দিশেহারা নিম্ন আয়ের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল যখন করোনায় নতুন গরিব হওয়া মানুষ খুঁজে পাচ্ছেন না, তখন টিসিবির ট্রাকের সামনে নারী-পুরুষের দীর্ঘ সারি জানিয়ে দিচ্ছে, তাঁরাই নতুন গরিব কিংবা গরিব হওয়ার পর্যায়ে আছেন। বাজারে ভোজ্যতেল, চাল, ডাল, চিনিসহ অনেক পণ্যের দামই চড়া। ফলে হতদরিদ্র তো বটেই, নিম্ন আয়ের মানুষ অনেকটা দিশেহারা।

নিম্ন আয়ের মানুষ কী দুরবস্থায় আছেন, তা জানা গেল প্রথম আলোয় প্রকাশিত একটি খবর থেকে। পুরান ঢাকার লালবাগের খাজে দেওয়ান এলাকার বাসিন্দা নিলুফা আক্তার দুই কিলোমিটার পথ হেঁটে পলাশী বাজারে আসেন টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক ধরতে। এই ট্রাক থেকে তিনি দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি করে চিনি ও ডাল কিনে ১৭৮ টাকা বাঁচিয়েছেন। তিনি একা নন, যেখানে টিসিবির ট্রাক, সেখানেই নারী-পুরুষের ভিড় লক্ষ করা যাচ্ছে। আগে টিসিবির ট্রাকের সামনে হতদরিদ্র শ্রেণির মানুষই দাঁড়াতেন। আয় কমে যাওয়ায় এখন নিম্নমধ্যবিত্ত মানুষও আসছেন। তাঁদের অনেকের আয় কমে গেছে, পরিবারের কোনো না কোনো সদস্য চাকরি হারিয়েছেন। পরিবারের চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ায় খাদ্যপণ্যের জন্য বরাদ্দও কমে গেছে। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) প্রতি লিটার ১০০ টাকা দরে সয়াবিন তেল এবং ৫৫ টাকা কেজি দরে চিনি ও মসুর ডাল বিক্রি করছে। বাজারে সয়াবিনের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি লিটার ১৪৪ টাকা। চিনির দামও বেড়ে কেজি বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। মোটা দানার মসুর ডাল বাজারে ৮০ টাকা দরে বিক্রি করতে দেখা যায়। তবে পেঁয়াজসহ কিছু পণ্যের দাম কমেছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম খুব বেশি বাড়েনি বলে সরকার স্বস্তিবোধ করতে পারে। তবে এই স্বস্তির সঙ্গে বাস্তবের মিল কতটা, তা খতিয়ে দেখা দরকার। করোনাকালে মানুষের আয় কমে যাওয়ায় ক্রয়ক্ষমতাও কমেছে। অদূর ভবিষ্যতে করোনা সংক্রমণ কমার সম্ভাবনা নেই। বরং সীমান্তবর্তী এলাকায় করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় পণ্য সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে। আমাদের আমদানি পণ্যের উল্লেখযোগ্য অংশ আসে ভারত থেকে স্থলপথে।

এ অবস্থায় নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবের জন্য সরকারের উচিত টিসিবির মাধ্যমে আরও বেশি পণ্য বিক্রি করা। দ্বিতীয়ত, বাজারের তদারকি ব্যবস্থা জোরদার করতে হবে। এ সময় চালের দাম বাড়ার পেছনে কোনো মহলের কারসাজি আছে কি না, তা-ও খতিয়ে দেখা প্রয়োজন। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে আমদানিকারকেরা দফায় দফায় ভোজ্যতেলের দাম বাড়িয়ে চলেছেন। সরকার যে দাম বেঁধে দিচ্ছে, তা–ও তাঁরা মানছেন না। এভাবে সাধারণ ভোক্তাদের পকেট কাটা চলতে পারে না।

সর্বশেষ অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সরকার স্বীকার করুক আর না করুক, করোনাকালে সব শ্রেণির মানুষের আয় কমেছে। আয় কমে গেলে বাজারদর স্থিতিশীল থাকলেও তাঁরা আগের মতো পণ্য কিনতে পারবেন না, এ সহজ কথাটি কেন তাঁরা অস্বীকার করছেন? নতুন না পুরোনো গরিব, এ বিতর্ক বাদ দিয়ে মানুষের আয় বাড়ানো ও বাজার স্থিতিশীল রাখার দিকেই সংশ্লিষ্টদের নজর দিতে হবে।