনতা কার্যক্রম আরম্ভ করেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ আরও ১৬০টি দেশে এই কার্যক্রম শুরু হয়েছে। আসুন—সভা, সমাবেশ, শোভাযাত্রা, সাংস্কৃতিক কার্যক্রম ও রাজনৈতিক অঙ্গীকারের মাধ্যমে উদ্যমে-উত্তরণে শতকোটির সঙ্গে সংহতির মাধ্যমে এক গণ-আন্দোলন সৃষ্টি করে বাংলাদেশের ১৬ কোটি মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হই—আগামী প্রজন্মের জন্য বাংলাদেশ হবে নারীর প্রতি সহিংসতাবর্জিত সমতাভিত্তিক দক্ষিণ এশিয়ার প্রথম দেশ।সালমা খান: অর্থনীতিবিদ, নারীনেত্রী।