দুই নগরীর নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা ও গাজীপুরের সিটি করপোরেশন নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই মাঠ সমতল রাখতে নির্বাচন কমিশনের অসামর্থ্য স্পষ্ট হচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। গাজীপুর ও খুলনায় নির্বাচনী প্রচারাভিযান শুরু হওয়ার পর একটি অভিন্ন তরিকার পুলিশি অভিযান বিরাট প্রশ্নের জন্ম দিয়েছে।

দুই নগরীতেই যাঁরা আওয়ামী লীগের প্রার্থীদের রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে এলাকাবাসীর কাছে সুপরিচিত, পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে। উভয় নগরীর প্রচারপর্বের আরেকটি অভিন্ন বৈশিষ্ট্য হলো, যাঁরা ক্ষমতাসীন দলের ছত্রচ্ছায়ায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, তাঁদের এমন কোনো পরিস্থিতির মুখোমুখি না হওয়া। গাজীপুরে জামায়াতের নায়েবে আমির বিএনপির পক্ষে তাঁর প্রার্থিতা প্রত্যাহারের প্রেক্ষাপটে পুলিশ গত সপ্তাহে তাঁকেসহ জামায়াতের ৪৫ জনকে এবং গত বুধবার এক রাতে খুলনায় বিএনপির মেয়র প্রার্থীর প্রচারণা দলের দুজন গুরুত্বপূর্ণ নেতাসহ ১৯ জনকে গ্রেপ্তার করে কারাগারে পুরেছে। আগে দায়ের করা কোনো ফৌজদারি মামলার আসামি হিসেবে ধরা হলেও পুলিশ তাঁদের আটক করতে যে একটি বিশেষ সময় বেছে নিয়েছে, তা তো অস্বীকার করা যাবে না। আর এখানেই নির্বাচন কমিশনের যথা হস্তক্ষেপের দিকটি আর উপেক্ষণীয় বিষয় থাকে না। কারণ, এ ধরনের পাইকারি গ্রেপ্তারের একটা বার্তা আছে, সেটা যে সমাজে ছড়িয়ে পড়ে, সেটা একটি ভালো নির্বাচন করার পরিবেশের জন্য অনুকূল বলে বিবেচ্য হতে পারে না।

বিএনপি আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে খুলনার পুলিশ কমিশনার ও গাজীপুরের এসপিকে প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছে। তাদের দাবির যথার্থতা খতিয়ে দেখার একটা দায়সারা আশ্বাস সিইসির তরফে আমরা লক্ষ করেছি। কিন্তু এতে সন্দেহ সামান্য যে, জনপ্রশাসন ও ইসির কাছে দুই প্রধান দল সমানভাবে বিবেচ্য হচ্ছে না। ইসি যে মুখে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা স্বীকার করে, কিন্তু বাস্তবে তারা সেটা নিশ্চিত করতে পিছিয়ে থাকে, তার প্রমাণ আমরা এই নির্বাচনী পর্বেও লক্ষ করছি। 

তবে স্বস্তির বিষয়, এ পর্যন্ত দুই নগরীর প্রচারণাকে ঘিরে বড় ধরনের কোনো সংঘাত বা বিপর্যয়ের ঘটনা ঘটেনি। খুলনার ভোটারদের মধ্যে কিছুটা ভয়ভীতির সঞ্চার ঘটলেও গাজীপুরে এখনো উৎসবমুখর পরিবেশে বড় ধরনের ছন্দপতন ঘটেনি। খুলনায় বিএনপির প্রার্থী পুলিশি ধরপাকড়ের প্রতিবাদ জানাতে প্রায় পাঁচ ঘণ্টার জন্য নির্বাচনী প্রচারণা স্থগিত রাখলেও দ্রুত স্বাভাবিক প্রচারণায় ফিরে এসেছেন।

দলীয় সরকারের অধীনে একটি বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচন অনুষ্ঠানের মতো একটি মহোৎসব যে সামনে, সেটা সরকারকেই বেশি মনে রাখতে হবে। দুই নগরীতে যে অস্বাভাবিক পুলিশি ব্যবস্থা ঘটল, তার কলকাঠি নিশ্চয়ই সরকারই নাড়িয়েছে, যদিও তফসিল ঘোষণার পর পুলিশ ইসির নিয়ন্ত্রণে থাকারই কথা। এই দুটি সিটি নির্বাচনের পর ঈদের পরে জাতীয় নির্বাচনের আগে আরও দুটি বড় নগরীর সিটি নির্বাচনের দিকে সবারই নজর থাকবে। আর তাই মাঠ সমতল রাখতে ইসির ব্যর্থতা উদ্বেগজনক।