দিশেহারা দুর্গত মানুষ ও তারুণ্যের শক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহায়-সম্বলহীন ৬৫ বছরের বিমালার দুঃখের শেষ নেই। ভেজা চোখে চাতক পাখির মতো বিশুদ্ধ খাওয়ার পানির অপেক্ষা। জীবনের শেষ প্রান্তে এসে নিজের মাথা গোঁজার ঠাঁই হবে কি না সেই সংশয় তাড়া করে সারা দিন। যৌবনে বিমালা স্বপ্ন দেখতেন, গৃহস্থঘরের সংসারী বধূ হয়ে জীবন পার করবেন। সে স্বপ্ন কিছুটা ছুঁতে পারলেও এখন শুধু পরিত্যক্ত ভিটেমাটির দিকে চেয়ে আপন ঘরের স্বপ্ন বোনা তাঁর নিত্য চিন্তার খোরাক।স্বামী-সন্তান আর নাতি-নাতনি নিয়ে ভালোই চলছিল তাঁর সংসার। হঠাৎ করেই ২০০৯ সালের ২৫ মে আইলার ভয়াল কালো থাবা ভেঙে দিয়েছে তাঁর স্বপ্ন। নিজের কষ্টের কথা বলতে বলতে দুই চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ে বিমালার। সৃষ্টিকর্তার কাছে রোজই তিনি আপনঘরে ফেরার আকুতি জানান। ‘ভগবানের কাছে একটাই চাওয়া, একটু মাথা গোঁজার ঠাঁই দেও, ভগবান আর কত কষ্ট করাবা।’ আইলার ভয়াবহ ছোবলের শিকার খুলনার দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়নের জয়নগর, শ্রীনগর, সাহারাবাদ, সাতঘোরিয়া, ভিটেভাঙ্গা, চান্নিরচক এবং সুতারখালী ইউনিয়নের নলিয়ান, গুণারী, সুতারখালী ও কালাবগী গ্রামের হাজারো মানুষ। বিমালার মতো আইলা-দুর্গত অনেক নারী-পুরুষই এখন গৃহহীন। রাস্তার পাশে অথবা বেড়িবাঁধের ওপর খুপরি ঘরে দিন কাটাচ্ছে অসংখ্য মানুষ। আর বিমালার মতো অনেক নারীই কাটিয়ে উঠতে পারেননি দুর্যোগকালীন ধকল। দুর্গত এলাকার বেড়িবাঁধ এবং রাস্তার দুই পাশে সারি সারি কুঁড়েঘরে দিন কাটানো মানুষগুলো নিজের একটা মাথা গোঁজার ঠাঁই পাওয়ার স্বপ্নে বিভোর। কিন্তু বাস্তবতা নির্মম, সেই আশায় গুড়েবালি। এসব মানুষের ভাগ্যে এখনো লবণ পানির ছিটেফোঁটা আর রাস্তার পাশে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করা ছাড়া মেলেনি কিছুই। আইলার এক বছরেও তারা ফিরতে পারেনি নিজের ভিটেমাটিতে, এমনকি ভাগ্যে জোটেনি নতুন স্থায়ী আশ্রয়। বিশুদ্ধ খাওয়ার পানির চরম সংকট আর স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার অভাবে অসহায় পরিবারগুলোর পিছু ছাড়ছে না রোগবালাই। শিশুদের নিয়ে দুশ্চিন্তার সীমা নেই মায়েদের। ছোট শিশুদের নিয়ে বিপাকে মায়েরা। কোলের সন্তান নিয়ে দিশেহারা ও দুর্বিপাকে দিন যাচ্ছে বীণা রানীর। তাঁর ক্ষোভ, ‘এইড্যা আমার নাড়ি ছেঁড়া ধন। আইলার পর জন্ম নিছে। কিন্তু ভালো খাবার দিতি পারিনি, এ জন্যি পেট খারাপ থাকে সব সময়। কান্নাকাটি করে জ্বালাতন করে খুবই।’ বিশুদ্ধ পানি ঠিকমতো খাওয়াতে না পারায় রোগবালাই আঁকড়ে ধরেছে পরিবারের অন্যান্য সদস্যকেও। পরিবারের ভবিষ্যৎ নিয়ে চরম মানসিক চাপে ভুগছে তারা। দুর্যোগের পর সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে দুর্যোগ-পরবর্তী ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে। এসব কাজের সমালোচনাও অজানা নয় কারও। অথচ চরম মানসিক চাপে পড়া এসব মানুষের ভবিষ্যৎ নিয়ে ভাবছে না কেউ। আর অবহেলার সময় নেই। সুযোগ নেই শুধু মুখে অভিযোজনের কথা বলার। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত বিশ্বের দেশগুলোর কাছে ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা আর নিজস্ব তহবিলে খাপ খাওয়ানার কার্যক্রম শুরুর ব্যাপারে ছাড় অথবা দেরি করার অজুহাতে দুর্গত এলাকার লাখো মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারও নেই।দাকোপের কামারখোলা ও সুতারখালী ইউনিয়নের তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা এখানকার শক্তি। তাদের তারুণ্যকে এখনই কাজে লাগাতে হবে। তাদের অদম্য শক্তি-সাহসকে পুঁজি করে সামনে এগিয়ে চলার এখনই সময়। এ অঞ্চলের দরিদ্র ও অশিক্ষিত মানুষকে জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে খাপ খাওয়াতে প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করা জরুরি। এ ক্ষেত্রে তরুণদের যদি প্রশিক্ষণ দিয়ে এ কাজে নামানো যায়, তবে কমপক্ষে আগামী তিন দশক তারা এ কাজে সহযোগিতা করতে পারবে, পাশাপাশি নিজ এলাকার জনগণকে দৃঢ়তার সঙ্গে দুর্যোগ-মোকাবিলা এবং খাপ খাওয়ানোর কৌশল অবলম্বনে সচেষ্ট করে তুলতে পারবে। তাই এখন থেকেই অর্থায়ন নিয়ে চিন্তার পাশাপাশি তরুণ স্বেচ্ছাসেবী দল গঠনের বিকল্প চিন্তা জোরেশোরে করা দরকার। এ ক্ষেত্রে ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো’ নীতি অনুসরণ করে নিজেদের শক্তি, সাহস ও যোগ্যতাকে প্রমাণের এটাই সুযোগ।স্থানীয়ভাবে তরুণদের এ শক্তি, সামর্থ্য ও সাহসকে কাজে লাগানোর একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ গৃহীত হয়েছে খুলনার দাকোপ উপজেলায়। ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে এবং বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিসের কারিগরি সহায়তায় ‘লার্ন টু লিভ উইথ ক্লাইমেট চেনজ’ শীর্ষক প্রকল্পের আওতায় দাকোপ উপজেলার কামারখোলা ও সুতারখালী ইউনিয়নের ১৬ জন তরুণ-তরুণীকে মেধার ভিত্তিতে শনাক্ত করে তাদের জলবায়ু পরিবর্তনের বিভিন্ন বিষয়ের ওপর তিন দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে কীভাবে খাপ খাওয়াতে হবে এবং জলবায়ু পরিবর্তন রোধে কীভাবে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে হবে এর ওপর তাদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির উদ্দেশ্যে এই আয়োজন। প্রশিক্ষণ-পরবর্তী পর্যায়ে তারা নিজেরাই নির্ধারণ করেছে কী উপায়ে তারা পরিবর্তিত জলবায়ুর সঙ্গে অভিযোজন করবে এবং কোন কোন পন্থায় তারা শিক্ষাপ্রতিষ্ঠান, নিজের পরিবার ও সমাজে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর চর্চা শুরু করবে। প্রশিক্ষণ-পরবর্তী পর্যায়ে এ তরুণ দলটি একটি ক্লাইমেট ক্লাব গঠন করেছে, যার লক্ষ্য হচ্ছে কামারখোলা ও সুতারখালী ইউনিয়নের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করে সেখানে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিমূলক কর্মসূচি পরিচালনা করা। ইতিমধ্যে এ ক্লাবের সদস্যরা কামারখোলা ইউনিয়নের জেপি হাইস্কুল এবং সুতারখালী ইউনিয়নের সুতারখালী হাইস্কুলে জলবায়ু পরিবর্তন বিষয়ে সক্ষমতা বৃদ্ধিমূলক সেশন পরিচালনা করেছে। এ ছাড়া তারা স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে জলবায়ু পরিবর্তনের বিভিন্ন ইস্যুতে পোস্টার, রচনা, কবিতা, ছবি আঁকা ইত্যাদি সৃজনশীল বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করেছে। কামারখোলা ও সুতারখালী ইউনিয়নের এ দলটি একটি মডেল হিসেবে কাজ করতে পারে। দেশের অন্যান্য উপকূলীয় জেলায় স্থানীয়ভাবে তরুণদের সঙ্গে নিয়ে তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জলবায়ু পরিবর্তন ইস্যুতে সমাজভিত্তিক অভিযোজন ও প্রশমন কর্মসূচি পরিচালনা করা যেতে পারে। অভিযোজনের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ ইতিমধ্যে ‘পৃথিবীর অভিযোজন গবেষণাগার’ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। তাই এখন সময় এসেছে অভিযোজন ও প্রশমন দুটি বিষয়কে সমন্বিত করে নতুন আঙ্গিকে সমাজভিত্তিক কার্যক্রম পরিচালনার, যেখানে তারুণ্যই হবে মূল চালিকাশক্তি।সারেকা জাহান: ইন্টারন্যাশনাল ক্লাইমেট চ্যাম্পিয়ন ২০০৯।[email protected]