ঢাকার দুটি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর দায়ের করা একটি ধর্ষণ মামলার অভিযুক্ত ব্যক্তিরা প্রভাবশালী হওয়ার কারণে গ্রেপ্তার এড়িয়ে থাকতে পারছেন বলে প্রতীয়মান হচ্ছে। ধর্ষণের দায়ে কারও নাম এজাহারভুক্ত হলেই তিনি দোষী হয়ে যান না। কিন্তু আইনের চোখে অভিযুক্ত ব্যক্তিরা সন্দেহভাজন এবং আদালতে িনর্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত আইনগত তদন্ত ও বিচারকাজ ভালোভাবে সম্পন্ন হওয়া প্রয়োজন।
অভিযোগ উঠেছে, গত ২৮ মার্চ রেইন ট্রি হোটেলে এক জন্মদিনের পার্টিতে কথিত ধর্ষণের ঘটনা ঘটে। এক মাস বিলম্বে এই মামলা দায়ের করতে গেলে পুলিশ ৪৮ ঘণ্টা বিলম্বে এজাহার গ্রহণ করে। সরকারিভাবে এই বিলম্বের বা কথিত পুলিশি অসদাচরণের উপযুক্ত কোনো কারণ এ পর্যন্ত দর্শানো হয়েছে বলে জানা যায় না।
ধর্ষণ ও তার ভিডিও ধারণ সত্যিই ঘটেছে কি ঘটেনি, সে বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবেন। কিন্তু ধর্ষণের মতো একটি গুরুতর অভিযোগে এজাহার দায়েরে ৪৮ ঘণ্টার পুলিশি হয়রানি ও অসহযোগিতার ঘটনা একটি ফৌজদারি অপরাধ। মামলা নেওয়ার পরও অভিযুক্ত ব্যক্তিদের ধরতে পুলিশের গড়িমসি ছিল লক্ষণীয়। এক নম্বর আসামি শাফাত আহমেদের বাবা দিলদার আহমেদ বলে আসছেন যে তঁার অভিযুক্ত ছেলে বাড়িতেই আছেন কিন্তু ‘প্রমাণ’ না পেলে পুলিশ তাঁকে ধরবে কীভাবে। কিন্তু মামলার তিন দিন পর যখন অভিযান চালানো হলো, তখন তাঁকে বাসায় পাওয়া যায়নি। এসব কারণে জনগণের মনে এই সন্দেহ প্রবল হয়ে উঠছে যে অভিযোগকারীরা শেষ পর্যন্ত সত্যিই ন্যায়বিচার লাভ করবেন কি করবেন না?
ধর্ষণের অভিযোগ এমনিতেই গুরুতর। দুই ছাত্রীর তরফে আরও যেসব অভিযোগ করা হয়েছে, তাতে তাঁদের চরম অসহায়ত্বের দিক ফুটে উঠেছে। তাঁদের অভিযোগ, তাঁরা শুধু ধর্ষণের শিকারই হননি, সে ঘটনার ভিডিও করা হয়েছে এবং পরে সেগুলো ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা ধনাঢ্য ও প্রভাবশালী হওয়ায় ওই ছাত্রীরা নানা হুমকি ও হয়রানির শিকার হচ্ছিলেন।
এখন পুলিশ কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে এটা প্রমাণ করা যে অভিযুক্ত ব্যক্তিরা প্রভাবশালী বলে ছাড় দেওয়া হচ্ছে না। একই সঙ্গে এজাহার নিতে অস্বীকৃতি এবং ডাক্তারি পরীক্ষার নামে ভিকটিমদের ঘণ্টার পর ঘণ্টা থানায় অপমানজনকভাবে বসিয়ে রাখা ও ২৫ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগেরও সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ জরুরি।
আমরা মামলার যথাযথ তদন্ত, অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি দেখতে চাই।