দুঃসাহসী সেই গেরিলা অপারেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই নম্বর সেক্টরের ট্রেনিং ক্যাম্প মেলাঘরে গেরিলা ট্রেনিং শেষে আমাকে একটি গেরিলা গ্রুপের কমান্ডার করে ঢাকায় পাঠানো হয়। এই গ্রুপে আগরতলা থেকে ট্রেনিং নিয়ে আসা যোদ্ধা ছিল ৪০ জন। এখানে এসে আরও ২৫ জন রিক্রুট করি। পথে পথে ওত পেতে থাকা পাকিস্তানি সেনাদের চোখ ফাঁকি দিয়ে পৌঁছে দেখি, ঢাকা প্রায় ফাঁকা। পাকিস্তানি বাহিনীর নির্যাতন থেকে রক্ষা পেতে বেশির ভাগ মানুষ গ্রামের দিকে চলে গেছে। আমাদের আগেও কয়েকটি গ্রুপকে গেরিলা অপারেশনের জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। তাঁদের কেউ কেউ পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়েছিলেন। অপারেশন শুরু করার আগে আমরা আগের গ্রুপগুলোর নানা ত্রুটি-বিচ্যুতি নিয়ে গভীরভাবে পর্যালোচনা করি। প্রথমেই আমার কমান্ডের ৪০ জন মুক্তিযোদ্ধাকে ২০ জন করে দুটি সাব-কমান্ডে ভাগ করি। একটি গ্রুপের নেতৃত্ব বর্তায় জনপ্রিয় পপগায়ক আজম খানের ওপর, অপরটির নেতৃত্বে ছিল মোহাম্মদ শামসুল হুদা। অন্য ৩৭ জন সহযোদ্ধার মধ্যে ছিল: ইকবাল সুফি, আসলাম লস্কর, কাজী মোহাম্মদ হেদায়েত উল্লাহ (বর্তমানে ব্যাংক কর্মকর্তা), মোহাম্মদ শফি, খুরশিদ (চট্টগ্রাম), খুরশিদ (টাঙ্গাইল) আবদুল মতিন, আবু তাহের, মোহাম্মদ বাশার, খন্দকার আবু জায়িদ জিন্নাহ, ফরহাদ জামিল ফুয়াদ, ড. নিজাম, জাহেদ, নান্টু, মাসুদ, রুপিন, হারুন, মাহফুজ, রুহুল আমিন, কচিসহ অনেকে। আমরা ঠিক করি, এমন কয়েকটি বিস্ফোরণ ঘটাব, যাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং পাকিস্তানিদের মনোবলে চিড় ধরে। তখন পাকিস্তানি শাসকেরা বাংলাদেশে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে বলে দেশে-বিদেশে ব্যাপক প্রচার চালাচ্ছিল। আমরা সংকল্প করলাম, বড় কয়েকটি বিস্ফোরণ ঘটিয়ে তাদের প্রচারণার অসত্যতা বিশ্ববাসীর সামনে তুলে ধরব।আমরা এবং ঢাকায় যুদ্ধরত অন্য গ্রুপগুলো একের পর এক আক্রমণে তটস্থ করে তুলেছিলাম পাকিস্তানি বাহিনীকে। দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধারা শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। তবু পাকিস্তানিদের মিথ্যা প্রচারণা চলছিল। তখন সিনেমা হলগুলোতে ‘শো’য়ের আগে ‘চিত্রে পাকিস্তানি খবর’ শিরোনামে ডকুমেন্টারি দেখানো হতো। এতে হানাদাররা প্রমাণ করতে চাইত যে তৎকালীন পূর্ব পাকিস্তানের (বাংলাদেশের) পরিস্থিতি স্বাভাবিক। ডিএফপিতে এই ডকুমেন্টারিগুলো তৈরি হতো। একদিন বায়তুল মোকাররম মার্কেটের কাছ দিয়ে যাওয়ার সময় দেখি, ‘চিত্রে পাকিস্তানি খবর’ তথ্যচিত্রের শুটিং হচ্ছে, তাতে লোক ভাড়া করে এনে মার্কেটে কেনাকাটা করছে নারী-পুরুষ এমন চিত্র ধারণ করা হচ্ছে। সিদ্ধান্ত নিলাম, ডিএফপি উড়িয়ে দেব। শান্তিনগরের সেন্সর বোর্ডের বর্তমান অফিসই ছিল ডিএফপি অফিস। ডিএফপির তখনকার চিফ ক্যামেরাম্যানের সঙ্গে গিয়ে সহযোদ্ধা নান্টু ভাই পুরো অফিসের হালহকিকত দেখে আসেন। এ ভবন কী পরিমাণ বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া যাবে, সে বিষয় পরামর্শ দিলেন সঙ্গী মুক্তিযোদ্ধা ইকবাল আহম্মেদ সুফির বাবা প্রকৌশলী এস পি আহম্মেদ। উল্লেখ্য, যখনই আমাদের প্রয়োজন হয়েছে, এসপি আহমেদ তাঁর গাড়ি ও টাকা দিয়ে আমাদের সহায়তা করেছেন। তাঁর মালিবাগের বাসা মুক্তিযোদ্ধাদের ঢাকার অলিখিত সদর দপ্তর হয়ে উঠেছিল।আমি, সুফি ও লস্কর ২০ পাউন্ড বিস্ফোরক ব্যাগ ভর্তি করে নিয়ে ডিএফপির দারোয়ানকে বললাম, এক সাহেবের কিছু মালামাল এতে আছে। সেদিন অর্ধবেলা অফিস ছিল বিধায় দারোয়ান ছাড়া অন্য কেউ অফিসে ছিল না। রুমের মধ্য নিয়ে দারোয়ানকে অস্ত্র দেখিয়ে নিয়ন্ত্রণে নিয়ে আসি। তারপর তাকে বলি, ‘আমরা মুক্তিযোদ্ধা, বোমা বিস্ফোরণ ঘটিয়ে ভবন উড়িয়ে দেব।’ দারোয়ানের পরিবার ওই ভবনেই থাকত। তাকে স্ত্রী, শিশুসন্তান ও হাঁড়ি-পাতিল সরিয়ে নেওয়ার সুযোগ দিই। নিয়ম হলো, বিস্ফোরক যত চাপের মধ্যে থাকবে, তার ধ্বংসের ক্ষমতা তত বাড়বে। সে জন্য টার্গেট করা জায়গায় ওটা রেখে দুটি স্টিলের আলমারি দিয়ে চাপা দিই। এতে বিস্ফোরণটি এত বিকট হয়েছিল যে ডিএফপি ভবনের উত্তর দিকের অংশটি উড়ে গিয়েছিল। সেই ভবনসংলগ্ন ১০০ গজের মধ্যে থাকা অন্যান্য বাড়ির জানালার কাচ ভেঙে পড়ে যায়। অভিযান চালাতে আমরা রিকশায় করে গিয়েছিলাম ডিএফপিতে। দারোয়ান তার কাছে থাকা ডিএফপির একটি মাইক্রোবাসের চাবি আমাদের দেয়, সেটি চালিয়ে দ্রুত কেটে পড়ি। শহীদ মিনারসংলগ্ন মেডিকেলের গেটে গাড়ি রেখে গা ঢাকা দিই। এই বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে। স্বাধীন বাংলা বেতারকেন্দ্র, আকাশবাণী, বিবিসি, ভয়েস অব আমেরিকাসহ পৃথিবীর বহু প্রচারমাধ্যম বারবার গুরুত্ব দিয়ে প্রচার করে সে খবর। পাকিস্তানিদের মিথ্যা প্রচারণার স্বরূপ উপলব্ধি করতে সক্ষম হয় বিশ্ববাসী। যতটুকু মনে পড়ে, ডিএফপির অপারেশনটি আমরা চালিয়েছিলাম পবিত্র রমজানের শেষ শুক্রবার ইফতারের সময়। সঠিক দিন-তারিখ মনে না পড়লেও রমজান মাসে আরেকটি গুরুত্বপূর্ণ অপারেশন চালিয়েছিলাম তৎকালীন নির্বাচন কমিশন অফিসে। যেসব জাতীয় সংসদ সদস্য ও প্রাদেশিক পরিষদ সদস্যরা বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে মুক্তাঞ্চলে চলে গিয়েছিলেন, তাঁদের আসন শূন্য ঘোষণা করে সেগুলোতে উপনির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছিল কমিশনে। এটি ছিল রাজারবাগ পুলিশ লাইনসের উল্টো দিকে মোমেনবাগের দুটি ভাড়া করা বাড়িতে। নির্বাচন কমিশনের কর্মকর্তা কাশেম (বর্তমানে আমেরিকা প্রবাসী) আমাদের বিশেষ সহায়তা করেন। তাঁর আত্মীয় পরিচয় দিয়ে তিন দিন তিনি আমাকে ওই অফিসে নিয়ে যায়। সবকিছু ঘুরে ঘুরে দেখে অপারেশনের পরিকল্পনা করি। অপারেশনের দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বলে রাস্তাঘাটে লোক কম ছিল। আমি, সুফি, লস্কর, হেদায়েত উল্লাহ, নান্টু ও বাশার তিনজন করে দুটি গ্রুপে বিভক্ত হয়ে দুই ভবনে বিস্ফোরক স্থাপন করি। এখানেও প্রথমেই অস্ত্র দেখিয়ে দারোয়ানদের আয়ত্তে আনি। তাদের কুপোকাত করে সবাইকে ভবন থেকে সরিয়ে দিই। বিস্ফোরণে একটি ভবনের একাংশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়। সফল এই অভিযানের আনন্দের মধ্যে অনাকাঙ্ক্ষিত এক মৃত্যু আমাদের মন ভারাক্রান্ত করে। আমাদের এমনকি সেখানে পাহারারত অন্য দারোয়ানদের অগোচরে একজন দারোয়ান চিলেকোঠায় ঘুমিয়ে ছিল। বিস্ফোরণে তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়, সেখানেই সে মৃত্যুবরণ করে।ট্রেনিংয়ের সময় আমাদের নির্দেশ দেওয়া হয়েছিল, ডায়েরি বা কোনো প্রমাণাদি সঙ্গে রাখা যাবে না। অন্য সব নির্দেশের মতোই এসবও আমরা যথাযথভাবে মেনে চলেছি, তাই কোনো ঘটনারই দিন-তারিখ সঠিকভাবে বলতে পারছি না। যুদ্ধের নয় মাসই আমাদের জীবনে প্রতিদিন এক বা একাধিক ঘটনা ঘটেছে। এমন সব জায়গায় আমরা সফল অপারেশন করেছি, যা আজও ভাবলে শরীর শিউরে ওঠে।  সাদেক হোসেন খোকা: মুুক্তিযোদ্ধা ও রাজনীতিক।