‘দু কথা বলো যদি “প্রিয়” বা “প্রিয়তম”, তাহে তো কণা মধু ফুরাবে না’—রবীন্দ্রনাথ ঠাকুরপ্রায় সব কাগজে এবং সব টেলিভিশনের খবরে এই বিষয়টা এসেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া একই অনুষ্ঠানে গেলেন, কিন্তু তাঁদের দেখা হলো না। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে দুজনেই গিয়েছিলেন, কেন তাঁরা সৌজন্য বিনিময় করলেন না, এই নিয়ে কাগজে ও টেলিভিশনে টক-মিষ্টি কথা চালাচালি হচ্ছে। একটা মত শুনলাম, টেলিভিশনে আওয়ামী লীগের এক তরুণ নেতা বলছেন, তিনি ব্যাপারটাকে এত সরল করে দেখেন না। ধরা যাক, শেখ হাসিনা ও খালেদা জিয়ার দেখা হলো, তাঁরা হাসি ও সালাম বিনিময় করলেন, কুশল বিনিময় হলো, পাশাপাশি দাঁড়িয়ে ছবির জন্য পোজ দিলেন, তাতে কী ক্ষতি-বৃদ্ধি হতো বাংলাদেশের রাজনীতিতে?আওয়ামী লীগের তরুণ নেতার এই প্রশ্নটা আমাকে ভাবাচ্ছে! সত্যিই কি কিছু এসে যেত? নাকি কিছুই আসে-যায় না?পাশাপাশি আরেকটা প্রসঙ্গ মাথার মধ্যে কিলবিল করছে, যেটা প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী সংখ্যায় (২৩ নভেম্বর, ২০১২) ওয়াহিদউদ্দিন মাহমুদের প্রবন্ধ ‘বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র নয় কেন?’ থেকে মাথায় এসেছে। তিনি বলছেন, ব্যর্থ রাষ্ট্রের একটা উপাদান আমাদের দেশে অনুপস্থিত। তাহলো, ‘বহিঃশক্তির হস্তক্ষেপ কিংবা অভ্যন্তরীণ বিরোধের কারণে সৃষ্ট সশস্ত্র সংঘাত।’ যাক বাবা, বাঁচা গেল। কিন্তু তাঁর প্রবন্ধ থেকেই জানছি, ফরেন পলিসি সাময়িকী যে ১২টি সূচক দিয়ে ব্যর্থ রাষ্ট্রের তালিকা তৈরি করে, তার একটি হলো, ‘বিবদমান গোষ্ঠীর অসন্তোষ ও প্রতিশোধস্পৃহা। অন্য সব সূচকের তুলনায় এই বিশেষ সূচকটিতেই বাংলাদেশের অবস্থান সবচেয়ে ঝুঁকিপূর্ণ—অনেকটাই সংঘাতপূর্ণ দেশগুলোর সমপর্যায়ে।’ আফ্রিকার অনেক দেশে জাতিগত বা গোষ্ঠীগত দ্বন্দ্ব আছে, দুটো আলাদা জাতি বা গোষ্ঠী নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য সশস্ত্র লড়াইয়ে অবতীর্ণ হয় এবং রাষ্ট্রকে ব্যর্থতার চোরাবালিতে তলিয়ে দিতে থাকে। বাংলাদেশে রাজনৈতিক সংঘাতটা এত তীব্র, এত অনিরাময়যোগ্য হয়ে উঠল কেন? হয়তো একই বাড়ির দুই ছেলে, রাতে একই বিছানায় এসে ঘুমায়, একজন আওয়ামী লীগ করে, আরেকজন বিএনপি, তাদের বাবা এক, হাঁড়ি এক, ধর্ম এক, নৃ-গোষ্ঠীগত পরিচয় এক, তারপরও তারা কেন কেউ কারও মুখ দেখতে চায় না? রাস্তায় যখন মারামারি বাধে, তখন একজনকে পেটাতে বা কোপাতে আরেকজনের হাত কাঁপে না? ওয়াহিদউদ্দিন মাহমুদ লিখেছেন, ‘অস্ত্রধারীদের আধিপত্যের নিরিখে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোকে মাঝেমধ্যে একেকটি সোমালিয়া বলে মনে হতেই পারে।’ সেখানে বিএনপি-আওয়ামী লীগ বা জামায়াতের দ্বন্দ্ব আছে। কিন্তু কী ব্যাখ্যা দেবেন, যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা দল বেঁধে কাজী নজরুল ইসলাম কলেজের ছেলেদের ওপর চড়াও হয়, ক্যাম্পাসে আগুন ধরিয়ে দেয়। এটা কোন দ্বন্দ্ব? কিছুদিন আগে টেলিভিশনের পর্দায় একটা যুদ্ধ দেখলাম, ময়মনসিংহ এলাকার গ্রামের দৃশ্য। দুটো গ্রামের লোকজন ধানখেতের মধ্যে যুদ্ধে লিপ্ত হয়েছে, দুই পক্ষেই হাজার হাজার মানুষ, তাদের হাতে যা কিছু আছে তা, মধ্যখানে কয়েকজন পুলিশ অসহায়ভাবে কাঁদানে গ্যাস ছুড়ছে। বাংলাদেশে সংঘাতে মাততে কোনো জাতিগত দ্বন্দ্ব লাগে? আমরা কলেজে কলেজে মারামারি করি, গ্রামে গ্রামে মারামারি করি, আর আমার রংপুর শহরে দেখেছি পাড়ায় পাড়ায় মারামারি লাগত, এক পাড়ার ছেলে আরেক পাড়ায় গেলেই ক্ষুর দিয়ে পিঠ কেটে দেওয়া হতো। আমার কাছে এসবের কোনো ব্যাখ্যা নেই, শুধু এতটুকুন বলতে পারি, আমরা এখনো যথেষ্ট সভ্য হইনি, আদিম সমাজের মধ্যে যে টোটেম প্রথা, সেইটা আমাদের রক্তের মধ্যে রয়ে গেছে, কাজেই আমরা বিভেদের জন্য অছিলা খুঁজতে থাকি, কোনো একটা সামান্য উপলক্ষ পেলেই আমরা দল বেঁধে লড়াইয়ে নেমে পড়তে পারি। এই দেশে রামুর মতো ঘটনা ঘটানো তাই খুবই সহজ। আমরা আসলে বারুদের স্তূপের ওপর বসে আছি।এখন আসি শেখ হাসিনা ও খালেদা জিয়ার কুশল বিনিময় প্রসঙ্গে। অন্য আর সবার মতো আমিও এই কথা বলে এসেছি যে বাংলাদেশে দুই বড় দল আওয়ামী লীগ ও বিএনপিই এই দেশের প্রধান দুটো ধারা, জগৎ সব সময়ই দুই চাকায় চলতে পছন্দ করে। এই রকম দুটো দল যুক্তরাষ্ট্রে আছে, যুক্তরাজ্যে আছে, বাংলাদেশেও আছে। এদের মধ্যে আদর্শগত পার্থক্য আছে, জন্মের ইতিহাসের পার্থক্য আছে। কিন্তু সেই পার্থক্য কমেও আসছে। গত কয়েক দিনে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় পরিবর্তনের আভাস দেখা দিয়েছে। খালেদা জিয়া ভারত সফর করে এসেছেন। তিনি বলেছেন, ভারতের বিরুদ্ধে বাংলাদেশে কোনো তৎপরতা তিনিও চলতে দেবেন না। তিনি রামু সফর করেছেন। আওয়ামী লীগকে অভিযুক্ত করেছেন ধর্মনিরপেক্ষতার কথা মুখে বলে কার্যক্ষেত্রে তার বিপরীত কাজ করার জন্য। তিনি একটা নির্দেশও পার্টির কর্মীদের মধ্যে জারি করেছেন, তাহলো, বিএনপির কর্মীরা যেন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থাকে, তাদের পক্ষে থাকে। এবং আরেকটা কথাও শোনা যাচ্ছে, বিএনপি বলে আবার বলে না যে যুদ্ধাপরাধীদের প্রকৃত অপরাধের দায় বিএনপি নেবে না। যদি সত্যি সত্যি বিএনপি এই তিনটা ক্ষেত্রে তাদের নীতির এই উদারীকরণ ঘটাতে পারে, তাহলে আমি বলব, তিনটা ছোট্ট পদক্ষেপ, কিন্তু বাংলাদেশের জাতীয় রাজনীতির ক্ষেত্রে এক বিশাল ঐতিহাসিক অগ্রগতি। তাহলে বিএনপি আর আওয়ামী লীগের পার্থক্য কোথায়? দুই দলই বিশ্বাস করে মুক্তবাজার অর্থনীতিতে, বহুদলীয় গণতন্ত্রে। দুই দলই প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রেখে জাতীয় স্বার্থ রক্ষা করতে চায়। দুই দলই অসামপ্রদায়িকতার কথা বলে। তাদের আদর্শ এক। আর তারা দেখতেও এক। তাদের ভাষা এক। তাদের নৃতাত্ত্বিক পরিচয় এক। তারা এতই এক যে নির্বাচনের আগে তারা বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আবার আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিতে পারে, যদি মনোনয়ন পাওয়া যায়। তাহলে এত মারামারি কী নিয়ে?শেখ হাসিনা আর খালেদা জিয়ার হাসি বিনিময় ও মোলাকাতের মধ্যে একটা বাস্তব কাঁটাতারের বেড়া আছে। আর তাহলো একুশে আগস্ট গ্রেনেড হামলা। আমার মনে হয়, শেখ হাসিনা বিশ্বাস করেন, একুশে আগস্টে গ্রেনেড হামলার জন্য তৎকালীন সরকার বা ক্ষমতাকেন্দ্র দায়ী। যাঁরা আপনাকে হত্যা করার জন্য গ্রেনেড নিক্ষেপ করে ফেলেছেন, তাঁদের সঙ্গে বা তাঁদের নেতার সঙ্গে আপনি হাসিমুখে কথা বলবেন কী করে? হয়তো শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য অংশত জিয়াউর রহমানকে দায়ী ভাবেন। এবং খালেদা জিয়া হয়তো জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পেছনে হুসেইন মুহম্মদ এরশাদের ভূমিকা আছে বলে মনে করেন। যে কারণে শেখ হাসিনা কোনো দিনও বিএনপিকে মেনে নিতে পারেননি আর এরশাদ সাহেবের সঙ্গে বিএনপির মিলন হতে হতেও হয় না।কিন্তু ওপরতলার এই দ্বন্দ্ব মাঠে-ঘাটে, পথে-প্রান্তরে এভাবে ছড়িয়ে গেল কেন? এই রকম দ্বন্দ্ব নিয়ে কি একটা জাতি এগোতে পারে? আর এই দ্বন্দ্ব যখন হরতাল-ভাঙচুরে রূপ নিয়ে জনজীবনকে প্রত্যক্ষভাবে ব্যাহত করে, অর্থনৈতিক কর্মকাণ্ডকে স্থবির করে, তখন সেটা থেকে বেরিয়ে আসার উপায় কি আমাদের অন্বেষণ করতে হবে না?আমাদের সংঘাতমুখর রাজনীতিতে আরেকটা সংঘাত এসে রক্তক্ষয় ঘটাতে শুরু করেছে। তাহলো জামায়াত-শিবিরের কর্মকাণ্ড। যুদ্ধাপরাধের বিচারের কাজ যতই এগোচ্ছে, জামায়াত-শিবির ততই যুদ্ধংদেহী হয়ে উঠেছে। সরকার ভবিষ্যতে এটা কীভাবে সামলাবে? এই দ্বন্দ্বকে খবরের কাগজের শিরোনাম করে রাখতে পারলে শেয়ার মার্কেট কিংবা হল-মার্ক কেলেঙ্কারি বা পদ্মা সেতু দুর্নীতির প্রসঙ্গ চাপা পড়ে যাবে, নীতিনির্ধারকদের মাথায় কি এ ধরনের সর্বনাশা চিন্তা উঁকি দেয়? তাহলে এর চেয়ে বড় ভুল আর কিছুই হবে না। কারণ, দেশের মানুষ সবার আগে চায় শান্তি। সরকারকে অবশ্যই নিরাপত্তার আশ্বাসে জনগণকে আশ্বস্ত করতে হবে। রাস্তায় রাস্তায় মারামারি হবে, পুলিশ মার খাবে, আর জনগণ সরকারের প্রতি সহানুভূতিশীল হয়ে পড়বে, এই অঙ্ক যদি কেউ করে থাকেন, তাহলে ভুল করবেন।যুদ্ধাপরাধের বিচার হোক, এটা জনগণের দাবি। আর দেশে শান্তিও প্রতিষ্ঠিত থাকুক, এটা জনগণের অন্তরের চাওয়া, সব দেশের সব জনগণের চিরকালের মৌলিক চাওয়া। সেটা সরকারকে দিতে হবে।আর সে জন্যই কৌশলের অংশ হিসেবে হলেও শেখ হাসিনা ও খালেদা জিয়ার কুশল বিনিময় করা দরকার। দেশের মানুষের মধ্যে এত সংঘাত ভালো নয়! রাস্তায় মারামারি করে বিএনপি-আওয়ামী লীগ ক্ষমতার দ্বন্দ্বের মীমাংসা করে ফেলবে, এই রকম তো হবে না। আর আমরা উভয় দলের মধ্যে তো একটা বিষয়ে মতৈক্য দেখি; লুটপাট, স্বজনপ্রীতি, দলীয়করণ, দেশের টাকা বাইরে পাচার ইত্যাদি বিষয়ে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, বরং প্রতিযোগিতা আছে, কে কত বেশি করে দেখাতে পারে। কিন্তু হওয়া উচিত এর উল্টো। উভয় পক্ষই যদি লোভের ঊর্ধ্বে উঠত পারত, সবকিছুকে কুক্ষিগত করার নীতি বর্জন করতে পারত, বিরোধী দল ও মত দমন না করত, তাহলে ক্ষমতা হারানোর ক্ষতিটা সহনীয় পর্যায়ে থাকত, ক্ষমতার জন্য দলগুলো এই রকম মরিয়া হয়ে উঠত না। আমরা জানি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কত সৌজন্য দেখাতেন। তাদের পরিবারের খোঁজখবর নিতেন, পরিবারগুলোকে সাহায্যও করতেন। আমাদের রাজনীতিতে একটা সময় পর্যন্ত ভদ্রতা, সৌজন্য, নাগরিক সুরুচির ব্যাপারটা ভালোভাবেই বলবৎ ছিল। দিন দিন আমরা খারাপের দিকেই যাচ্ছি।কিন্তু আমাদের আসলে ঐক্যের সূত্রগুলোই খুঁজতে হবে, ঐক্যের জমিন নির্মাণ করতে হবে। প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দিতে পারলেই জাতীয় মতৈক্য প্রতিষ্ঠিত হবে—এই কৌশল কেবল ভুলই নয়, আত্মঘাতী ও দেশধ্বংসী। বাংলাদেশের মানুষ কাউকেই চিরকালের জন্য ক্ষমতার মৌরসি পাট্টা দিয়ে দিতে চায় না।দুটো বিবদমান দলের মধ্যে আদর্শগত পার্থক্য এখন কম। এখন দরকার মানুষকে সেবা দেওয়া, ঘোষিত অঙ্গীকারগুলো পূরণ করা। মানুষের জীবনযাপনের মান উন্নত করা। সুশাসন দেওয়া। দুর্নীতি না করা। মানুষকে শান্তিতে ঘুমোতে দেওয়া। দ্বন্দ্বের বদলে শান্তির জমিন রচনা করা। তা করার জন্য যেকোনো উপলক্ষকেই কাজে লাগানো উচিত, আর তা যদি হাসিনা-খালেদার করমর্দন ও হাসি বিনিময়ও হয়, হতে পারে।কিন্তু অন্য অনেক ক্ষেত্রের মতো এখানেও আমাদের প্রত্যাশা অপূর্ণই থেকে গেল!আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।