দুই চোখ উপড়ানো: মানবাধিকার কমিশনের তদন্ত করা উচিত
খুলনার খালিশপুরে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে একজন কথিত ছিনতাইকারীর দুই চোখ স্ক্রু দিয়ে উপড়ানোর অভিযোগটি মানবাধিকার কমিশনের উচিত হবে তদন্ত করা। পুলিশ বিভাগের সদস্যদের দিয়ে তদন্ত করালে এর বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ থাকবে।
খালিশপুরে পুলিশের কর্তাব্যক্তিরা অতি উৎসাহের সঙ্গে প্রমাণের চেষ্টা করছেন যে সন্দেহভাজন ছিনতাইকারী হিসেবে জনতার হাতে অভিযুক্ত ব্যক্তি ধরা পড়েছেন এবং জনতাই তাঁর চোখ তুলে নিয়ে পুলিশে সোপর্দ করেছে। অথচ এই দুটি ঘটনাই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নত অবস্থার নির্দেশক নয়। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বেশ কিছু ফৌজদারি মামলা রয়েছে বলে পুলিশ বলেছে। এ অবস্থায় তিনি যে সমাজে অবাধে বিচরণ করে বেড়াচ্ছিলেন, সেটাও আইনের শাসনের দিক থেকে কারও সাফল্যের স্বাক্ষর বহন করে না।
পুলিশ না হয়ে যদি জনতাই চোখ তুলে নিয়ে থাকে, তাহলে তো প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে কাঠগড়ায় দাঁড় করাতে পুলিশের বিব্রতবোধ করার কিছু থাকে না। বরং আমরা দেখছি, সেদিকে পুলিশের কোনো তোড়জোড় নেই। খালিশপুর থানার ওসি শনিবার প্রশ্নের জবাবে বলেছেন, পুলিশি তদন্তে প্রমাণিত যে জনতাই চোখ তুলেছে। কিন্তু সেই জনতা কারা, তাদের কারও পরিচয় তদন্ত কমিটি বের করতে পারেনি। তারা সে চেষ্টা আদৌ করেছে বলে বিশ্বাস করার কারণ নেই। ওসি স্বীকার করেন, চোখ তুলে নেওয়া একটি অপরাধ। সে কারণে ৪০-৫০ জনকে আসামি করে একটি মামলাও হয়েছে। তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। চোখ তুলে নেওয়ার ঘটনা ঘটে গত ১৮ জুলাই। আহত ব্যক্তি প্রায় তিন মাস পর কিছুটা সুস্থ হয়ে ফিরে ১৫ অক্টোবর সংবাদ সম্মেলনে তাঁর চোখ তোলার জন্য পুলিশকে দায়ী করেন। এর ফল দাঁড়িয়েছে এই, এর বিচার দূরে থাক, গোটা পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
উপরন্তু, এত দিন কিছু হলো না, অথচ সংবাদ সম্মেলনে পুলিশের বিরুদ্ধে মুখ খোলার ৭২ ঘণ্টা না যেতেই দুই অস্ত্রধারী পুলিশের প্রহরায় কতিপয় নারী গিয়ে ওই পরিবারের ওপর চড়াও হলেন। ভুক্তভোগী পরিবারটির দাবি, এটা পুলিশের ইন্ধনে স্থানীয় মহিলা আওয়ামী লীগের একটি গ্রুপ করেছে। প্রশ্নের উত্তরে ওসি বলেছেন, ওটা পাওনা অর্থ আদায়ের মতো কোনো ঘটনার জের হতে পারে!
মানবাধিকারের গুরুতর লঙ্ঘনের এ ঘটনার কোনো গ্রহণযোগ্য তদন্ত পুলিশ দিয়ে হওয়ার নয়। সুতরাং, মানবাধিকার কমিশনের উচিত হবে দেশবাসীকে প্রকৃত তথ্য অবহিত করা। যারা চোখ তুলেছে, তাদের পরিচয় যা-ই হোক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কাম্য। আর এখানে ভুক্তভোগীর অভিযোগ তো খোদ পুলিশেরই িবরুদ্ধে।