আজ থেকে এক বছর আগে পয়লা জুলাই দিবাগত রাতে এক নির্মম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই রাতে রাজধানীর সুরক্ষিত এলাকা বলে পরিচিত গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গিগোষ্ঠী হামলা চালিয়ে ২০ জন নিরীহ দেশি–বিদেশি মানুষকে হত্যা করে। এ ছাড়া জঙ্গিদের মোকাবিলা করতে গিয়ে দুজন পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছিলেন। প্রতিটি মৃত্যুই শোকের। কিন্তু জঙ্গিগোষ্ঠী সেদিন যে নৃশংসতা দেখিয়েছিল, তা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন।
হোলি আর্টিজান বেকারিতে জঙ্গিদের হাতে যেসব দেশি-বিদেশি নাগরিক জীবন দিয়েছেন, আমরা শ্রদ্ধাভরে তাঁদের স্মরণ করি। আর স্বজনদের জানাই সহমর্মিতা। সেদিন জঙ্গিদের বর্বরকাণ্ডে গোটা দেশ স্তম্ভিত হয়েছিল। আবার ফারাজ আইয়াজ হোসেনের আত্মত্যাগ আমাদের জন্য অনন্য উদাহরণ হয়ে থাকবে। জঙ্গিরা তাঁর পরিচয় জেনে ছেড়ে দিতে চাইলেও তিনি বন্ধুদের ফেলে যেতে রাজি হননি। নিঃশঙ্ক চিত্তে মৃত্যুকে আলিঙ্গন করেছেন।
হোলি আর্টিজান ট্র্যাজেডির পর দলমত-নির্বিশেষে সর্বস্তরের মানুষ যেভাবে প্রতিবাদমুখর হয়েছেন, জঙ্গিদের প্রতি ধিক্কার দিয়েছেন, তাতে নির্দ্বিধায় বলতে পারি, এই বেদনা কেবল নিহত ব্যক্তিদের স্বজনদের নয়, সমগ্র জাতির। সেদিন অনেকের কণ্ঠে উচ্চারিত বাক্যটি পুনরুল্লেখ করতে চাই, ‘এ দেশ জঙ্গিদের নয়, এ দেশ ফারাজদেরই।’
হোলি আর্টিজান বেকারির বেদনা বাংলাদেশের সীমা ছাড়িয়ে স্পর্শ করেছিল সুদূর ইতালি, জাপান ও প্রতিবেশী ভারতকেও—যেসব দেশের নাগরিকেরা সেই নৃশংসতার শিকার হন। ইতালি কিংবা জাপানে যখন এ ঘটনার বার্ষিকীতে নানা আয়োজন হচ্ছে, তখন বাংলাদেশ কীভাবে ভুলে যাবে আত্মদানকারীদের কথা?
সত্য যে হোলি আর্টিজানের ঘটনার পর বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে যে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছিল, তা অনেকটা কেটে গেছে। বিদেশি কূটনীতিক কিংবা নাগরিকদের চলাচলও স্বাভাবিক হয়েছে। সরকার তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রেখেছে। তাদের অভিযানে অনেক জঙ্গি মারা পড়েছে। অনেককে আটক করা সম্ভব হয়েছে। এটি সরকারের জঙ্গিবিরোধী অভিযানের সাফল্য হিসেবে চিহ্নিত হলেও আত্মতুষ্টির সুযোগ নেই।
একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে, জঙ্গি সমস্যাটি নিছক আইনশৃঙ্খলাজনিত নয়, এটি রাজনৈতিক ও বৈশ্বিক সমস্যা। কোনো একক দল বা দেশের পক্ষে এর সমাধান সম্ভব নয়। তাই জঙ্গিগোষ্ঠীকে পুরোপুরি অস্তিত্বহীন করতে যেমন বহির্বিশ্বের সহযোগিতা নিতে হবে, তেমনি গড়ে তুলতে হবে জাতীয় ঐকমত্য।
পরিতাপের বিষয়, এ ব্যাপারে অগ্রগতি নেই বললেই চলে। সরকার জনগণকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেও তাদের কর্মপরিকল্পনায় তার প্রতিফলন লক্ষ করা যায় না। অন্যদিকে বিরোধী দল জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার কথা বললেও নিজেদের অতীত ভূমিকার পুনর্মূল্যায়নে অনিচ্ছুক।
সংশ্লিষ্ট সবার জেনে রাখা উচিত যে, শুধু বল প্রয়োগ করে জঙ্গিগোষ্ঠীকে নিশ্চিহ্ন করা যাবে না। যে রাজনৈতিক দর্শন মানুষকে জঙ্গিবাদী করে, সেই দর্শনকে পরাস্ত করতে হবে। এ জন্য চাই সামাজিক জাগরণ। সরকার উগ্রপন্থা থেকে মুক্তকরণের যে কর্মসূচি নিয়েছে, তাতে সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করা আবশ্যক। এ ক্ষেত্রে বিক্ষিপ্ত কিংবা দলীয় দৃষ্টিভঙ্গিপ্রসূত কোনো উদ্যোগ সুফল দেবে না।
সরকারের দাবি, দেশে আইএস নেই, যারা হোলি আর্টিজানে হামলা করেছে তারা সব ‘হোম গ্রোন’ বা দেশীয় জঙ্গি। আবার দেশি-বিদেশি অনেক বিশেষজ্ঞের মতে, আইএস-ই এ হামলা চালিয়েছে। এই বিতর্কে না গিয়েও আমরা যে কথাটি বলতে চাই তা হলো, জঙ্গি দেশীয় হোক বা আইএস হোক, তাদের উদ্দেশ্য ও আদর্শ অভিন্ন। তাই এই অপশক্তির বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে শেষ জঙ্গিটি নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত।
স্বরাষ্ট্রমন্ত্রী হোলি আর্টিজান হত্যা মামলার ‘নির্ভুল’ অভিযোগপত্র শিগগিরই দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। কোনো অপরাধের তদন্তকাজ শেষ করার জন্য এক বছর কম সময় নয়। তাই আমাদের দাবি, অবিলম্বে অভিযোগপত্র দেওয়া হোক। সেই সঙ্গে সরকারের কর্তব্য হবে এ রকম একটি স্পর্শকাতর ও নৃশংস ঘটনার সমুদয় তথ্য জনসমক্ষে প্রকাশ করা।
২০১৬ সালে হোলি আর্টিজানের রাতটি ছিল দুঃস্বপ্ন আর বেদনায় ভরা। সেই দুঃস্বপ্নের পুনরাবৃত্তি কোনোভাবেই কাম্য নয়। প্রতিবছর ১ জুলাই আসবে। কিন্তু হোলি আর্টিজানের মতো নৃশংস ঘটনা আর কখনো ঘটবে না, সেদিনের আত্মদান বাংলাদেশকে পথ দেখাবে, এটাই প্রত্যাশা।