দুই ছাত্রী ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু থেকে থানা-পুলিশের ভূমিকা ছিল খুবই বিতর্কিত। প্রথমে বনানী থানা মামলাই নিতে চায়নি। এ থেকে ধারণা করা অস্বাভাবিক নয় যে অভিযুক্ত ব্যক্তিরা ধনবান ও প্রভাবশালী বলেই আইনকে তাঁরা ভিন্ন পথে পরিচালিত করার হীন প্রয়াস নিয়েছিলেন। প্রশ্ন হলো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কী হবে? তারা কি অপরাধী কিংবা তাঁদের স্বজনদের দম্ভের কাছে নতি স্বীকার করবে? যদি তারা সেটি করতে না চায়, তাহলে তাদের কর্তব্য হবে অন্য অপরাধীদের ধরে বিচারের পথ উন্মুক্ত করা।

বনানীর রেইনট্রি হোটেলে দুই ছাত্রীর ধর্ষণের অভিযোগ এতই রোমহর্ষক যে অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ এককাট্টা হয়েছেন। আন্দোলন করছেন। আটক দুই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের পাশাপাশি প্রধান অভিযুক্ত শাফাত আহমেদের বাবা দিলদার আহমেদের মালিকানাধীন আপন জুয়েলার্সে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযান চালানো হয়েছে ঘটনাস্থল রেইনট্রি হোটেলেও।

ঘটনার পর থেকে এই হোটেল কর্তৃপক্ষ যে আচরণ করে আসছে তাতে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে তাদের যোগসাজশের বিষয়টি টের পাওয়া যায়। অপরাধীরা যত ক্ষমতাবানই হোক না কেন, তাঁরা আইনের ঊর্ধ্বে নন। প্রধান অভিযুক্ত শাফাতের বাবা ‘প্রশাসন তাঁর কিছুই করতে পারবে না’ বলে যে দম্ভোক্তি করেছেন, তা  সরাসরি আইনের প্রতি চ্যালেঞ্জ। তিনি অন্যায় না করলে প্রশাসনের কিছু করার প্রশ্ন ওঠে না। আর অন্যায় করে থাকলে আইন নিজস্ব গতিতেই চলবে।

দুই ছাত্রী ধর্ষণের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের শাস্তির আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর এই কথায় তখনই আশ্বস্ত হওয়া যাবে, যখন শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। অপরাধের সুষ্ঠু তদন্ত ও বিচার হবে। অন্যথায় স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস ব্যর্থ পরিহাস হয়ে থাকবে, যা কারও কাম্য নয়।

এই ঘটনায় অপরাধ সংঘটনের পাশাপাশি অভিযুক্ত কিংবা তাঁদের স্বজনদের কাছ থেকে দম্ভ প্রকাশিত হয়েছে। সেই দম্ভের কাছে আইন হার মানতে পারে না। অপরাধীদের দম্ভ চূর্ণ হোক।