চীনের নেতা মাও সে-তুং লিখেছিলেন, কোনো কোনো মৃত্যু থাই পাহাড়ের চেয়ে ভারী। গত রোববার রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় যে দুই কলেজশিক্ষার্থী মারা গেছে, তাদের মৃত্যু সত্যিই থাই পাহাড়ের চেয়ে বেশি ভারী বলে মনে হচ্ছে। শুধু ওই দুই পরিবারকে নয়, এই মৃত্যুর শোক ও বেদনা স্পর্শ করেছে সমগ্র জাতিকে। এভাবে দিনদুপুরে দুটি চলন্ত বাসের অসুস্থ প্রতিযোগিতার শিকার হয়ে শেষ হয়ে গেল দুটি জীবন।
সড়ক দুর্ঘটনা নিয়ে অনেক লেখালেখি ও গবেষণার কমতি নেই। দুর্ঘটনার বিরুদ্ধে গণসচেতনতা তৈরির লক্ষ্যে আন্দোলনও হচ্ছে, ট্রাফিক আইন সম্পর্কে জনগণকে সচেতন করতে সরকার মাঝেমধ্যে ট্রাফিক সপ্তাহও পালন করে থাকে। কিন্তু সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার মাত্রা বেড়েই চলেছে। এর কারণ প্রথমত ট্রাফিক আইন লঙ্ঘন করে চালকদের বেপরোয়া যানবাহন চালানো। দ্বিতীয়ত, আইনকানুন মানানো যাদের দায়িত্ব, তাদের সীমাহীন অবহেলা, অবজ্ঞা ও দায়িত্বহীনতা। তৃতীয়ত, দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তি তথা চালক-পরিবহনকর্মীদের পার পেয়ে যাওয়া। অনেক সময় অপ্রশিক্ষিত, অদক্ষ, এমনকি অপ্রাপ্তবয়স্ক চালকদের দিয়েও যানবাহন চালানো হয়।
দুর্ঘটনায় নিহত দিয়া খানমের বাবা জাহাঙ্গীর আলম একজন বাসচালক হয়েও পরিবহনব্যবস্থার অনিয়ম সম্পর্কে কিছু স্পষ্ট বক্তব্য দিয়েছেন, যা কর্তৃপক্ষের চোখ-কান খুলে দেওয়ার জন্য যথেষ্ট। তিনি ক্ষোভের সঙ্গে বলেছেন, ‘যে বাস আমার মেয়ের জীবন নিয়েছে, সেই বাস আমি চালাব না।’ তাঁর এই কথায় যে ক্ষোভ, দুঃখ ও বেদনা রয়েছে, তা সরকারের নীতিনির্ধারকদের স্পর্শ না করতে পারে, কিন্তু তাঁর বক্তব্যকে কি বাতিল করে দেওয়া যাবে? সমস্যা অস্বীকারের আত্মঘাতী প্রবণতা বাদ দিয়ে আইন মানতে বাধ্য করতে সংশ্লিষ্টদের বাধ্য করা গেলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমানো এবং পরিবহন খাতে শৃঙ্খলা আনা অসম্ভব নয়।
নিহত দিয়ার বাবা কেবল একজন বাসচালকই নন, তিনি পরিবহন শ্রমিক ইউনিয়নেরও নির্বাচিত নেতা। তাঁর বক্তব্যের সঙ্গে নৌপরিবহনমন্ত্রী কাম
পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতা শাজাহান খানের বক্তব্যের মিল খুঁজে পাওয়া যায় না। সড়ক দুর্ঘটনায় দুই কলেজশিক্ষার্থীর মৃত্যুতে রাজপথে ছাত্রবিক্ষোভের পর ভারতের মহারাষ্ট্রে বাস দুর্ঘটনায় ৩৩ জন মানুষ মারা যাওয়ার পর সেখানে এ ধরনের প্রতিক্রিয়া হয়নি বলে হেসে হেসে তিনি মন্তব্য করেছেন।
এমন মন্তব্য নিহত শিক্ষার্থীদের পরিবারগুলোর প্রতি যে কতটা নিষ্ঠুরতা, তা বোঝার মতো বিবেচনাবোধও সম্ভবত তিনি হারিয়ে ফেলেছেন। এমনকি মন্ত্রিসভার একজন জ্যেষ্ঠ সদস্য বলেছেন, মৃত্যুর ঘটনায় হাসতে হাসতে উত্তর দেওয়া দুঃখজনক।
সড়ক-মহাসড়কে অবরোধ হোক, তা কারোরই কাম্য নয়। কিন্তু সেই অবরোধের পেছনের কারণটি আগে দূর করতে হবে। বাসচালক জাহাঙ্গীর আলম যখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন কী কী কারণে দুর্ঘটনা হয়, তখন মন্ত্রীরা জানেন না, এ কথা কী করে বিশ্বাস করা যায়? মনে হচ্ছে নীতিনির্ধারকেরা সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিয়ে মোটেই চিন্তিত নন। তা না হলে ‘জাবালে নূর পরিবহন’–এর রুট পারমিট না থাকা সত্ত্বেও কীভাবে সেই রুটে তারা বাস পরিচালনা করে? আর রুট পারমিটের নামে কোটি কোটি টাকা চাঁদা আদায়ের ঘটনাও কারও অজানা নয়।
কোনো খাতে যখন অনিয়ম ও অন্যায়ই নিয়ম হয়ে যায়, সেই খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়। সড়ক পরিবহনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত, প্রতিদিন যারা হাজার হাজার যাত্রী পরিবহন করে, সেই খাতের এই বিশৃঙ্খলা দূর করতে হলে শুরুতেই অন্যায় ও অনিয়মগুলো দূর করতে হবে। কঠোর হাতে তা করতে না পারলে মৃত্যুর এ মিছিল বন্ধ করা সম্ভব হবে না।